বাড়ি ভাড়া আইন বিষয়ে হাইকোর্টের রুল
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণসংক্রান্ত আইন ও বিধি-বিধান কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইনসচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ২৫ এপ্রিল বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ কার্যকরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।রিটে অভিযোগ করা হয়, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রসিদ ও বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেওয়াসসহ বিভিন্ন বিধান থাকলেও অনেক ক্ষেত্রে বাড়ির মালিকেরা তা মানছেন না। তাঁরা আইনের বিধান ভেঙে ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি ও ভাড়াটিয়াদের যখন-তখন বাড়ি ছাড়তে বাধ্য করছেন। এমনকি ঢাকা সিটি করপোরেশনের নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারেও ভাড়া আদায় করা হচ্ছে না। এ ছাড়া বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুসারে এর অধীনে বিধি প্রণয়নের বিধান থাকলেও আজ পর্যন্ত তা করা হয়নি।রিটে সরকারের মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইনসচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে বিবাদী করা হয়।উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকরের জন্য হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে সরকারকে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়। সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়, নতুবা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। নোটিশের জবাব না পাওয়ায় সংগঠনটির পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ রিটটি দায়ের করেন।