বাড়ছে খাদ্য ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। টান পড়ছে মানুষের পকেটে। খরচ বাঁচাতে মরিয়া সীমিত আয়ের মানুষ। এ জন্য বেছে নিচ্ছেন নানা কৌশল। উদ্বৃত্ত খাবার তুলে রাখেন ফ্রিজে। বিশেষজ্ঞরা বলছেন, এতে খাদ্যে বিষক্রিয়া বাড়ছে, বাড়ছে স্বাস্থ্যহানির ঝুঁকি। সম্প্রতি যুক্তরাজ্য-ভিত্তিক ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসএ) প্রায় দুই হাজার মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে এ তথ্য পাওয়ার কথা দাবি করে। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।সমীক্ষার ফলাফলের বরাত দিয়ে বিজ্ঞানী বলেন, প্রায় অর্ধেক মানুষ খরচ বাঁচাতে খাবার ফ্রিজে তুলে রাখছে। মেয়াদ অনুযায়ী খাদ্য গ্রহণের বিষয়টি যথাযথভাবে মেনে চলা হচ্ছে না। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় খাবার সংরক্ষণ করা হচ্ছে। এফএসএর বিশেষজ্ঞদের মতে, গরমকালে খাবারে বিষক্রিয়ার পরিমাণ বেড়ে যায়, গরম আবহাওয়ায় জীবাণু অনেক দ্রুত বাড়ে। এফএসএর খাদ্যবিশেষজ্ঞ বব মার্টিন বলেন, ‘বেঁচে যাওয়া খাবার ফ্রিজে তুলে রাখা ভালো, কিন্তু নিয়ম মেনে খাবার তুলে না রাখলে বা বের না করলে খাদ্যে বিষক্রিয়া ঘটতে পারে।’ সমীক্ষার ফলাফল বলছে, প্রায় এক-তৃতীয়াংশ মানুষ দেখে বা শুঁকে খাবারের গুণাগুণ পরখ করে।বব মার্টিন বলেন, ‘অনেক সময় গন্ধ শুঁকেও খাবার নষ্ট হয়েছে কি না তা বোঝা যায়। কিন্তু ই. কোলাই বা স্যালমনেলার মতো কিছু জীবাণু আছে, সেগুলোর উপস্থিতি কেবল গন্ধ শুঁকে বোঝা যায় না। এমনকি খাবারে এগুলোর পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে গেলেও নয়। তাই অনেক সময় খাবার দেখে বা শুঁকে ভালো মনে হলেও কার্যত ক্ষতিকর হতে পারে।’এফএসএর প্রতিবেদনে আরও বলা হয়, বেঁচে যাওয়া খাবার যত দ্রুত সম্ভব ফ্রিজে তুলে রাখা উচিত। রান্না করা খাবার দুই দিনের বেশি সংরক্ষণ করা ঠিক নয়। খাওয়ার আগে অবশ্যই খাবার খুব ভালো গরম করে নিতে হবে।