বাড়তি ভাড়ার চাপে স্বল্প আয়ের মানুষ
মন্টু কুমার দত্ত নারায়ণগঞ্জের পাগলা থেকে প্রতিদিনই ঢাকার নিউমার্কেটে কাজ করতে আসেন। পেশায় তিনি ঘড়ির মেকানিক। পরিবহন ভাড়া ‘অযৌক্তিকভাবে’ বাড়ার কারণে স্বল্প আয়ের মন্টু কুমার ও তাঁর কলেজপড়ুয়া মেয়ের পেছনেই মাসে খরচ বেড়েছে দেড় হাজার টাকা।মন্টু কুমার বলেন, আয় তো বাড়েনি। হঠা ৎ করে এভাবে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাড়তি খরচ কীভাবে সামাল দেন জানতে চাইলে বলেন, ‘বাজারে গিয়ে কম দামে কী কেনা যায়, সেই চেষ্টা করি। আগে মেয়েরা চাওয়ার আগে পোশাক কিনে দিতাম। এখন আর পারি না।’মন্টু কুমার জানান, তিনি পাগলা থেকে বাসে গুলিস্তান আসেন ২০ টাকায়। আগে এই পথে ভাড়া ছিল ১০ টাকা। গুলিস্তান থেকে টেম্পোতে আজিমপুর আসেন ১০ টাকায়। এই পথ এত দিন চার টাকায় আসতেন। অর্থা ৎ আসা-যাওয়ায় তাঁর দৈনিক খরচ বেড়েছে দিনে ৩২ টাকা। মাসে ২৬ কর্মদিবস ধরলে তাঁর বাড়তি খরচ হচ্ছে ৮৩২ টাকা।মন্টু কুমারের মেয়ে পড়েন সিটি কলেজে। পাগলা থেকে কমলাপুর ট্রেনে আসেন বলে বাড়তি খরচ হচ্ছে না। তবে কমলাপুর থেকে সিটি কলেজ আসতে ২৫ টাকা ভাড়া গুনতে হচ্ছে। আগে এই পথে ভাড়া ছিল ১৫ টাকা। বাসা থেকে রেলস্টেশনে রিকশায় যাওয়া-আসা বাবদ মাসে অন্তত ২০০ টাকা বেশি খরচ করতে হচ্ছে এই শিক্ষার্থীকে। মন্টুর মেয়ের মাসে খরচ বেড়েছে ৪৬০ টাকার মতো।মন্টু কুমার বলেন, ঘড়ি সারাই করে মাসে সাত থেকে আট হাজার টাকা পান। তিন মেয়ের মধ্যে দুইজন পড়াশোনা করে। তাই এই টাকায় সংসার চালানো ও মেয়েদের লেখাপড়ার খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। শুধু মন্টু কুমার নন, পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় রাজধানী ও এর আশপাশের স্বল্প আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় সার্কেলের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী বলেন, রামপুরা থেকে বাস-রিকশা মিলিয়ে আসা-যাওয়া বাবদ দেড় মাসের ব্যবধানে তাঁর দৈনিক খরচ ৩০ টাকা বেড়ে গেছে। পরিবারের অন্যদেরও একই হারে পরিবহন ব্যয় বেড়েছে। অথচ বেতন আগের মতোই, সাত হাজার টাকায় আটকে আছে। তিনি বলেন, ‘আমাদের দপ্তরে অনেক ঠিকাদার আসেন। আগে সবার কাছে চাইতাম না। এখন কাজ হওয়ার পর সবার কাছেই কিছু বকশিশ চাই।’ গত কয়েক দিনে এই প্রতিবেদক পাগলা, আবদুল্লাহপুর, মিরপুর, সাভার ও কেরানীগঞ্জ থেকে কাজে আসেন এমন অন্তত ২০ জনের সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে সরকারি দপ্তরের নিম্ন পদের কর্মচারী, দোকানের কর্মী, পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীও রয়েছেন। সবার একই অভিযোগ, সরকার ভাড়া বৃদ্ধি করে দায়িত্ব শেষ করেছে। কিন্তু পরিবহন মালিকেরা নিজেদের ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে স্বল্প আয়ের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।