বাড়তি জ্বালানি তেল রাখতে ট্যাংক ভাড়া করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি নতুন বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য নিরাপত্তা মজুদের জ্বালানি তেল রাখতে বেসরকারি ট্যাংক (তৈলাধার) ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ জন্য সারা দেশে নদীপাড়কেন্দ্রিক বিপিসির স্থাপনাগুলোর কাছে ট্যাংক নির্মাণের জন্য বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে প্রস্তাব (ইওআই) আহ্বানের সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত দরপত্র আহ্বান করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।বিপিসি সূত্র জানায়, বিপিসির কর্মকর্তারা হিসাব করে দেখেছেন, আগামী বছরের মধ্যে নতুন ২৭টি বিদ্যুৎকেন্দ্রের কারণে বছরে দেশে ডিজেলের চাহিদা হবে ২৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন। ফার্নেস অয়েল দরকার হবে বছরে নয় লাখ ৫৬ হাজার মেট্রিক টন। এর মধ্যে ২৭টি বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬০ দিনের নিরাপত্তা মজুদ হিসেবে অন্তত চার লাখ ৮৫ হাজার টন ডিজেল এবং এক লাখ ৫৭ হাজার টন ফার্নেস অয়েল মজুদ রাখতে হবে। বর্তমানে বিপিসির সারা দেশের ১৭টি স্থাপনায় দুই লাখ ৯৫ হাজার টন ডিজেল এবং ৮৫ হাজার টন ফার্নেস অয়েল রাখার সুযোগ আছে। এসব স্থাপনায় সর্বোচ্চসংখ্যক ট্যাংক নির্মাণ করা হলে তিন লাখ ৭১ হাজার টন ডিজেল এবং এক লাখ ১৭ হাজার টন ফার্নেস অয়েল রাখা যাবে। অর্থাৎ ৬০ দিনের মজুদ নিশ্চিত করতে আরও অন্তত এক লাখ ১৪ হাজার টন ডিজেল এবং ৪০ হাজার টন ফার্নেস অয়েল রাখার জায়গা লাগবে। যার সংস্থান করতে পারছে না বিপিসি। তাই বাকি প্রায় দেড় লাখ টন ডিজেল ও ফার্নেস অয়েল মজুদ রাখতে বেসরকারিভাবে নির্মিত ট্যাংক ভাড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিপিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, জ্বালানি তেলের নিরাপত্তা কোড এবং বিস্ফোরক লাইসেন্সের এল ফরমের ৮-এ এবং ৮-বি অনুযায়ী বিপিসির স্থাপনায় ইচ্ছামতো নতুন ট্যাংক নির্মাণের সুযোগ নেই। এই দুই শর্তে একটি জ্বালানির ট্যাংক থেকে অন্যটির দূরত্ব ন্যূনতম ২২ মিটার এবং স্থাপনার নিরাপত্তাবেষ্টনী ও ট্যাংকের দূরত্ব ন্যূনতম ২৫ মিটার রাখতে বলা হয়েছে। তিনি বলেন, এই দুই শর্ত প্রতিপালনের কারণে আগামী বছরের মধ্যে বিপিসিকে অন্তত দেড় লাখ টন ডিজেল ও ফার্নেস অয়েল মজুদ রাখার জন্য বেসরকারি ট্যাংক খুঁজতে হবে। বিপিসির স্থাপনার বাইরে ভূমি অধিগ্রহণ করে সরকারিভাবে ট্যাংক নির্মাণে সময় বেশি লাগতে পারে এমন আশঙ্কা থেকে বেসরকারিভাবে নির্মিত ট্যাংক ভাড়া নিয়ে জ্বালানি মজুদের সিদ্ধান্ত হয়েছে। জানতে চাইলে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় গত সপ্তাহে বেসরকারি ট্যাংক ভাড়া নেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে। আমরা এখন শর্ত ও নীতিমালা (টিওআর) ঠিক করে শিগিগির এ সংক্রান্ত দরপত্র আহ্বান করব। বিপিসির স্থাপনার কাছাকাছি স্থানে নির্ধারিত মাপের ট্যাংকগুলোই কেবল ভাড়া নেওয়া হবে।’