বাড়ি দখল করে মুক্তিযোদ্ধা সংগঠনের নামে সাইনবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের নবীনগর প্রকল্পে একটি বাড়ি দখল করে তাতে ‘মুক্তিযোদ্ধা সন্তান যুব কমান্ড’ ও ‘মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি’ লেখা সাইবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাড়ির মালিক থানায় লিখিত অভিযোগ করে এখন হুমকি-ধমকির মধ্যে আছেন। পুলিশ দাবি করেছে, দখলকারীরা ফোনে তাদেরও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কাগজপত্রে দেখা যায়, প্রবাসী আইয়ুব আলী মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডে পৌনে চার কাঠার একটি প্লট কেনেন। ১৯৯৮ সালে হাউজিং কর্তৃপক্ষ তাঁকে ৪ নম্বর সড়কের ৩৮ নম্বর প্লটটি বুঝিয়ে দেয়। ২০০৮ সালে প্লটটি নিবন্ধনও দেয় তারা। ওই বছরই সেখানে একটি টিনশেড বাড়ি তৈরি করে ভাড়া দেওয়া হয়। আইয়ুব আলীর ছেলে আরিফুর রহমান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গত বছরের নভেম্বর মাসে নান্টু (ভালো নাম জানা যায়নি) নামের একজনকে মাসিক সাড়ে পাঁচ হাজার টাকায় বাড়িটি ভাড়া দেওয়া হয়। তিনি দুই মাসের ভাড়া পরিশোধ করেন। এরপর আর্থিক সমস্যায় আছে জানিয়ে ভাড়া দেওয়া বন্ধ করে দেন তিনি। এভাবে কয়েক মাস কেটে গেলে নান্টুকে বাড়ি ছেড়ে দিতে বলেন তাঁরা। তিনি অচিরেই বাড়ি ছেড়ে দেবেন বলে আশ্বাস দেন। কিন্তু সম্প্রতি নান্টু বাড়ির সামনে যুব কমান্ড সমবায় সমিতি বাজার প্রকল্প, পরিচালনায় মুক্তিযোদ্ধা সন্তান যুব কমান্ড নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন।আরিফুর রহমান জানান, এর কারণ জানতে চাইলে নান্টু দাবি করেন, জমিটি সরকারি। সরকারই যুব কমান্ডের নামে তা বরাদ্দ দিয়েছে। তিনি নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান বলেও দাবি করেন। কয়েক দিন পর বাড়িটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি লেখা আরেকটি সাইনবোর্ড ঝোলানো হয়েছে। আরিফের দাবি, এরপর নান্টু ও তাঁর সহযোগীরা তাঁদের হুমকি-ধমকি দেওয়া শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে আরিফ গত ৯ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জানতে চাইলে জিডির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বলেন, ‘দখলদারেরা ফোনে আমাকেও হুমকি দিচ্ছে। তারা নাকি দেশ স্বাধীন করেছে। আমাকে চাকরি কে দিল ইত্যাদি কথা বলছে।’ এসআই কামাল উদ্দিন আরও বলেন, ‘দখলদারেরা দাবি করছে, সরকার তাদের জমিটা বরাদ্দ দিয়েছে। আমি তাদের বারবার কাগজপত্রসহ থানায় আসতে বলেছি। কিন্তু তারা আসে না। আমি এখন আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইব।’ মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাগজপত্র ঠিক আছে। গ্রাহকেরা প্লট কিনে বাড়ি করে সেখানে থাকছে। কোনো প্লটে কোনো সমস্যা নেই। শুধু এই প্লটটি সরকারি জমি হয়ে গেল কী করে?’ তিনি আরও বলেন, ‘যাঁরা এ রকম দাবি করছেন, তাঁদের কাগজপত্র নিয়ে এসে প্রমাণ করতে বলেন। আমরা আমাদের কাগজপত্র নিয়ে প্রস্তুত আছি।’গত ২৬ সেপ্টেম্বর গিয়ে দেখা যায়, ৩৮ নম্বর বাড়িটিতে দুটি সাইনবোর্ড ঝুলছে। বাড়িটি তালাবদ্ধ। আশপাশের লোকজন জানান, কয়েক মাস আগে ওই সাইনবোর্ডগুলো লাগানো হয়েছে। আগে নিয়মিত থাকলেও সম্প্রতি মাঝেমধ্যে কয়েকজনকে দেখা যায়। এলাকার একজন দোকানদার নাম প্রকাশ না করে বলেন, স্থানীয় কয়েকজন নেতার যোগসাজশে ওই বাড়িটি দখল করা হয়েছে। এখানে হঠাৎ করেই ‘মুক্তিযোদ্ধা’ নাম ব্যবহার করে কয়েকজন লোক জমি দখলে নেমেছে। ওই বাড়ি থেকে বের হয়ে এ প্রতিবেদক মোহাম্মদপুর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে যান। সেখানে কয়েকজন লোক বসে গল্প করছিলেন। পরিচয় দিয়ে অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে এক যুবক বলে ওঠেন, ‘ওই জমি সরকারি।’ পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নাম নান্টু। যুব কমান্ডের সভাপতি।’ বাড়িটি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করে তিনি দাবি করেন, ‘ওই জমিটা সরকারি। সরকারই যুব কমান্ডকে দিয়েছে। বাড়িটি সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে।’ কখন থেকে কার্যালয় চালু হয়েছে জানতে চাইলে নান্টু বলেন, ‘এক বছর ধরে।’ কিন্তু জমিটা তো কেনা হয়েছে ১৯৯৮ সালে।নান্টু বলেন, ‘এটা আমরা জানি না।’বাড়িটি কে তৈরি করেছেন জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। প্রতিবেদক ওখান থেকে মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের কার্যালয়ে ফোন করতে চাইলে নান্টু বাধা দেন। একপর্যায়ে নান্টু প্রতিবেদককে বলেন, ‘আপনি ওদের (অভিযোগকারী) কাগজপত্র নিয়ে একসময় আসেন।’ সময়টা তিনি ফোনে জানাবেন বলে জানান। কিন্তু এর পর থেকে নান্টু আর যোগাযোগ করেননি। পরে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনি রিপোর্ট কীভাবে করেন, আমি দেখব।’নান্টুর সংগঠনের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্য জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধা যুব কমান্ড বা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি নামের কোনো সংগঠনের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।’ তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে অনেকেই দখলদারিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে—এমন তথ্য আমাদের কাছেও আসছে।’প্রথম আলো এ বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পর দখলদারেরা বাড়িটির সামনে নতুন সাইনবোর্ড লাগিয়েছেন। এবারের সাইনবোর্ডে লেখা আছে, ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন (তৃতীয় পর্যায়) প্রকল্প। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম। বাস্তবায়নে: মুক্তিযোদ্ধা চেতনা বিকাশ কেন্দ্র।’