বাড়তি ভাড়া নিলে বাসের রুটপারমিট বাতিল, কাল থেকে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, বাসে বাড়তি ভাড়া আদায় করলে রুটপারমিট বাতিল করা হবে। এ লক্ষ্যে কাল রোববার থেকে সর্বত্র অভিযান শুরু হবে বলেও তিনি জানিয়েছেন।আজ শনিবার রেলভবনে রাজধানীর গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় রোধে আয়োজিত এক বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।যোগাযোগমন্ত্রী জানিয়েছেন, রাজধানীতে কোনো বাস যদি বাড়তি ভাড়া আদায় করে, তাহলে সঙ্গে সঙ্গে সেই বাস জব্দ করা হবে। এ ছাড়া ঢাকায় নতুন করে মিনিবাসের রুটপারমিট দেওয়া হবে না এবং ২০ বছরের পুরোনো বাসের রুটপারমিট নবায়ন করা হবে না।বৈঠকে উপস্থিত ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, বাড়তি বাসভাড়া আদায় রোধে পুলিশ কাল থেকে সাদা পোশাকে বাসে উঠবে। তারা যদি দেখে কোনো বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই বাস জব্দের পদক্ষেপ গ্রহণ করবে। বৈঠকে বাড়তি ভাড়া আদায়ে বাসমালিকদের এক মাসের কারাগারের বিধান নিয়ে জোর আলোচনা হয়। ব্যাপারটি নিয়ে আজ একটি সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও উপস্থিত পরিবহন নেতাদের চাপে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত আর নেওয়া যায়নি।রেলভবনে আয়োজিত এ বৈঠকে যোগাযোগমন্ত্রী ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন যোগাযোগসচিব মোজাম্মেল হক খান, যোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান, সাংসদ আসলামুল হক, বেনজির আহমেদ ও ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্যাহ।