বাড়ি ফিরে ডোবায় তিন সন্তানের লাশ পেলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবারও মসজিদে ফজরের নামাজে ইমামতি করে বাড়ি ফেরেন হাফেজ আবদুল মালেক। ভোর তখন সাড়ে ছয়টা। ঘরে পা দিয়ে পরিবেশটা অস্বাভাবিক লাগে তাঁর। ঘরে দরজা খোলা, কিন্তু স্ত্রী ও তিন সন্তানের কোনো সাড়া নেই। তাদের ডাকেন তিনি। না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পরই তিনি বড় মেয়ে মারিয়া আক্তারকে (১৩) পান। বাড়ির পাশের ডোবায় ভাসছে তার লাশ। মালেকের আহাজারি ও চিত্কারে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। ওই ডোবা থেকে মালেকের অপর দুই সন্তান ছেলে মাইনুল ইসলাম (৭) ও মেয়ে মরিয়ম আক্তারের (৪) লাশও উদ্ধার করেন তাঁরা। এর ঘণ্টা খানেক পর ফিরে আসেন তিন সন্তানের মা রেণু বেগম (৩০)। গতকাল মালেক ও তাঁর প্রতিবেশীরা এভাবেই ঘটনার বর্ণনা দেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের উত্তর ক্ষুদ্রকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রেণু বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মানসিকভাবে সুস্থ নন বলে মালেকের দাবি। রেণু বেগমকে বাড়িতে নিয়ে আসেন ইউনিয়ন পরিষদের চৌকিদার শ্যামল বর্মণ। শ্যামলের ভাষ্য, ভোরের দিকে গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা নদীতে রেণুকে হাবুডুবু খেতে দেখে জেলেরা তাঁকে উদ্ধার করেন। পরে তাঁর হাতে রেণুকে তুলে দেন জেলেরা। খবর পেয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাটি বরিশাল মহানগরের বিমানবন্দর থানা এলাকায় ঘটায় মহানগর পুলিশ কমিশনার আবদুর রহিমসহ পুলিশের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। বেলা দুইটার দিকে ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।আবদুল মালেক জানান, তিনি রহমতপুর এলাকার ৭ মাইল স্টেশনের মসজিদের ইমাম। বুধবার দুপুরে খাওয়ার পর তিনি বাড়ি থেকে কর্মস্থলের দিকে রওনা হন। এ সময় তাঁর তিন সন্তান সুস্থ ও স্বাভাবিক ছিল। মালেকের ভাষ্য, মাস দুয়েক ধরে রেণু বেগম কিছুটা অস্বাভাবিক আচরণ করছিলেন। তাঁর ওপর জিনের আছর পড়েছে ভেবে স্থানীয় একজন ওঝা দিয়ে তিনি চিকিত্সাও করান। রেণুর বাবা মফিজুর রহমান ও মা ফরিদা বেগমের ভাষ্য, রেণু মানসিক ভারসাম্যহীন নন। তবে কিছুদিন ধরে তিনি অসুস্থ বলে মালেকের কাছে শুনেছেন। মেয়েকে তাঁরা বাড়িতে নিয়ে চিকিত্সাও করাতে চেয়েছিলেন, কিন্তু মালেক এতে রাজি না হয়ে নিজেই চিকিত্সা করাবেন বলে জানান। রেণুর বোনের মেয়ে মিনারা বেগম বলেন, কিছুদিন ধরে তাঁর এই খালার মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। তিনি ঠিকমতো খাওয়া-দাওয়াও করছিলেন না। এ ব্যাপারে বরিশালের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রেণু মানসিক ভারসাম্যহীন কি না, তা চিকিত্সকেরা বলতে পারবেন। তবে তিনি তিন সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেছেন। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বাবুগঞ্জ থানার ওসি আবুল খায়েরও একই কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে গ্রেপ্তার হওয়া রেণু বেগম বলেন, ‘আমিই মারছি ওদের। প্রথমে ছোট, পরে মেজো ও শেষে বড়টাকে। রাতে ফজরের আজানের আগে আমি ঘর থেকে বের হলে ওরা আমার পেছনে পেছনে যায়। আমি আত্মহত্যা করার জন্য পানিতে নামলে ওরাও নামে। তারপর আমি গলা টিপে ওদের মেরে ফেলি। আমি ওদের মেরেছি, এখন আমাকে ফাঁসি দেন।’ কেন মেরেছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে আত্মহত্যা করতে বাধা দেওয়ার কারণে মেরেছি।’ আত্মহত্যা করতে চাওয়ার কারণ সম্পর্কে রেণু বলেন, বেঁচে থাকতে তাঁর আর ভালো লাগছে না।