বাড়ছে বেলা, বাড়ছে ভোটার উপস্থিতি
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও ১২টার দিকে পরিস্থিতি বদলাতে শুরু করে। এ সময় ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের বড় লাইন লক্ষ করা গেছে। নগরের বন্দরটিলা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নূরুল ইসলাম জানান, ওই কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৮৮৮। ১২টা পর্যন্ত ভোট পড়েছে এক হাজার ১০০টির মতো। ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন আরও অনেকে।পাহাড়তলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুদ্দিন খালেদ জানান, কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ২৪। সাড়ে ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন তিন শতাধিক ভোটার। ভোট দেওয়ার অপেক্ষায় আছেন আরও অনেক ভোটার।এ ছাড়া নগরের পাহাড়তলী কলেজ কেন্দ্র, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র, বহদ্দারহাটের একলাসুর রহমান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, হামজারবাগ ইউসেফ স্কুল কেন্দ্র, আন্দরকিল্লার আইন কলেজ কেন্দ্র ঘুরে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে।