বাড়ি বানাতে ঘুষ দিয়েছিলেন লাদেন!
পাকিস্তানের অ্যাবোটাবাদে তিন তলা বাড়িটি নির্মাণের আগে পাকিস্তানের এক রাজস্ব কর্মকর্তাকে ৫০ হাজার রুপি ঘুষ দিয়েছিলেন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন। আজ বুধবার পাকিস্তানের উর্দু ভাষার দৈনিক ‘জং’-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়।প্রতিবেদনে বলা হয়, তিনতলা বাড়ি, এটির চারপাশে ১৪ ফুট দীর্ঘ সীমানাপ্রাচীর এবং লোহার বেড়া নির্মাণের আগে পাটওয়ারি নামে এক ব্যক্তিকে ঘুষ দিয়েছিলেন ওসামা। এতে বলা হয়, বিন লাদেনের ব্যবহূত একটি ডায়েরি অনুবাদ করে পাকিস্তানের কর্মকর্তারা ঘুষ দেওয়ার বিষয়ে বিস্তারিত জানেন। গত বছরের ২ মে অ্যাবোটাবাদের বাড়িতে মার্কিন নেভিসিলসের অভিযানে ওসামা নিহত হন। পরে বাড়ি থেকে উদ্ধার করা এক লাখ ৩৭ হাজার নথির মধ্যে ওই ডায়েরিটিও খুঁজে পান পাকিস্তানি কর্মকর্তারা। উল্লিখিত বিষয়ের অবতারণা করে প্রতিবেদনে বলা হয়, বিন লাদেন প্রতিদিনই এ ডায়েরি লিখতেন। সেখানেই তিনি ঘুষ দেওয়ার বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন। এতে আরও বলা হয়, ওসামা রাজস্ব কর্মকর্তাদের ঘুষ নেওয়ার প্রবণতা সম্বন্ধে ভালোভাবেই জানতেন। এমনকি তিনি পাটওয়ারিকে ঘুষ দেওয়ার অনুমতিও পেয়েছিলেন। পরে সেই পাটওয়ারি পাকিস্তানি নিরাপত্তা সংস্থার হাতে গ্রেপ্তার হন। তবে তিনি ঘুষ নেওয়ার সময় ওসামার অবস্থান সম্বন্ধে জানতেন না।