বাড়ছে তথাকথিত ‘সম্মান রক্ষায় হত্যা’
আফগানিস্তানে শিরশ্ছেদ করা হয়েছে ৩০ বছর বয়সী নারী সিরাতা ও তার দুই শিশু সন্তানের। গত মঙ্গলবার রাতে দেশটির পূর্বাঞ্চলে হত্যা করা হয় তাদের। আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে কট্টরপন্থীদের সমাজে পরিবারের তথাকথিত সম্মান রক্ষায় এভাবে মুণ্ডু কেটে ফেলার যে ধারা, এর মধ্যে এটি সর্বশেষ ঘটনা বলে ধারণা করা হচ্ছে।কেউ যদি কাউকে নিজের বা পরিবারের সম্মানহানির কারণ বলে মনে করে হত্যা করে থাকে, তা তথাকথিত ‘অনার কিলিং’ বা ‘সম্মান রক্ষায় হত্যা’ বলে পরিচিত। এসব ঘটনার বেশির ভাগ শিকার হয়ে থাকে নারী ও শিশু।আফগানিস্তানের পুলিশ জানায়, গজনি প্রদেশের রাজধানীতে সিরাতার বাড়িতে জোর করে ঢুকে ওই নারীর শিরশ্ছেদ করেন তাঁর তালাকপ্রাপ্ত স্বামী। এ সময় ওই নারীর আট ও নয় বছর বয়সী ছেলেমেয়ে মায়ের হত্যার দৃশ্য দেখেছে। যেহেতু শিশুরা মায়ের হত্যার প্রত্যক্ষদর্শী, তাই তাদেরও হত্যা করেছে সিরাতার সাবেক স্বামী।আফগানিস্তানের মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, গত বছর দেশটিতে নারীর ওপর সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নারী উন্নয়নে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের অমনোযোগী থাকাটাকেই দায়ী করেছেন তাঁরা। তাঁদের মতে, কারজাই নারী উন্নয়নের চেয়ে ২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার ও তালেবানদের সঙ্গে সমঝোতা নিয়ে ব্যস্ত। এতে সিরাতার মতো নারীরা শিরশ্ছেদের শিকার হচ্ছেন।আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশন (এআইএইচআরসি) জানায়, সিরাতা ছাড়াও আফগান নববর্ষের প্রথম দুই মাস অর্থাত্ চলতি বছরের মার্চ ও এপ্রিলে শিরশ্ছেদের বলি হয়েছেন আরও ১৬ জন। অথচ গত বছরজুড়েই হত্যা হয়েছিল ২০ জন।এ প্রসঙ্গে এআইএইচআরসির কমিশনার সুরাইয়া শুভ্রাং বলেন, ক্রমবর্ধমান অস্থিরতা ও দুর্বল আইনের শাসন এ ধরনের হত্যাকাণ্ড বাড়াচ্ছে। তিনি বলেন, ২০০১ সালে এআইএইচআরসি তালিকা শুরু করে। সে অনুযায়ী এর আগে প্রতিবছর গড়ে ২০টির বেশি শিরশ্ছেদের ঘটনা ঘটেনি। তিনি বলেন, হিসাবের বাইরে আরও শিরশ্ছেদের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ পুরুষেরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েই আইন নিজের হাতে তুলে নেয়। আবার এর পরের দিন খুন হওয়া নারীর জন্য দোয়া করতে ভোলেন না।গজনীর নারীবিষয়ক বিভাগের প্রধান শুকরিয়া ওয়ালী জানান, এক বছর আগে স্বামী মোহাম্মদ আরিফকে তালাক দেন সিরাতা। প্রায় ১০ বছর নিজ বাড়িতে নির্যাতন সহ্য করে তালাকের সিদ্ধান্ত নেন হত্যার শিকার হওয়া এ নারী।পুলিশ জানায়, সিরাতা হত্যার পর বর্তমানে তাঁর ঘাতক সাবেক স্বামীকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন সরকারি বাহিনীর সদস্যরা।