বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের ছুটি কাটাতে ঢাকা থেকে জয়পুরহাটের বাসার উদ্দেশে যাত্রা করেন গোলাম মর্তুজা (২০)। ঢাকার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মর্তুজার আর বাড়ি যাওয়া হলো না। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের দরুন এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। মর্তুজা জয়পুরহাট শহরের পূর্ব জানিয়ার বাগান এলাকার বাসিন্দা। তাঁর বাবা মজিবর রহমান জয়পুরহাট চিনিকলের একটি আখ ক্রয়কেন্দ্রের পরিচালক।গত বুধবার রাত সোয়া ১০টায় মর্তুজা মুঠোফোনে মাকে বলেন, ‘মা, আমি বাসের টিকিট এখনো সংগ্রহ করতে পারিনি। টিকিট পেলেই জয়পুরহাট আসছি। বাড়িতে ফেরার পর কথা হবে।’ এই ছিল মায়ের সঙ্গে মর্তুজার শেষ কথা। নিহত মর্তুজার খালু হবিবর রহমান জানান, মর্তুজা বুধবার রাতেই ঢাকা থেকে রওনা করেন। ভোর সোয়া ছয়টায় তাঁর মুঠোফোন থেকে বাড়ির মুঠোফোনে কল করে অপরিচিত এক ব্যক্তি জানান, মর্তুজা টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ খবর শোনার পর তাঁর মা-বাবা ও দুই বোন জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা বাড়িতে ভিড় জমায়।মর্তুজার মেজো বোন জয়পুরহাট সরকারি মহাবিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী মাতলুবা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ভাইয়ের আসার কথা ছিল না, আম-কাঁঠাল খাওয়ার জন্য আমরা তাঁকে আসতে অনুরোধ করেছি। কিন্তু ভাই না এসে আমাদের ছেড়ে গেলেন চিরদিনের জন্য।’ দুর্ঘটনাস্থলে গিয়ে মর্তুজার লাশ শনাক্ত করেন তাঁর বাবা মজিবর ও জয়পুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলজার হোসেন। গোলজার জানান, টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চারজনই জয়পুরহাট জেলার।জানাজা শেষে গতকাল সন্ধ্যায় মর্তুজার মরদেহ জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের প্রতাপপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমান বলেন, মর্তুজা লেখাপড়ায় ভালো ছিলেন।