বাহুবলে ৪০০ ছাত্রছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চিত
বাহুবলে নিম্নমাধ্যমিক পর্যায়ে প্রায় ৪০০ ছাত্রছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলার নবপ্রতিষ্ঠিত চারটি বিদ্যালয়ে বিনা মূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ বলছে, স্টক সীমিত থাকায় একাডেমিক স্বীকৃতিবিহীন বিদ্যালয়গুলোয় এবার বই দেওয়া সম্ভব হয়নি।খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবলের বিভিন্ন অঞ্চলে স্থানীয় লোকজনের অর্থায়নে গত তিন-চার বছরে চারটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষাবোর্ড প্রণিত সব শর্ত পূরণ করতে না পারায় বিদ্যালয়গুলো একাডেমিক স্বীকৃতি না পেলেও বিগত বছরগুলোয় ছাত্র ভর্তি ও পাঠদান করেছে। বর্তমানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০০ ছাত্রছাত্রী লেখাপড়া করছে। এ বিদ্যালয়গুলো হলো পশ্চিম ভাদেশ্বর নিম্নমাধ্যমিক বিদ্যালয়, বাবনাকান্দি-চকহাবিজপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়, স্বস্তিপুর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় ও জগতপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়। সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়গুলোয় ছাত্রছাত্রীর উপস্থিতি কম। যারা বিদ্যালয়ে আসছে, তারা কিছুক্ষণ খেলাধুলা করেই বাড়ি ফিরে যাচ্ছে। কিছুক্ষণ পরপর একেকজন অভিভাবক এসে শিক্ষকদের সঙ্গে বই নিয়ে দেনদরবার করে সন্তানকে অন্য বিদ্যালয়ে ভর্তির হুমকি দিচ্ছেন। এ অবস্থায় চরম বেকায়দায় রয়েছেন এসব বিদ্যালয়ের প্রায় বিনা বেতনে কর্মরত শিক্ষকেরা।নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘গত বছর সরকারি মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই বিনা মূল্যে সরবরাহ করার ঘোষণা দেওয়ার পর পরই আমরা স্থানীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। পরে তাঁর পরামর্শমতো আমরা চাহিদাপত্রও জমা দিই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সবুজ সংকেত পেয়ে আমরা ছাত্রছাত্রীদের বই দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়ে ভর্তি করি। কিন্তু বছরের প্রথম মাস শেষ হয়ে গেলেও বিভিন্ন দপ্তরে দিনের পর দিন ধরনা দিয়েও বই পাচ্ছি না। অপর দিকে, সরকার মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই বাজারজাত না করায় ছাত্রছাত্রীরা বই কিনতেও পারছে না। এ অবস্থায় ওই সব ছাত্রছাত্রীর শিক্ষাজীবন এবং নবপ্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর ভবিষ্যত্ অনিশ্চয়তার মুখে পড়েছে।’এ ব্যাপারে খোঁজখবর নিতে গত ২৮ জানুয়ারি অফিসে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে অন্য কর্মরত ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, স্টক সীমিত থাকায় এ যাত্রায় ওই বিদ্যালয়গুলো বই পায়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাহিদাপত্র চেয়েছে, তা সংগ্রহ করে ওপরে পাঠানো হচ্ছে। পরে ওই সব বিদ্যালয়ে বই দেওয়া হতে পারে।