বাড়তি ভাড়া আদায় চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে স্পিডবোটে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। এরপর মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাটে যাওয়ার পরও রেহাই পাচ্ছেন না যাত্রীরা। খুলনা, বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনেও নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। কাওড়াকান্দিতে পরিবহনগুলোতে চাঁদাবাজির কারণে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চালকেরা।মাওয়ায় স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায়ের সময় গতকাল একজন-কে গ্রেপ্তার করে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষুব্ধ হয়ে ঘাটের ইজারাদার যুবলীগের নেতার লোকজন ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় লৌহজং উপজেলার মেদিনী-মণ্ডল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল খানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গতকাল ভোর পাঁচটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক কাজী লিটন (৪০) নিহত ও চালকের সহকারী স্বপন গুরুতর আহত হন। দাউদকান্দি হাইওয়ে পুলিশ রেকার এনে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও লরি তিন ঘণ্টা পর অন্যত্র সরায়। এ সময় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এলোপাতাড়ি যানবাহন চালানোয় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বেলা ১১টার পর যানজট কমতে শুরু করে। তবে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মহাসড়কের চান্দিনার নাওতলায় চট্টগ্রামগামী প্রাইভেট কারের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারচালক ও এক যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে দুই পাশে আবার যানজট সৃষ্টি হয়। শিবচরে চাঁদাবাজির কারণে অতিরিক্ত ভাড়া: দুই দিন ধরে মাওয়া-কাওড়াকান্দি হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ঢল নেমেছে। এ সুযোগে শিবচরের কাওড়াকান্দি ঘাটে খোকা ও মাসুদ বাহিনীর সদস্যরা অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যানবাহনে চাঁদাবাজি শুরু করেছেন। এ কারণে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করছে পরিবহনগুলো। বরিশালগামী মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে ২৫০ টাকার বদলে ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত, খুলনার যাত্রীদের কাছ থেকে ২০০ টাকার স্থলে ৫০০ থেকে ৬০০ টাকা, টেকেরহাটে ১০০ টাকার স্থলে ৩০০ টাকা, কালনাঘাটে ১২০ টাকার স্থলে ২৫০ থেকে ৫০০ টাকা, পিরোজপুরে ৩০০ টাকার স্থলে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কাওড়াকান্দি ও মাওয়া ঘাটে বকশিশের নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মী ও আনসার সদস্যরা ফেরিতে পার হওয়া পরিবহনগুলো থেকে বাড়তি টাকা আদায় করছেন। এরশাদ মিয়া নামের এক চালক বলেন, ‘আমরা স্থানীয় সমিতির সদস্য না। তাই ঘাটে প্রতি ট্রিপে ৮০০ থেকে দেড় হাজার টাকা দিতে হয়।’স্থানীয় পরিবহন ব্যবসায়ী সিরাজ বলেন, ‘ঘাট সংশ্লিষ্টদের জুলুম সীমানাহীন। এরা প্রত্যেক বাস-মাইক্রোবাসের কমপক্ষে এক-তৃতীয়াংশ টাকা চাঁদা বাবদ আদায় করে। এ কারণে ভাড়া এত বেড়েছে।’তবে কাওড়াকান্দি মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি খোকা মিয়া দাবি করেন, ‘অপর প্রান্ত থেকে যাত্রী শূন্য আসায় ভাড়া কিছুটা বেড়েছে। ঘাট এলাকায় কোনো চাঁদাবাজি হচ্ছে না।’ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় বা নানাবিধ অনিয়ম বন্ধ করতে গেলে ওরা (পরিবহন চালক) হঠাৎ পরিবহন বন্ধ করে দিতে পারে। তাতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের আরও দুর্ভোগের শিকার হতে হবে। এ কারণে আইন থাকা সত্ত্বেও প্রয়োগ করা যাচ্ছে না।’তবে কাওড়াকান্দিতে দায়িত্ব পালনকারী অতিরিক্ত পুলিশ সুপার মো. নাসিরুল ইসলাম বলেন, ‘মাইক্রোবাসে মাত্রাতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে শুনেছি। আমরা অভিযান চালাব।’মাওয়ায় হামলা: লৌহজং উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা পরিষদ থেকে মাওয়া ঘাটে স্পিডবোটের মাধ্যমে খেয়া পারাপারের ঘাটটি ইজারা নেন লৌহজংয়ের মেদিনীমণ্ডল ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদুল ইসলাম। স্পিডবোটে সরকার নির্ধারিত জনপ্রতি ভাড়া ১২০ টাকা। কিন্তু স্পিডবোট মালিক ও ইজারাদার যোগসাজশ করে ১৫০ থেকে ২০০ টাকা করে আদায় করছেন। এমন অভিযোগ পেয়ে গতকাল সকাল ১০টার দিকে লৌহজংয়ের ইউএনও সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুরুজ্জামান ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের পুলিশ নিয়ে মাওয়া ঘাটে যান। অতিরিক্ত ভাড়া আদায়কালে হাতেনাতে সজল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেন তাঁরা। সজল ইজাদার নিযুক্ত কর্মচারী। ভ্রাম্যমাণ আদালত সজলকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। এ খবরে স্পিডবোটের মালিক, শ্রমিক ও ইজাদারের লোকজন ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর চড়াও হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আহত হন ইউএনওর গাড়ির চালক আতাউর রহমান। ভাঙচুর হয় ইউএনওর গাড়ি। অবস্থা বেগতিক দেখে দ্রুত স্থান ত্যাগ করেন ভ্রাম্যমাণ আদালতের লোকজন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে যুবলীগের নেতা-কর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করে। ওই ছয়জনের বিরুদ্ধে লৌহজং থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন আহত আতাউর রহমান।দৌলতদিয়ায় পরিবহন-সংকট: দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পরিবহন-সংকটে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। পরিবারের সবার জন্য কেনাকাটা শেষে বড় বড় লাগেজ নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে দীর্ঘ পথ হেঁটে গোয়ালন্দ বাস টার্মিনালে যেতে হচ্ছে অনেককেই।‘মানুষের দুর্ভোগ হচ্ছে না!’: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘এ বছর ঘরে ফেরা মানুষের কোনো দুর্ভোগ হচ্ছে না। নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব বিভাগ ব্যাপক প্রস্তুতি নেওয়ায় এ বছর তেমন কোনো সমস্যা নেই বললেই চলে। নদী পাড়ি দিতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতেরও ব্যবস্থা করা হয়েছে।’ গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন তানভীর হাসান, মুন্সিগঞ্জ; আয়েশা সিদ্দিকা, শিবচর (মাদারীপুর); আব্দুর রহমান, দাউদকান্দি (কুমিল্লা) ও রাশেদ রায়হান, গোয়ালন্দ (রাজবাড়ী)]