বাড়ি নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করা হচ্ছে না: আবদুর রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেশির ভাগ মফস্বল শহর ও গ্রামে বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অনুসরণ করা হচ্ছে না। ফলে বড় ধরনের ভূমিকম্প হলে সারা দেশে বিপর্যয় নেমে আসতে পারে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় আজ বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এ কথা বলেছেন।রাজধানীর ওসমানী মিলনায়তনে দুর্যোগ প্রস্তুতি দিবসের দিনব্যাপী অনুষ্ঠানে বক্তারা ঘরে ঘরে দুর্যোগ-বিষয়ক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতি ঘরে ঘরে, জীবন-জীবিকা রক্ষা করে’।আবদুর রাজ্জাক বলেন, ঢাকা মহানগরসহ সারা দেশে সব স্থাপনা নির্মাণে বিল্ডিং কোড অনুসরণে বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে স্থাপনা নির্মাণে বিল্ডিং কোড অনুসরণের বিষয় তদারক করতে বিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে। হাইতির তুলনায় চিলিতে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা বেশি থাকলেও পূর্বপ্রস্তুতির কারণে চিলিতে ক্ষয়ক্ষতি হয়েছে কম। সম্প্রতি জাপানে ভূমিকম্পের ক্ষেত্রেও দেখা গেছে স্থাপনা নির্মাণে যথাযথ প্রযুক্তি ব্যবহার করায় ভবন ধসের ঘটনা কম ঘটেছে।দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, সরকার ভূমিকম্প-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য ৭০ কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে। পাড়া-মহল্লায় ভূমিকম্প মোকাবিলায় ৬২ হাজার স্বেচ্ছাসেবক গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচির প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে। আইলায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে ৯৬ কোটি টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অনেক পরিবারকে এখনো ভিজিএফের আওতায় খাদ্য সাহায্য দেওয়া হচ্ছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এম এ কাসেম ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকির।অনুষ্ঠানে দুর্যোগবিষয়ক প্রতিবেদন প্রকাশের জন্য দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ, দৈনিক ইত্তেফাকের খলিলুর রহমান, খুলনার দৈনিক প্রবীর বিশ্বাস, এনটিভির সুলতানা রহমান, আরটিভির ঝুমুর বারীকে দুর্যোগ ব্যবস্থাপনা মিডিয়া অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় মন্ত্রী দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলির (এসওডি) নতুন সংস্করণ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা শীর্ষক দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।