বাড়তি ভাড়া আদায় বন্ধে বাস ও মিনিবাসের কাউন্টারগুলো নিয়মিত তদারকির পাশাপাশি বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পুলিশের মহাপরিদর্শক ও পুলিশ কমিশনারকে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার উপরিউক্ত নির্দেশনাসহ ছয়টি নির্দেশনা দেন ও রুল জারি করেন।মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে দুই আইনজীবী রিট আবেদনটি করেন। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।রুলে বাস, মিনিবাস ও অটোরিকশার যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষের অর্থনৈতিক ভোগান্তি কমাতে সরকারের নির্ধারিত ভাড়া কার্যকরে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। যোগাযোগসচিব, স্বরাষ্ট্রসচিব, বিআরটিসির চেয়ারম্যান, বাসমালিক সমিতির সভাপতি, সম্পাদক ও পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।নির্দেশনায় রুল বিচারাধীন থাকা অবস্থায় সরকারের নির্ধারিত ভাড়া কার্যকরে সাত সদস্যের একটি তদারক কমিটি করতে যোগাযোগ ও স্বরাষ্ট্রসচিবকে বলা হয়েছে। কমিটিকে প্রতি মাসে এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় নিয়ন্ত্রণে ঢাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যোগাযোগ সচিবকে নির্দেশ দেওয়া হয়।নির্দেশনায় বাস-মিনিবাসে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে সময়ে সময়ে কাউন্টার পর্যবেক্ষণের জন্য পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক), উপকমিশনার (ট্রাফিক) উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমকে প্রতি থানায় একটি করে পরিদর্শক দল গঠনে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ ছাড়া সব বাস-মিনিবাসের কাউন্টারে অনুমোদিত ছাপানো ভাড়ার তালিকা প্রদর্শনে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে যোগাযোগসচিবকে। এসব পরিবহনের ভেতর সরকার অনুমোদিত ভাড়ার তালিকা প্রদর্শনের ব্যবস্থা নিতে বাসমালিক সমিতিকেও নির্দেশ দেওয়া হয়েছে।