বাড়তি ভাড়া বন্ধে রাজধানীতে ৬ ভ্রাম্যমাণ আদালত
বাসে বাড়তি ভাড়া আদায় রোধে আজ বুধবার রাজধানীতে ছয়টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এর মধ্যে একটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আর বাকিগুলো ঢাকা জেলা প্রশাসনের অধীনে পরিচালিত হয়। গাবতলী, গুলিস্তান, নিউমার্কেট, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্পটে অভিযান চালানো হয়। সরকার নতুন ভাড়া নির্ধারণের পর গতকাল মঙ্গলবার থেকে নতুন ভাড়ার তালিকা বাস এবং কাউন্টারে টাঙানো শুরু হয়েছে। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় নিয়ন্ত্রণে ঢাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সব বাস-মিনিবাসের কাউন্টারে অনুমোদিত ছাপানো ভাড়ার তালিকা প্রদর্শনে ব্যবস্থা নিতে যোগাযোগসচিবকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ নির্দেশনা অনুসরণ করেই এসব অভিযান পরিচালিত হয়। গাবতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম। তিনি জানান, তাঁর আদালতে ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন। একই সঙ্গে তিনটি বাস জব্দ করা হয়েছে। রেজাউল করিম আরও জানান, অনেক বাসে ও কাউন্টারে ভাড়ার নতুন তালিকা টাঙানো হয়নি, অনেক জায়গায় বাড়তি ভাড়া নিতে দেখা গেছে। তাই তাদের জরিমানা করা হয়েছে।