বাড়ি থাকি ভোরে আসি লাইনোত খাড়া হওচি, চাউল পাওছি না
রংপুরের বদরগঞ্জ পৌরশহরে ওএমএস ডিলার নিয়োগ করা হলেও গ্রাম পর্যায়ে নেই। এ কারণে গ্রামের দরিদ্র লোকজন সরকার নির্ধারিত কম দামে চাল কেনার সুযোগ পাচ্ছে না। ভুক্তভোগীদের অভিযোগ, পৌরশহরে নিয়োগ করা ওএমএস ডিলারের দোকানগুলোয় কাকডাকা ভোরের আগেই লাইন পড়ে যায় শহরের লোকজনের। এ কারণে গ্রামের লোকজন এসে পেছনে লাইন দিলেও বরাদ্দ ফুরিয়ে যাওয়ায় স্বল্প দামে চাল কেনার সুযোগ নিতে পারছে না তারা।‘বাড়ি থাকি ভোরে আসি লাইনোত খাড়া হওচি, চাউল পাওছি না। মোরটে ২৫ টাকা আছে। মোক এক সের চাউল নিয়া দ্যান তো বাবা।’ কথাগুলো বলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর দলপাড়া গ্রামের বৃদ্ধা আম্বিয়া খাতুন (৬২)। আম্বিয়ার মতো আমরুলবাড়ি গ্রামের খোদেজা (৪৫), জামালপুরের সেলিনা (৫০), মাধাইখামারের মরিয়ম (৪৮), রামনাথপুরের আবদুুল জব্বারসহ অনেকেই বদরগঞ্জ পৌরশহরের একজন ওএমএস ডিলারের দোকানে ২৫ অক্টোবর লাইন দিয়েও চাল না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। জানা যায়, বাজারের চেয়ে ওএমএসের চালের দাম কেজিতে ১১-১২ টাকা পার্থক্য হওয়ায় চাল কিনতে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে প্রতিদিন পৌরশহরের ডিলারদের দোকানে দরিদ্র লোকজন ছুটে আসছে। কিন্তু চাহিদার তুলনায় অপ্রতুল বরাদ্দের কারণে ভোরে লাইন দিয়েও অনেকে চাল পাচ্ছে না। ২৫ অক্টোবর সকাল নয়টার দিকে বদরগঞ্জ পৌরসভার কলেজ সড়কে গিয়ে দেখা যায়, ওএমএস ডিলার ফজলে রাব্বির দোকানের সামনে দরিদ্র মানুষের দলাদলি। কেউ পরনের শাড়ির এক প্রান্তে চাল বেঁধে নিয়েছেন, আবার কেউ ব্যাগে। অনেকে চাল না পেয়ে চেঁচামেচি করছেন। কথা হয় রাজরামপুর দোলাপাড়া গ্রামের বৃদ্ধ নুর ইসলামের (৭০) সঙ্গে। তিনি বলেন, ‘ভোরে আসি দেখি আগোতে মানুষ লাইন ধরি আছে। মুই লাইনের পাছোত পড়ায় চাউল পাও নাই।’ পৌরশহরের চাঁদকুঠি গ্রামের মোর্শেদা বেগম (৩৪), সাজেদা বেগম (৪৫) ও রহিমা খাতুন (৭০) অভিযোগ করেন, পৌরসভা এলাকায় যাঁদের বাড়ি তাঁরা ভোরে আগেই লাইন দিয়ে থাকেন। দূরদূরান্ত থেকে গ্রামের লোকজন এসে লাইনের পেছনে পড়ায় চাল কেনার সুযোগ পান না। স্টেশন সড়কের ওএমএস ডিলার আকতার হোসেনের দোকানে গিয়ে দেখা যায়, চাল কেনার আশায় দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়েছে হতদরিদ্র নারী-পুরুষ। কিন্তু চাল শেষ। লোহানীপাড়ার রেবেকা খাতুন (৪৮) বলেন, ‘ভোরে ১০ মাইল আস্তা হাঁটি আসি দেখি, তাঁর আগোতে মানুষ লাইন ধরি আছে।’ অগ্রণী ব্যাংকের সামনের ওএমএস ডিলার শাহ্ জালালের দোকানেও গিয়ে দেখা যায়, চাল শেষ। তিনি জানান, বরাদ্দ পাওয়া এক টন চালে সামলানো যায় না। প্রত্যেক গরিব মানুষকে পাঁচ কেজি করে চাল দেওয়ার নিয়ম। কিন্তু লাইনে চার-পাঁচ গুণ বেশি লোক দাঁড়িয়ে যাওয়ায় বাধ্য হয়ে পাঁচ কেজির নিচে চাল বিতরণ করেছেন। তবুও অনেক মানুষ চাল না পেয়ে ফিরে গেছেন।আমরুল বাড়ি গ্রামের হতদরিদ্র সেলিম হোসেন (৫২)বলেন, ‘হামার বাড়ি গ্রামোত। গ্রাম থাকি শহরোত আসতে বাড়তি টাকা নাগে। গ্রামে সরকারি চাউল (ওএমএসের চাল) বেচাইলে হামার কষ্ট কমি গ্যাল হয়।’ কথাকলি সড়কের ওএমএস ডিলার আবদুস ছাত্তার জানান, শুক্রবার ও মঙ্গলবার বাদে প্রতিদিন বরাদ্দ পাওয়া যায় এক টন করে (এক হাজার কেজি) চাল। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওএমএসের দোকান খোলা থাকে। কিন্তু এক টন চাল বিক্রি করতে এক ঘণ্টাও লাগে না। জানা যায়, ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বদরগঞ্জ উপজেলা। রয়েছে একটি পৌরসভা। উপজেলায় হতদরিদ্র পরিবারের সংখ্যা অন্তত ৪৫ হাজার। শুধু পৌরসভায় নিয়োগ করা হয়েছে পাঁচজন ওএমএস ডিলার। ইউনিয়ন পর্যায়ে ডিলার না থাকায় পৌর এলাকায় গিয়ে চাল পেতে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিউক চৌধুরী বলেন, ‘শহরের পাশাপাশি গ্রামে ওএমএস ডিলার নিয়োগ করা গেলে হতদরিদ্র মানুষকে চাল কিনতে কষ্ট করে শহরের ডিলারের দোকানে আসতে হতো না। এটা সরকারের জন্যও সুনাম বয়ে আনছে।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল হক জানান, পৌরশহরে পাঁচজন ডিলারের মাধ্যমে সুষ্ঠুভাবে চাল বিতরণ চলছে। চালের বাজার বৃদ্ধি পাওয়ায় শহরে ওএমএসের দোকানগুলোয় ভিড় বাড়ছে। যাঁরা আগে লাইন দিচ্ছেন তাঁরা চাল পাচ্ছেন। ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগ করার আপাতত অনুমতি নেই।