বাড়ছে গাড়ি বাড়ছে চুরি!
লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে—ছোটবেলায় এ প্রবচনটি শোনেননি, এ রকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু তখন নিশ্চয়ই জানতেন না, গাড়ি পোষার জ্বালা কত। কারণ, এ নগরে একটু অসাবধান হলেই হাতছাড়া হয়ে যেতে পারে শখের গাড়িটি। গাড়ি বা মোটরসাইকেলের মালিকের চোখকে ফাঁকি দিতে চোরেরা বরাবরই সিদ্ধহস্ত। ২০ টাকার চাবি দিয়ে তারা লুটে নিতে পারে কোটি টাকার গাড়ি। দুর্বৃত্তরা আবার অস্ত্রের মুখে চালককে সরিয়ে দিয়ে নিজেই চালকের আসনে বসে পড়ে। বাসাবাড়ি, পথঘাটে আর পার্কিংয়ে নিজের গাড়ি বাঁচাতে সবার আগে নিজেকেই সচেতন হওয়া দরকার। কারণ, নগরে সমানতালে বাড়ছে গাড়ি আর গাড়িচোরের সংখ্যা। তাই নিজের শখের যানটিকে কীভাবে চোর-ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করা যায়, জানাচ্ছেন আলী আসিফগাড়িচোরের কত কলাঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) দেওয়া তথ্যমতে, নগরে এখন ৫০টিরও বেশি সংঘবদ্ধ গাড়িচোরের দল সক্রিয়। তাই শখের গাড়িটিকে নিজের কবজায় রাখতে হলে গাড়িচোরদের কৌশল সম্পর্কে আগে থেকে জেনে রাখাই উত্তম। ডিবির সহকারী পুলিশ কমিশনার ও গাড়ি চুরি প্রতিরোধ দলের সদস্য মো. মোখলেসুর রহমান জানান, সংঘবদ্ধ চোরের দলের চেয়ে গাড়িচালকেরাও কম যান না। গাড়ি চুরিতে ওস্তাদ গাড়ির চালকেরা তাই ভুল তথ্য, নকল লাইসেন্স জমা দিয়ে গাড়ি চালানোর বৈধতা নেন। ঝোপ বুঝে কোপ মেরে তাঁরা গাড়ি নিয়ে নিরুদ্দেশ হয়ে যান। অনেক গাড়িচালক গাড়ির নকল চাবি তৈরি করে সহযোগীকে দেন। অনেক চালক নিজেই ছিনতাইয়ের নাটক সাজান। ঢাকা মহানগর পুলিশের সূত্রমতে, নগরে যতগুলো গাড়ি চুরি হয়, তার একটা বড় অংশ গাড়ির চালকদের যোগসাজশে চুরি হয়ে থাকে। নগরের শাহবাগ মোড়, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালীর মতো বেশ কিছু স্থানে গাড়ির চালকেরা গাড়ি থামিয়ে তাতে সাধারণ যাত্রী তোলেন। ২০-৩০ টাকার লোভে এসব যাত্রী তুলতে গিয়ে অনেক সময় পুরো গাড়িটাই আক্কেল সেলামি হিসেবে দিতে হয়। তাই গাড়িচালকের হাতে গাড়ি ছাড়ার আগে তাঁর সম্পর্কে ভালোমতো খোঁজখবর নিয়ে রাখতে পরামর্শও দিলেন মোখলেসুর রহমান। তিনি জানান, মাঝরাতে এবং শেষরাতে গাড়িচোরের উপদ্রব বাড়ে। রাস্তার পাশে গাড়ি থামিয়ে জরুরি ওষুধ কেনার সময় কিংবা সংকটাপন্ন রোগীকে তাড়াহুড়ো করে মেডিকেলে নিয়ে যাওয়ার সময় মনের ভুলে গাড়ির দরজায় চাবি ফেলে গেলে তো গাড়িচোরের জন্য পোয়াবারো। আর ধানমন্ডি ও গুলশান এলাকায় যাঁরা বাস করেন, তাঁদের জন্য নতুন একটা সমস্যার কথাও তিনি জানান। আবাসিক এলাকায় রাত নেমে এলে পছন্দমতো গাড়ির পিছু নেয় ছিনতাইকারীরা। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর পর চালক কলবেল চাপার জন্য গাড়ি থেকে বের হলে পেছনে ওত পেতে থাকা ছিনতাইকারীরা এসে জোর করে গাড়ি ছিনিয়ে নেয়। এ ছাড়া গাড়ি চালানো শেখার বায়না ধরে আবার কখনো সুন্দরী রমণীর ফাঁদ পেতে ছিনতাই করা হয় গাড়ি। চুরি যাওয়া কয়েকটি গাড়ির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, গাড়ি বা গাড়ির যন্ত্রাংশ চুরির পর ফোন করে গাড়ির দাম বুঝে দুই থেকে চার লাখ টাকা দাবি করে সন্ত্রাসীরা। টাকা দিলে তারাই আবার বাড়িতে এসে গাড়ি দিয়ে যায় বা গাড়ির যন্ত্রাংশ লাগিয়ে যায়। পুলিশকে জানালে জানমালের ওপর হুমকি আসবে বলে শাসিয়ে দেয় তারা। এসব ঘটনা তাঁরা তাই পুলিশকে জানাননি বলে গাড়ি ফেরত পাওয়া মালিকেরা দাবি করেন।