চলাচলের অনুমতি বাতিল নিয়ে সংশয়: গত মাসে যোগাযোগ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল, বাড়তি ভাড়া আদায়কারী বাসের চলাচলের অনুমতি (রুট পারমিট) বাতিল করা হবে। কিন্তু এ পর্যন্ত বিআরটিএ মাত্র ১০টি বাসের অনুমতি বাতিলের সুপারিশ করেছে। ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট বাসগুলোর নিবন্ধন নম্বর ও চলাচলের পথের নাম উল্লেখ করে ঢাকা মহানগর আঞ্চলিক পরিবহন কমিটির (মেট্রো-আরটিসি) কাছে পাঠিয়েছেন। তবে আরটিসির বৈঠক না হওয়ায় এখনো তা ঝুলে আছে। আরটিসির সভাপতি ঢাকা মহানগর পুলিশের কমিশনার।বাড়তি ভাড়া আদায়কারী বাসের চলাচলের অনুমতি বাতিলের এই দীর্ঘসূত্রতার কারণে ম্যাজিস্ট্রেটের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ যোগাযোগ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই কর্মকর্তা বিআরটিএর সমালোচনা করে বলেন, প্রায় সব বাসেই বাড়তি ভাড়া আদায় হচ্ছে। এর মধ্যে ১০টি বাসের চলাচলের অনুমতি বাতিলের পদক্ষেপ পুরো প্রক্রিয়াকে হালকা করে ফেলবে। বিআরটিএ সূত্র জানায়, যেসব বাসের চলাচলের অনুমতি বাতিলের সুপারিশ করা হয়েছে, তার অনেকগুলো এখনো রাস্তায় চলছে। একজন ম্যাজিস্ট্রেট জানান, চলাচলের অনুমতি বাতিল হওয়ার আগে বাস আটকে রাখার সুযোগ নেই। তবে আরটিসি চাইলে সেটা পারে।বিআরটিএ সূত্র জানায়, সরকার গত ১৬ মে রাজধানীসহ দূরপাল্লার পথের বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ঘোষণা দিয়েছিলেন, সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়া না মানলে সংশ্লিষ্ট বাসের চলাচলের অনুমতি বাতিল করা হবে। এরপর বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত প্রায় ১৪টি বাসের চলাচলের অনুমতি বাতিলের জন্য চিহ্নিত করেন। কিন্তু গত ২৯ মে পুনরায় রেল ভবনে বৈঠকে যোগাযোগমন্ত্রী বাড়তি ভাড়া আদায়ের দায়ে বাসের চলাচলের অনুমতি বাতিলের নির্দেশ দেন। মন্ত্রীর আগের ঘোষণা আমলে না নিয়ে যোগাযোগ মন্ত্রণালয় চিঠি দেয়, ২৯ মের পর যেসব বাসে বাড়তি ভাড়া নেওয়া হবে, সেগুলোর চলাচলের অনুমতি বাতিল করা হবে।অথচ মোটরযান আইনে বাড়তি ভাড়া আদায়ের দায়ে সংশ্লিষ্ট বাসের চলাচলের অনুমতি বাতিলের কথা বলা আছে। এর জন্য কোনো বাড়তি উদ্যোগ বা ঘোষণার প্রয়োজন নেই। মন্ত্রণালয়ের এই ‘ঘোষণা কৌশলের’ কারণে ২৯ তারিখের আগে চলাচলের অনুমতি বাতিলের জন্য চিহ্নিত বাসগুলো ছেড়ে দেওয়া হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব মারপ্যাঁচের খেলায় বাড়তি ভাড়া আদায়কারীরা রক্ষা পাচ্ছে। আর পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের স্বার্থ।