বাড়ছে ভর্তুকির ভার, বাড়ছে দুশ্চিন্তা
আগামী ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে ভর্তুকির ভার কমিয়ে আনতে চায় সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রচণ্ড চাপ রয়েছে ভর্তুকি কমিয়ে আনার। সে জন্য বিভিন্ন খাতে ভর্তুকি কাটছাঁট করার প্রক্রিয়া চলছে। আর তা করা হচ্ছে মূলত বিভিন্ন পণ্য ও সেবার দাম বাড়িয়ে। তার পরও ভর্তুকির ভার তেমন একটা কমানো সম্ভব হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষত, ক্রমাগত বেড়ে চলা মূল্যস্ফীতির বিপরীতে গরিব মানুষকে কিছুটা সুরক্ষা দিতে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা বাড়ানোর দিকে যেতে হবে। চলতি ২০১০-১১ অর্থবছরের মোট উন্নয়ন ব্যয়ের প্রায় সাড়ে আট শতাংশই ভর্তুকি, যা কিনা মূল বাজেটের প্রায় ছয় শতাংশ। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দেড় শতাংশ ভর্তুকি। সরকার এখন ভর্তুকির হার আগামী অর্থবছরে জিডিপির দুই শতাংশের মধ্যে আটকে রাখার পরিকল্পনা করেছে। ভর্তুকি কমিয়ে আনার পক্ষে যুক্তি হলো, এটি একদিকে রাজস্ব-ব্যয় বাড়িয়ে বাজেটের ওপর চাপ তৈরি করছে, অন্যদিকে এর অপব্যবহারে রাষ্ট্রীয় প্রশাসনের অদক্ষতা উৎসাহিত হচ্ছে। সর্বোপরি সামষ্টিক অর্থনীতির ভারসাম্য দুর্বল করে ফেলছে।বিপরীতে এ-ও বলা হয়, সুশাসন জোরদার করার মাধ্যমে ভর্তুকির সদ্ব্যবহার নিশ্চিত করা যেতে পারে। কাজেই সরকারের সেদিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। ভর্তুকির ভার কমানোর পদক্ষেপ হিসেবে সরকার সম্প্রতি বিভিন্ন পণ্য ও সেবার দাম বাড়িয়েছে। মে মাসে বেড়েছে জ্বালানি তেল ও সিএনজির দাম। ইউরিয়া সারের দাম প্রতি কেজি আট টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। আর আগামী অর্থবছরের প্রথমভাগেই বিদু্যুৎ ও জ্বালানির দাম অন্তত এক দফা বাড়ানো হবে বলে আভাস মিলেছে।চলতি অর্থবছরের বাজেটে কৃষি, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ভর্তুকির জন্য নয় হাজার ২০০ কোটি বরাদ্দ রাখা হয়েছিল। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আরও তিন হাজার ২০০ কোটি টাকা চেয়েছে। একইভাবে খাদ্য মন্ত্রণালয় ভর্তুকির বরাদ্দ এক হাজার ৮৮ কোটি টাকার বাইরে আরও ৮০০ কোটি টাকা চেয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, যদি সার, জ্বালানি, বিদু্যুৎ প্রভৃতির দাম আরও বাড়ানো না হয়, তাহলে কোনোভাবেই ভর্তুকির পরিমাণ সীমিত রাখা যাবে না। প্রাথমিকভাবে আগামী অর্থবছরে ভর্তুকি-ব্যয় বাবদ সাড়ে ১১ থেকে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। তবে বাস্তবে এটা সম্ভব হবে না বলে মনে করছেন কেউ কেউ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। শিগগির তা কমে আসার সম্ভাবনা কম। ফলে জ্বালানি তেল আমদানির ব্যয় বাড়বে। আবার সরকার যেসব বিদু্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ কিনতে চুক্তিবদ্ধ হয়েছে, তাদের উচ্চমূল্য দিতে হবে। বিপরীতে একই হারে জ্বালানি ও বিদ্যুতের দাম সমন্বয় করা সম্ভব হবে না। কাজেই এখানেও মোটা অঙ্কের ভর্তুকি গুনতে হবে। সে ক্ষেত্রে ভর্তুকির ব্যয় বরাদ্দ ১৮ হাজার থেকে ১৯ হাজার কোটি টাকা হতে পারে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) তাদের প্রাক-বাজেট অর্থনৈতিক পর্যালোচনায় বলেছে, ক্রমাগতভাবে ভর্তুকি বাড়িয়ে দিতে থাকলে তা অর্থনীতির সামষ্টিক মৌলগুলোকে দুর্বল করে ফেলতে পারে। ভর্তুকিজনিত ব্যয় মূল্যস্ফীতি প্রশমনে সহায়ক বিবেচনা করা হলেও তা আসলে রাজস্ব সক্ষমতার সীমা অতিক্রম করা উচিত নয়। এই পরিস্থিতিতে যেসব খাতে যে হারে ভর্তুকি দেওয়া হচ্ছে, সেগুলোর প্রভাব নিবিড়ভাবে পর্যালোচনা করে বিদ্যমান বাজার বাস্তবতার আলোকে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়েছে সিপিডি। এ ক্ষেত্রে যুক্তিসংগতভাবে মূল্য সমন্বয় করার কথাও বলা হয়েছে। চলতি অর্থবছরে অবশ্য রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার বেশ ভালো হওয়ায় ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশ পিছিয়ে থাকায় ভর্তুকির ব্যয়ভার বহনে বড় ধরনের রাজস্ব চাপ তৈরি হয়নি বলে মনে করে বিশ্বব্যাংক। আর তাই শেষ পর্যন্ত রাজস্ব ঘাটতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে নিচেই থাকবে বলেও বিশ্বব্যাংক মত প্রকাশ করেছে।বাজেটে এবার ঘাটতি অর্থায়নের হার জিডিপির পাঁচ শতাংশ ধার্য করা হলেও শেষ পর্যন্ত তা চার দশমিক ৬০ শতাংশ হবে বলে বিশ্বব্যাংক প্রক্ষেপণ করেছে। তবে আগামী অর্থবছর একই রকম অবস্থা থাকবে না বলেই মনে করে বিশ্বব্যাংক।ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) পরিচালক সাজ্জাদ জহির অবশ্য মনে করেন, সরকার ভর্তুকির ভার কি আইএমএফের সঙ্গে সমঝোতার জন্য কমাতে চায়, না কি মধ্যমেয়াদি স্থিতিশীলতার বিবেচনায়, তা পরিষ্কার হওয়া দরকার। তিনি বলেন, যদি আইএমএফের সঙ্গে সমঝোতার জন্য ভর্তুকি কমাতে হয়, তাহলে এখানে ‘পরিসংখ্যানগত কূটনীতি’ করার সুযোগ আছে। এবং এগুলো যে পুরোপুরি ভর্তুকি নয়, তা-ও বোঝানো যেতে পারে। সাজ্জাদ জহির অবশ্য এ-ও বলেন, রাজস্ব স্থিতিশীলতার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে তা নিশ্চয়ই এক বছরের জন্য হতে পারে না। অন্তত তিন বছরের মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় এনে ভর্তুকির বিষয়টি বিবেচনা করা উচিত।