বাড়তি নিরাপত্তা নিয়ে জাহান মণির গ্রিস যাত্রা শুরু
জলদস্যু প্রতিরোধের সম্ভাব্য ব্যবস্থা নিয়ে বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি গতকাল বাংলাদেশ সময় রাত দেড়টায় ওমানের সালালাহ বন্দর থেকে গ্রিসের তিসালোনস্কি বন্দরের উদ্দেশে যাত্রা করেছে।ওই বন্দরের জন্য ইন্দোনেশিয়ার তানজুন বন্দর থেকে জাহাজটিতে ৪৩ হাজার মেট্রিক টন নিকেল আকরিক তোলা হয়েছিল বলে জানা গেছে।আরব সাগর পাড়ি দিয়ে জাহাজটি গ্রিসে যাওয়ার পথে জলদস্যু আক্রান্ত হয় গত বছরের ৫ ডিসেম্বর। ৯৮ দিনের জিম্মিদশা কাটিয়ে মুক্তিপণের বিনিময়ে জাহাজ এবং এর নাবিকেরা ১৯ মার্চ সালালাহ বন্দরে এসে ভিড়ে। এই বন্দরে আগের নাবিকদের নামিয়ে দিয়ে নতুন ২৬ জন বাংলাদেশি নাবিক তোলা হয়। তাঁরাই এখন জাহাজটিকে গ্রিসের দিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন।সালালাহতে অবস্থানরত জাহান মণির মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মহাব্যবস্থাপক মো. মেহেরুল করিম মুঠোফোনে আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘জলদস্যুদের হামলা প্রতিরোধে জাহাজের ভেতরেই একটি ছোটখাটো দুর্গ বানানো হয়েছে। হামলা হলে সব নাবিক এই দুর্গে অবস্থান করে উপগ্রহ ফোন ও ভিএইচএফের সহায়তায় আশপাশের নৌবাহিনীর সহায়তা নিতে পারবেন। এ জন্য ইঞ্জিন কক্ষে যাওয়ার পর্যায়ক্রমিক পাঁচটি দরজায় ওয়েল্ডিং করে লাগানো হয়েছে জাহাজ তৈরির সমান পুরুর (আট মিলিমিটার) লোহার প্লেট।বেতার যোগাযোগব্যবস্থায় আনা হয়েছে কিছু পরিবর্তন। এ জন্য জাহান মণিকে বাড়তি এক সপ্তাহের বেশি সময় সালালাহ রাখা হয়। মেরামতসহ আনুষঙ্গিক কাজে প্রায় দুই লাখ মার্কিন ডলার (দেড় কোটি টাকা) খরচ হয় বলে জাহাজ মালিক সূত্রে জানা গেছে।সর্বশেষ খবরে জানা যায়, ঘণ্টায় প্রায় ১০ নটিক্যাল মাইল বেগে জাহান মণি ইয়েমেনের সমুদ্রসীমা ধরে দক্ষিণ পশ্চিমের এডেন উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। সোমালিয়ার উপকূলসংলগ্ন এডেন উপসাগর জলদস্যুদের উপদ্রবের জায়গা হিসেবে চিহ্নিত। এ কারণে এডেন সাগরে প্রবেশের মুহূর্তে জাহান মণির জন্য ইউরোপীয় ইউনিয়নের যৌথ যুদ্ধজাহাজের সহায়তা চাওয়া হয়েছে।জানা যায়, জাহান মণির মালিক এডেন উপসাগর হয়ে সুয়েজ খাল পর্যন্ত যেতে ওই জাহাজের জন্য সশস্ত্র রক্ষী (আর্মড গার্ড) মোতায়েনের পরিকল্পনা করেছিলেন। কিন্তু দেশীয় রক্ষী মোতায়েনের কোনো অনুমোদন বাংলাদেশ থেকে পাওয়া যায়নি। বিদেশি রক্ষী মোতায়েনের বেশি খরচ ও আনুষঙ্গিক অসুবিধার কথা বিবেচনা করে শেষ মুহূর্তে ওই পরিকল্পনা বাতিল করা হয়।প্রসঙ্গত, জলদস্যু মুক্ত হয়ে জাহাজটি এডেন উপসাগরের মুখ হয়ে সালালাহতে আসার পথেও জলদস্যু আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল। এ কারণে জাহাজের মালিক একটি জাহাজসহ (টাগবোট) বিদেশি সশস্ত্র রক্ষী মোতায়েন করে জাহান মণিকে সালালাহতে নেওয়ার ব্যবস্থা করেন।