বাড়তি টাকা আদায়ের প্রতিবাদে মনিপুর স্কুলে মানববন্ধন
স্কুলে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে আজ শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা।মিরপুর-২ নম্বরে স্কুলের মূল ভবনের সামনে সকাল নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিদ্যালয়ে সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ডোনেশনের নামে পুরাতন শিক্ষার্থীদের কাছ থেকে দেড় থেকে সাড়ে তিন হাজার টাকা এবং নতুন শিক্ষার্থীদের কাছ থেকে ২০ থেকে ২৭ হাজার টাকা নেওয়া হচ্ছে। অভিভাবকেরা বলেন, স্কুল কর্তৃপক্ষের এ অমানবিক আচরণ তাঁদের জীবন দুর্বিষহ করে তুলেছে। অবিলম্বে বাড়তি টাকা নেওয়া বন্ধ এবং যাদের কাছে থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছে তা ফেরত দেওয়ার দাবি জানান তাঁরা।একই সঙ্গে মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ কামাল মজুমদার ও প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তি দাবি করেন। মানববন্ধনে এক অভিভাবক বলেন, তাঁর এক সন্তান মানিপুর উচ্চবিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু টাকার অভাবে তিনি তাঁর সন্তানকে ভর্তি করাতে পারছেন না। তাঁর স্বামী পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিম্নপদে চাকরি করেন।নাম প্রকাশে অনিচ্ছুক আরেক অভিভাবক বলেন, সরকার নির্ধারিত ফি নেওয়া হলে এ সমস্যা নিরসন হয়ে যাবে। সরকারকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।কামাল মজুমদারের শাস্তি দাবি করে এক নারী অভিভাবক বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী একজন নারী। স্থানীয় সাংসদ কামাল মজুমদার কীভাবে একজন নারী সাংবাদিকের গায়ে হাত তুলতে পারে? তাঁর কঠোর শাস্তি হওয়া উচিত।মানববন্ধন শেষে মতামত জানতে প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের কক্ষে গেলে তাঁকে পাওয়া যায়নি। মানববন্ধন চলাকালে স্কুলের ফটকের সামনে অবস্থান নেন বেশ কিছু পুলিশ। এ ছাড়া স্কুলের আশপাশে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়।