বাড়ি ফিরেছেন রাজেশ খান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিকভাবে দুর্বল ও অস্বস্তি বোধ করার কারণে গত সপ্তাহে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজেশ খান্না। অবশ্য শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুই দিন বাদেই হাসপাতাল ত্যাগের অনুমতি মিলেছে তাঁর। এই মুহূর্তে নিজের বাসাতেই বিশ্রামে আছেন ৬৯ বছর বয়সী শক্তিমান এই অভিনেতা।এ প্রসঙ্গে রাজেশ খান্নার ম্যানেজার অশিনের উদ্ধৃতি দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, সম্প্রতি শারীরিক জটিলতা দেখা দিলে রাজেশ খান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য সাধারণ কিছু পরীক্ষা-নিরীক্ষার দুই দিন পরই হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন তিনি। অশিন আরও জানান, চিন্তার কোনো কারণ নেই। এখন তিনি পুরোপুরি সুস্থ। ডিম্পল কাপাডিয়া তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। বাসায় ফেরার পরও সব সময় তাঁর পাশে থাকছেন ডিম্পল।উল্লেখ্য, ১৯৭৩ সালে বিয়ে করেন রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া। তাঁদের দুই মেয়ে টুইংকেল ও রিংকি খান্না। ১৯৮৪ সাল থেকে আলাদাভাবে বসবাস করছেন রাজেশ-ডিম্পল জুটি। অবশ্য আজ অবধি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথ মাড়াননি তাঁরা।