চোর পালানোর আগেই বুদ্ধিমানশুধু কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে গাড়ি কিনলেই হয় না। তারও যত্ন-আত্তি করতে হয়। আর যিনি আপনার গাড়িটিতে সার্বক্ষণিক দেখাশোনা করবেন, সেই ব্যক্তিটি সম্বন্ধে জানাশোনা থাকাটা দরকার সবার আগে। চালকের নাম, ঠিকানা, পরিচয়—সবকিছু জেনে-বুঝে তারপর তাঁকে গাড়ির দায়িত্ব দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। গাড়ির চালক নিয়োগ দিলে নির্ধারিত ফরমে তাঁর সম্পর্কে তথ্য পূরণ করে নিকটস্থ থানায় জমা দিতে হবে।বাড়ির গ্যারেজে গাড়িটি যাতে নিরাপদে থাকে, সে জন্য বিশেষ দেখভাল করা প্রয়োজন বলে মনে করেন অনেকে। গুলশানের অধিবাসী ওয়াসিফ আহম্মেদ মনে করেন, এখন তো নিজ বাড়িতেও গাড়ি নিরাপদ নয়। বিভিন্ন সময়ই বাসা/ফ্ল্যাটের গ্যারেজ থেকে গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে যায় সংঘবদ্ধ চক্র। কয়েক মাস আগে ইন্দিরা রোডের ধানসিঁড়ি অ্যাপার্টমেন্ট থেকে চারটে গাড়ির পার্টস চুরি হয়েছিল এভাবেই। তাই শুধু দামি গাড়ি কিনলেই হবে না, গাড়ির গ্যারেজটাও যাতে নিরাপদ হয়, সেদিকটাও খেয়াল রাখা দরকার। ছিনতাইকারীরা কিন্তু যথেষ্ট চালাক। তারা অনেক সময় নতুন গাড়ির পেছনে ইচ্ছা করে ধাক্কা দেয়। স্বভাবতই নতুন গাড়ির প্রতি মালিকের ভালোবাসা একটু বেশি থাকে। এর ফলে গাড়ির মালিক রেগেমেগে গাড়ি থামান। তাঁর গাড়ির পেছনে ধাক্কা দেওয়ার কৈফিয়ত জানতে চান। এ সময় অপর গাড়িতে থাকা ছিনতাইকারী দল কৈফিয়তের বদলে তাঁর গাড়িটি ছিনতাই করে নেয়। সাধারণত আশুলিয়া, বেড়িবাঁধসহ নির্জন এলাকায় এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে ডিবি সূত্রে জানা গেছে। তাই অচেনা বা নির্জন জায়গায় কোনো প্ররোচনায় গাড়ি না থামানোই উত্তম।প্রযুক্তি ব্যবহারে নিরাপদ গাড়িআপনি আপনার অফিসের কম্পিউটারে বসে কাজ করছেন। আপনার নতুন কেনা গাড়িটির কথা ক্ষণে ক্ষণে মনে পড়ছে। আপনার দুষ্টু চালকটি আবার গাড়ি নিয়ে কোথাও খেপ মারছে না তো? তাহলে কম্পিউটারে বসেই দেখে নিন না গাড়িটি এখন কোথায় আছে। গাড়িটি সহি-সালামতে আছে কি না। গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তির সাহায্যে গাড়ির সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া যাবে বাড়িতে বা অফিসে বসেই। গাড়ির স্টিয়ারিং হাতে না থাকলেও যেকোনো সময় গাড়ি অচল করার ক্ষমতাও হাতে থাকবে। অটোমেটিক ভেহিকেল ট্র্যাকিং ইউনিটের মাধ্যমে গাড়ি কখন, কোথায় আছে—সবকিছু বলে দেওয়া সম্ভব। শুধু তা-ই নয়, গাড়ির বাইরে বসেও গাড়ির গতি নিয়ন্ত্রণ, গাড়ির তেল-মবিলের হিসাবটাও মিলিয়ে নেওয়া যেতে পারে। গাড়ি চুরি ঠেকাতে এ মোক্ষম যন্ত্রটি ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে নগরে। অটোমেটিক ভেহিকেল ট্র্যাকিং ইউনিট নামের একটি আলাদা ইউনিটও খোলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে। নিজের গাড়িটিকে সার্বক্ষণিক চোখে