বাড়ছে বিনিয়োগকারীদের ক্ষোভ
শেয়ারবাজারে অব্যাহত দরপতন চলছে, সঙ্গে বাড়ছে বিনিয়োগকারীদের ক্ষোভ। এখন তাঁরা আছেন সামান্য খড়কুটোর সন্ধানে। কোনো রকমে পুঁজি বাঁচানোই এখন তাঁদের লক্ষ্য। তা-ও যেন পূরণ হওয়ার নয়। খাদের কিনারে আগেই চলে গিয়েছিল শেয়ারবাজার। তখনো ব্যবস্থা নেয়নি সরকার। এরপর ঘটে চূড়ান্ত পতন। এরপর তদন্ত কমিটি গঠনসহ নানা আশাবাদ শোনানো হলেও প্রভাবশালী ব্যক্তিদের কারণে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাজার স্থিতিশীল হওয়ার সুযোগও পায়নি। এর ফলে অব্যাহত দরপতন ঘটছেই। লেনদেনও কমছে আশঙ্কাজনক হারে। তীব্র তারল্য-সংকট এখন বাজারজুড়ে। বাজারের অব্যাহত পতনে গতকাল সোমবারও ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন। এর মধ্যে রাজধানী ঢাকার মতিঝিলে ডিএসই ভবনের সামনের সড়কে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখায় মতিঝিল শাপলা চত্বর থেকে আর কে মিশন রোডের উভয় পাশে যান চলাচল ছিল বন্ধ। এ কারণে আশপাশের এলাকাজুড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা সড়কে টায়ার ও কাগজপত্র দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটান। একপর্যায়ে তাঁরা জুতামিছিলও বের করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে রাজধানীতে এবং ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের ব্যানারে আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তাঁরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভীর পদত্যাগের দাবি জানান এবং আজ মঙ্গলবার লেনদেন বর্জনের ঘোষণা দেন। বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষ যদি লেনদেন বন্ধ না করে, তাহলে আমরা নিজেরা লেনদেন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদেরও বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’এদিকে বিনিয়োগকারীদের বিক্ষোভ কর্মসূচি চলা অবস্থায় লেনদেনের শেষ ৩০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচকের কিছুটা উন্নতি হয়। বেলা দুইটার দিকে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার তালিকায় ছিল মাত্র পাঁচটি। আর লেনদেন শেষে সেটি বেড়ে দাঁড়ায় ৩৪টিতে। আর তাতেই সূচকের পতনের ভয়াবহতা কিছুটা রোধ হয়। ডিএসইর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ২৯ জুন থেকে ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক ছয় হাজার থেকে ছয় হাজার ৭১০ পয়েন্টের মধ্যে ঘুরপাক খায়। গতকাল সোমবার প্রায় আড়াই মাসের ব্যবধানে সেটি ফের ছয় হাজার পয়েন্টের নিচে নেমে গেল। সোমবার বেলা ১১টায় সূচকের ঊর্ধ্বগতি দিয়েই দিনের লেনদেন শুরু হয়েছিল। কিন্তু সেটি পাঁচ মিনিটের বেশি স্থায়ী হয়নি। বেলা সোয়া ১১টার মধ্যে ডিএসইর সাধারণ মূল্যসূচক ছয় হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে এলে দ্রুত পতন ঘটতে থাকে। একপর্যায়ে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৩২ পয়েন্ট কমে পাঁচ হাজার ৮৯৩ পয়েন্টে নেমে আসে। ততক্ষণে ডিএসই ভবনের সামনে দানা বেঁধে ওঠে বিনিয়োগকারীদের বিক্ষোভ। বিনিয়োগকারীরা কখনো জুতা হাতে মিছিল করেন, কখনো সমাবেশ করেন, কখনো রাস্তায় শুয়ে আবার কখনো বা রাস্তায় অগ্নিসংযোগ ঘটিয়ে বিক্ষোভের পুরোটা সময়জুড়ে সরব ছিলেন। কখনো কখনো উপস্থিত সংবাদমাধ্যমের কর্মীদের কাছে শেয়ারবাজারে সর্বস্ব হারানোর কষ্টের কথা বর্ণনা করেন কেউ কেউ। সাংবাদিকদের মাধ্যমে সরকারের শীর্ষ মহলের কাছে অনেকের আর্তি ছিল: ‘আমাদের বাঁচান, আমরা শেষ হয়ে গেছি।’ গতকালের বিক্ষোভে অংশ নেওয়া আবদুল জব্বার নামের এক বিনিয়োগকারী সাংবাদিকদের বলেন, ‘বিশ্বের যেকোনো শেয়ারবাজারে ধস নামলে সাধারণত সে দেশের সরকারের পক্ষ থেকে ইতিবাচক নানা পদক্ষেপ নেওয়া হয়। আমাদের সরকার বাজারের স্থিতিশীলতা ফেরাতে ওষুধ না দিয়ে উল্টো বিষ প্রয়োগ করছে।’ শেয়ারবাজারের অব্যাহত দরপতন রোধে ও বাজারের সামগ্রিক অবস্থা নিয়ে গতকাল বিকেলে জরুরি বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তাতে ডিএসই, সিএসই ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে লেনদেন নিষ্পত্তির সময়সীমা এক দিন কমানো এবং কোনো কোনো ক্ষেত্রে শেয়ার কেনাবেচায় বন্ধ থাকা আর্থিক সমন্বয়সুবিধা (নেটিং সুবিধা) ফের চালুর সুপারিশ করা হয়। পাশাপাশি ব্যাংক ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের একক গ্রাহক ঋণসীমা (সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিট) সমন্বয়ের সময় ও সীমা বাড়ানোর উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘বাজারে নগদ টাকার সংকট দূর করতে একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় ও ঋণের সীমা বাড়ানোর সুপারিশ করেছি। পাশাপাশি লেনদেন নিষ্পত্তির সময়সীমা এক দিন কমিয়ে আনার বিষয়টি নিয়েও মৌখিক আলোচনা হয়েছে।’ যোগাযোগ করা হলে সিএসইর সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘লেনদেন নিষ্পত্তির সময়সীমা এক দিন কমিয়ে আনার ব্যাপারে আমাদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে এসইসি। তবে এটি করতে কিছুটা সময় লাগবে।’ বর্তমানে শেয়ারবাজারে লেনদেন নিষ্পন্ন হতে সর্বনিম্ন চার কার্যদিবস সময় লাগে। ডিএসই ও সিএসই মনে করছে, সেটি এক দিন কমিয়ে আনা গেলে বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা হলেও বাড়বে। গতকাল দিনশেষে ডিএসই সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯২১ পয়েন্টে। ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে ২১৪টির দাম কমেছে, বেড়েছে ৩৪টির আর অপরিবর্তিত ছিল আটটির। দিনশেষে ডিএসইতে ৩১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল ৩০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৩৭ পয়েন্টে। সেখানকার বাজারে লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানির মধ্যে ১৭০টির দাম কমেছে, বেড়েছে ছয়টির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। দিনশেষে চট্টগ্রামের বাজারে প্রায় ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় সাত কোটি টাকা বেশি। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং গতকাল দুপুরে সিএসই কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক আসলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, সরোজ চৌধুরী, চন্দন চৌধুরী প্রমুখ। পরে সিএসইর সচিব আহমেদ দাউদের কাছে স্মারকলিপি দেন বিনিয়োগকারীরা।