নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদিকে মিলনকে কথিত গণপিটুনির স্থান উপজেলার টেকেরবাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ও নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন নিহত মিলনের বাড়ি, টেকেরবাজার ও চরকাঁকড়া একাডেমি উচ্চবিদ্যালয় এলাকা পরিদর্শন করেন। তিনি মিলনের মা কহিনুর বেগম এবং সংশ্লিষ্ট এলাকার লোকজনের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।ওসি বিল্লাল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘তদন্ত চলছে। ঘটনার দিন সকালে মিলন বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে পরের সব ঘটনার তথ্য সংগ্রহ চলছে। তদন্তে পাওয়া তথ্য ও ভিডিওচিত্র দেখে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’মিলনের মুঠোফোনের কোনো হদিস মেলেনি। এ প্রসঙ্গে ওসি জানান, তাঁরা এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মুঠোফোন কোম্পানির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন।মিলনের মা কহিনুর বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ‘ডিবি পুলিশের লোকজন আমার বাড়িতে এসে মিলন সেদিন কখন, কী জন্য বাড়ি থেকে বের হয়, কীভাবে তাঁর মৃত্যুর সংবাদ পাই—এসবসহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁদের বলেছি, মিলনের হত্যাকারীদের শাস্তি চাই। আর কিছু চাই না।’টেকেরবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প: পুলিশের চট্টগ্রাম বিভাগীয় উপমহাপরিদর্শকের (ডিআইজি) নির্দেশে গতকাল টেকেরবাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানা থেকে ওই ক্যাম্পের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার।পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী বলেন, মিলনকে হত্যার ঘটনায় টেকেরবাজারবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। তা ছাড়া ওই এলাকায় ডাকাতিও বেশি। মানুষের ভয় দূর ও আস্থা ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়েছে।পুলিশ সুপার বলেন, ক্যাম্পের জন্য গত বৃহস্পতিবারই পুলিশ লাইন থেকে ১৫ জন কনস্টেবলকে কোম্পানীগঞ্জে পাঠানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার একজন উপপরিদর্শকের নেতৃত্বে তাঁরা থাকবেন। ক্যাম্প স্থাপনে এলাকাটিতে অপরাধপ্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।গত ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে মেরে ফেলে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনার এক সপ্তাহের মাথায় মিলনের মা কহিনুর বেগম আদালতে মামলা করেন।