বাড়ছে নির্যাতন, বাড়েনি শাস্তি
নারী নির্যাতনের মাত্রা দিন দিন বাড়লেও প্রচলিত বিশেষ আইনগুলোয় দায়ের করা মামলায় অভিযুক্তদের শাস্তির মাত্রা বাড়েনি। কয়েকটি বেসরকারি মানবাধিকার সংগঠনের দ্বারা পরিচালিত মামলার পরিসংখ্যান থেকে এ তথ্য প্রমাণিত হয়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পরিচালিত ২০০৭ থেকে ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত একটি প্রকল্পের আওতায় ঢাকায় মামলা পরিচালিত হয় ৩৫০টি। এর মধ্যে ২৪০টি মামলা করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও যৌতুক নিরোধ আইনে। এর মধ্যে বিচারাধীন, অর্থাত্ মামলা চলমান আছে ১৫০টিরও বেশি। বাকি মামলাগুলোর মধ্যে ৫৫টিতে অভিযুক্ত ব্যক্তিরা খালাস পেয়ে যান। ১০টি মামলায় অব্যাহতি (ডিসচার্জ), ১৩টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেওয়া হয় আর সাতটি মামলায় অভিযুক্তরা শাস্তি পান। তবে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি একজনকেও। বাকি মামলাগুলোর মধ্যে কিছু খারিজ হয়ে যায় এবং কিছু আপস হওয়ার কারণে প্রত্যাহার করে নেওয়া হয়।অন্য সংগঠনগুলোর মামলার পরিসংখ্যানে দেখা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তদের খালাসের হার প্রায় ৬০ শতাংশ। সংগঠনগুলোর পর্যবেক্ষণে এ মামলাগুলোয় শাস্তির মাত্রা কমের কারণ হিসেবে পদ্ধতিগত ত্রুটির দিকটি উঠে এসেছে। যৌতুকের কারণে নির্যাতন এবং অপহরণের মামলায় খালাসের হার বেশি। অনেক সময় এ মামলাগুলোর ক্ষেত্রে আপসরফার কারণে দুর্বল সাক্ষ্য হয়। এ ছাড়া সরকারপক্ষের আইনজীবী তথা পিপি-এপিপিদের গাফিলতি, পুলিশের দুর্বল তদন্ত এবং অভিযোগ দাখিলের কারণে অধিকাংশ মামলায় উপযুক্ত শাস্তি পান না অভিযুক্ত ব্যক্তিরা। ২৬ ফেব্রুয়ারি একটি সেমিনারে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক শামসুল আলম বলেন, তিনি এ ট্রাইব্যুনালে যোগদানের পর কয়েক মাস মাত্র একটি মামলায় সাজা দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কয়েকজন বিচারকের সঙ্গে কথা বলে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮০ থেকে ৯০ শতাংশ মামলায় অভিযুক্ত ব্যক্তিরা খালাস পেয়ে যাচ্ছেন। এর পেছনে তাঁরা কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। তাঁদের প্রায় ৯০ শতাংশ মামলার ক্ষেত্রে কোনো না কোনো কারণে আপস হয়ে যায়। ফলে সাক্ষ্য পর্যায়ে সাক্ষীরা জোরালো সাক্ষ্য দেন না; বিশেষ করে যৌতুক, অপহরণ ও ধর্ষণের মামলার ক্ষেত্রে। বিচারকদের সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতেই বিচার করতে হয়। ফলে উপযুক্ত সাক্ষ্যের অভাবে মামলায় প্রকৃত দোষী সাব্যস্ত করা যায় না ।অনেক সময় মিথ্যা মামলা দায়ের করা হয়। বিচারকদের মতে, এর হার প্রায় ৬০ শতাংশ। ১৬ বছরের নিচের বয়সী মেয়ে আইনে শিশু হিসেবেই গণ্য হয়। অপহরণের মামলার ক্ষেত্রে দেখা যায়, কোনো মেয়েকে ফুসলিয়ে বিয়ে করলে কিংবা পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করলে, তখন অপহরণের মামলা দেওয়া হয়। কিন্তু পরে সমঝোতা করে মামলায় দুর্বল সাক্ষ্য দেওয়া হয়। পিপি-এপিপিদের দুর্বল ভূমিকার কারণেও অনেক সময় রাষ্ট্রপক্ষ হেরে যায়। পুলিশের ভাষায় ‘হালকা’ অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার কারণে মামলায় অভিযুক্ত ব্যক্তিরা খালাস পান। এতে দেখা যায়, মুখ্য সাক্ষীদের বাদ দিয়ে গৌণ সাক্ষীদের সাক্ষী হিসেবে রাখা হয়। ফলে অভিযুক্তদের শাস্তি দেওয়া সম্ভব হয় না।