বাড়ি ছাড়তে হলো খালেদাকে
খালেদা জিয়া বাড়ি ছেড়ে দিয়ে আদালতের রায় বাস্তবায়নে সহযোগিতা করেছেন: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বাড়ির বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নজিরবিহীনভাবে আমাকে উচ্ছেদ করা হয়েছে: খালেদা জিয়া।খালেদা জিয়ার বাড়ি নিয়ে প্রশাসন আর রাজনীতির বাইরের সাধারণ মানুষের জন্যও গত দিনটি ছিল শ্বাসরুদ্ধকর। শহরজুড়ে ছিল বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ, ১৬ গাড়িতে আগুন, ৩০ গাড়ি ভাঙচুর, পুলিশের লাঠিপেটা, ২১ জনকে আটক, হরতালের ডাক আর সাধারণ মানুষের দুর্ভোগ-উৎকণ্ঠা। গতকাল শনিবার সকাল ছয়টা থেকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়ি ঘিরে শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। সেই খবরে সকাল সাতটা থেকেই সেনানিবাসের বাইরে, বিশেষ করে জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। কারণ বাড়ির প্রধান বাসিন্দা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৩৮ বছর ধরে খালেদা জিয়া ওই বাড়িতে বসবাস করছিলেন।বেলা সোয়া তিনটার দিকে দরকারি কিছু জিনিসপত্রসহ খালেদা জিয়াকে তাঁর গাড়িতে তোলা হয়। এরপর ঢাকা সেনানিবাসের সামরিক ভূ-সম্পত্তি প্রশাসক বাড়ির দখল বুঝে নেন। বাড়ির বাকি মালামাল ভেতরেই ছিল। শুক্রবার রাতেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা খালেদা জিয়ার বাড়ির চারপাশে অবস্থান নেন। সকাল ছয়টা থেকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, ক্যান্টনমেন্ট বোর্ড, মিলিটারি পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেনা নিরাপত্তা ইউনিটের সদস্যরা বাড়ির সামনে অবস্থান নেন। সকাল সাতটার দিকে আসে র্যা ব ও পুলিশ। বাড়ির সামনে রাখা হয় চারটি ট্রাক, কয়েকটি বাস। সেনানিবাসে সাধারণের প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। ফলে সেনানিবাসের ভেতরের রাস্তাঘাটও ছিল ফাঁকা। দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে প্রধান ফটক খুলে বাড়ির আঙিনায় ও ছাদে অবস্থান নেয় র্যা ব-পুলিশ। একজন কর্মকর্তা বাড়ির তত্ত্বাবধায়কের কাছে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে জানতে চান। ‘ম্যাডাম ঘুম থেকে উঠেছেন। তিনি তাঁর কক্ষেই আছেন’—এমন তথ্য পান কর্মকর্তা। আটটার দিকে কর্মচারীদের মাধ্যমে খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার বিষয়টি জানানো হয়। তবে বাড়ির মূল ফটক না খোলায় তখন কেউ ভেতরে ঢুকতে পারছিলেন না।১৫৬ কাঠার এই বিশাল জায়গায় পুরোনো একতলা বাড়ির সঙ্গে সংযুক্ত পেছনের দোতলা বাড়ি। একতলা বাড়িতে ছিলেন খালেদা জিয়া। দোতলায় থাকতেন তাঁর দুই ছেলে। মূল ফটক পেরিয়ে ভবনের সামনে আলাদা একটি ফটক। তাতে মশা প্রতিরোধে তারের জালের দরজা।৬১ কর্মচারী স্থানান্তর: সাড়ে আটটার পর হাত মাইকে বাড়ির কর্মচারীদের মালপত্র নিয়ে গাড়িতে উঠতে বলা হয়। উপস্থিত একজন সেনা কর্মকর্তা প্রথম আলোকে জানান, কর্মচারীরা আগেই মালপত্র গুছিয়ে রেখেছিল। ডাকার সঙ্গে সঙ্গে তারা বাইরে বেরিয়ে আসে। সাড়ে নয়টার মধ্যে কর্মচারীসহ ৬১ জন মালপত্র নিয়ে বেরিয়ে আসে। তাদের মূল ফটকের বাইরে রাখা দুটি বাসে তুলে সেনানিবাসের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। ফোন সংযোগ বিচ্ছিন্ন: সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনানিবাসের বাইরে বিএনপির নেতা-কর্মীদের তৎপরতা বাড়ার পর খালেদা জিয়ার বাড়ির সব কটি ল্যান্ডফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাড়ির সঙ্গে বাইরের যোগাযোগ বন্ধ করতে মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি প্রতিরোধক যন্ত্র (জ্যামার) বসানো হয়। নিরাপত্তা কর্মকর্তারা বাইরে থেকেই খালেদা জিয়াকে বের হয়ে আসার জন্য অনুরোধ জানান। সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার একজন কর্মচারী এসে নিরাপত্তা কর্মকর্তাদের জানান, ‘ম্যাডাম নাশতা করে আইনজীবীদের সঙ্গে কথা বলার পর দরজা খুলবেন।’ খালেদা জিয়া তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে নেতা-কর্মী ও আইনজীবীদের সঙ্গে কথা বলেন। ফ্রিকোয়েন্সি প্রতিরোধক যন্ত্র কাজ করছে না—এ তথ্য জানানো হয় দায়িত্বপ্রাপ্তদের। পরে আবার নতুন ফ্রিকোয়েন্সি প্রতিরোধক বসানো হয়।বেলা ১১টা পর্যন্ত উপস্থিত কর্মকর্তারা খালেদা জিয়ার সঙ্গে কোনো কথা বলতে পারেননি। এমনকি বাড়ির মূল ফটকের দরজাও তিনি খোলার অনুমতি দেননি। বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বাড়ির কর্মচারীদের মাধ্যমে বারবার তাঁকে অনুরোধ জানালেও তিনি সাড়া দেননি। একপর্যায়ে উপস্থিত কর্মকর্তারা মূল ভবনের সঙ্গে মশা প্রতিরোধের জন্য লাগানো নেটের গেট খুলে ভেতরের মূল দরজার সামনে যান। একাধিক নারী কর্মকর্তা বাইরে থেকে বারবার খালেদা জিয়াকে দরজা খোলার অনুরোধ করেন। তিনি ভেতর থেকে কারণ জানতে চান। একপর্যায়ে খালেদা জিয়া জানালা দিয়ে কথা বলেন। তিনি একপর্যায়ে উত্তেজিত স্বরে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বেলা দুইটা পর্যন্ত থেমে থেমে এভাবে খালেদা জিয়ার সঙ্গে কর্মকর্তাদের আলোচনা চলে।বের হলেন খালেদা: উপস্থিত সূত্র জানায়, বেলা দুইটার পর দরজা খুলে বেরিয়ে আসেন খালেদা জিয়া। তিনি বাড়ি খালি করার কারণ জানতে চান। ততক্ষণে খালেদা জিয়ার দুটি জিপ গাড়ি গেটের সামনে এনে রাখা হয়। এ পর্যায়ে বাড়ি থেকে বেশ কটি কার্টন ও ব্যাগ গাড়িতে তোলা হয়। সাদা জিপে উঠতে গিয়ে খালেদা জিয়া জানতে চান, তাঁর বাড়ির জিনিসপত্রের কী হবে? তাঁকে সবকিছু ঠিকমতো পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তিনি লিখিত প্রতিশ্রুতি চান। ক্যান্টনমেন্ট বোর্ডের একজন পদস্থ কর্মকর্তা একটি কাগজে সেই প্রতিশ্রুতি লিখে দেন। বেগম জিয়া কাগজটি হাতে নিয়ে বলেন, ‘তোমার নাম-পদবি লিখে দাও।’ লিখে দেওয়ার পর তিনি তা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। একজন নারী গৃহকর্মী ও খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী তাঁর সঙ্গে ছিলেন। এভাবে প্রায় সোয়া ঘণ্টা বাড়ির বাইরে অবস্থান করে সোয়া তিনটায় গাড়িতে ওঠেন তিনি। গাড়ির সামনে চালকের বাঁ দিকের আসনে পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন নিরাপত্তাকর্মী বসেন। পেছনে খালেদা জিয়ার পাশে বসেন শামীম এস্কান্দারের স্ত্রী। আগে-পিছে পুলিশি পাহারায় খালেদার গাড়ি মইনুল সড়কের বাড়ি থেকে বেরিয়ে যায়।সেখান থেকে খালেদা জিয়া গুলশানের দলীয় কার্যালয়ে যান। সেখানে সংবাদ ব্রিফিং করে রাতে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় যান তিনি। আইএসপিআরের বক্তব্য: সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে আইএসপিআরের একটি মিডিয়া সেন্টার খোলা হয়। সারা দিনই সেখান থেকে সাংবাদিকদের বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। সর্বশেষ বিকেল পৌনে চারটার দিকে আইএসপিআরের পরিচালক শাহীনুল ইসলাম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেনানিবাসের বাড়িটি ছেড়ে দিয়েছেন। সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয়ের লোকজন বাড়িটি বুঝে নিয়েছেন। ফিরে দেখা: ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর একই বছরের ১২ জুন শহীদ মইনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাড়ির ইজারা বাতিল করা হয়। এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিট খারিজ করে দেন এবং বাড়ি খালি করার জন্য খালেদা জিয়াকে ৩০ দিন সময় দিতে বলেন। এই ৩০ দিনের সময়সীমা গত ১২ নভেম্বর শেষ হয়েছে। অবশ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন আপিল আবেদন করেছেন। তার শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি রয়েছে।সর্বশেষ: রাতে বিএনপির পক্ষ থেকে কাফরুল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। থানার বক্তব্য, বাড়ির বিষয়ে যেহেতু আদালতের রায় আছে, তাই আর মামলা নেওয়ার সুযোগ নেই।