চোখে রাখার এ প্রযুক্তিটি বাজারে এনেছে নিটল-নিলয় গ্রুপের একটি কোম্পানি এনআইটিএস। গাড়ির একটি গোপন স্থানে লাগানো থাকবে ট্র্যাকারটি। এনটিএফএলের মার্কেটিং ডিরেক্টর আহমেদ হোসেন বলেন, ‘কোনো গাড়ি যদি চুরি হয়ে যায়, তখন গ্রাহক আমাদের জানালে আমরা সাথে সাথে তা অটোমেটিক ভেহিকেল ট্র্যাকিং ইউনিটে জানাই। তারা তখন গাড়ির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে গাড়িটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’ মোটরগাড়ি, বাস, ট্রাক, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে কার্যকর এ যন্ত্রটি। দাম ১২ হাজার টাকা। আর প্রতি মাসে দিতে হবে ৬২৫ টাকা। লাখ টাকার গাড়ির নিরাপত্তার জন্য টাকার এ অঙ্কটি তেমন একটা বেশি নয়। তাই নগরের কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই এ প্রযুক্তি তাঁদের গাড়িতে ব্যবহার করা শুরু করেছেন।হারিয়েছে যার গাড়িবাস, ট্রাক থেকে শুরু করে মোটরসাইকেল —কোনো কিছুই বাদ যায় না চোরের নজর থেকে। তবে পরিসংখ্যান থেকে জানা যায়, প্রাইভেট কার আর মোটরসাইকেলই চোরদের কাছে সবচেয়ে প্রিয়। সাবধানতা অবলম্বন করার পরও গাড়ি চুরি হলে বা হারিয়ে গেলে কী করতে হবে, জানালেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন—সবার আগে ০১৭১৩৩৯৮৩১১, ০১৭১৩৩৯৮৩২৬ এ দুটি নম্বরে ফোন করে তাত্ক্ষণিকভাবে পুলিশ নিয়ন্ত্রণকক্ষে চুরি বা ছিনতাই সম্পর্কে জানাতে হবে। এরপর থানায় গিয়ে মামলা করতে হবে। তারপর বাকি কাজ পুলিশের। তারাই নিজ দায়িত্বে গাড়িটি অনুসন্ধান করবে। তবে বেইলি রোডের বাসিন্দা তাসনীম নূরীন বললেন, গাড়ি চুরি হলে পুলিশকে না জানিয়ে ধোলাইখালে গিয়ে খোঁজ করাই বেশি ভালো। কারণ, পুলিশ মামলা নিষ্পত্তি করতে করতে গাড়ির সব যন্ত্রই বেচা হয়ে যাবে বলে তিনি মনে করেন। তাই তো অনেকেই গাড়ি চুরি হলে অথবা গাড়ির যন্ত্রাংশ চুরি হলে পুলিশকে না জানিয়ে সরাসরি গাড়ির পার্টসের দোকানে চলে যান অথবা চোরদের দাবি মেনে নেন। নাম প্রকাশে অনিচ্ছুক গুলশানের এক বাসিন্দা বলছিলেন, ‘আমার এক বন্ধুর প্রিমিও গাড়ির বেশ কিছু পার্টস চুরি হয়ে যায়। পরে তাঁর নিজের গাড়ির যন্ত্রাংশই তাঁকে ছয় লাখ টাকা দিয়ে কিনতে হয়েছে।’ তত্পর আইনশৃঙ্খলা বাহিনী?গাড়ির মালিকদের বক্তব্য অনুযায়ী, নগরে আগের যেকোনো সময়ের চেয়ে গাড়ি চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। কিন্তু ডিবির গাড়ি চুরি প্রতিরোধ দলের কর্মকর্তা মো. মোখলেসুর রহমান দাবি করেন, চুরির সংখ্যা কমছে। গোয়েন্দা পুলিশের গাড়ি চুরি ও ছিনতাই প্রতিরোধ দল গঠন হওয়ার পর থেকে নগরে গাড়ি উদ্ধারে বেশ সফলতা এসেছে বলেও জানান তিনি। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৪৪টি গাড়ি চুরির ঘটনা ঘটে নগরে। এর মধ্য থেকে ৩৪টি গাড়ি তাঁরা উদ্ধার করতে পেরেছেন। আর গাড়ি চুরির পর থানায় মামলা করলে মাঝেমধ্যে হিতে বিপরীত হয় নগরবাসীর জন্য—এ কথাটি মানতে তিনি নারাজ। তিনি বলেন, গাড়ি উদ্ধারের পর কিছু আইনি প্রক্রিয়ার কারণে বড়জোর ১৫ দিন সময় লাগে। লোকবলস্বল্পতা আর প্রযুক্তিগত অদক্ষতার কারণে চমকপ্রদ সাফল্য দেখাতে না পারলেও গাড়িচোরদের কাছে মূর্তিমান আতঙ্ক হিসেবেই তাঁরা পরিচিত বলে তাঁর দাবি।