বাড়ি যেন বকের বাসা
সড়কসংলগ্ন বাড়ি। বাড়িটির চারদিকে নানা জাতের গাছপালা। গাছের পাতা, ফুল কিংবা ফল ছাপিয়ে চোখে পড়ে বক ও বকের নীড়। কোনো বাসায় ডিমে তা দিচ্ছে বক, কোনোটিতে মা-বক চুপচাপ বসে আছে বাচ্চা নিয়ে।বাড়িটির অন্যতম মালিক মো. এমদাদুল হক জানান, তাঁদের বাড়িতে বকের এই আশ্রয় প্রায় আট বছর ধরে। আগে বছরের ছয় মাস এখানে কাটিয়ে অন্যত্র চলে যেত। কিন্তু এবারই প্রথম বকগুলো বাসা বেঁধেছে। নানা প্রজাতির হাজার হাজার বকের আনাগোনা এবং বকের বাসা দেখতে বাড়িতে ভিড় করছে বহু মানুষ।বাড়িটির অবস্থান সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রামে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের পাশে। আজ বিশ্ব পরিবেশ দিবসে ওই বাড়ির মালিককে সম্মাননা জানাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, ‘প্রাণিকুলের স্বভাব হচ্ছে, যেখানে তারা নিরাপদ মনে করে, সেখানেই আশ্রয় গড়ে তোলে। আর সেই আশ্রয় যদি হয় নিরাপদ, তাহলে বাসাও বাঁধে। নিরাপদে প্রজনন করার ক্ষেত্রে এই বাড়ি উপযোগী মনে করেছে বকগুলো।’এমদাদুল হকের ভাষ্যমতে, তাঁর বাবা মো. নূরউদ্দিন পাখিপ্রেমী ছিলেন। প্রায় তিন একর আয়তনের বসতভিটায় পাখির নিরাপদ আশ্রয়ের জন্য তিনি বাড়ির সামনে ও পেছনে দুটো পুকুর খনন করেন। পুকুরপাড়ে বাঁশসহ বিভিন্ন ফলদ গাছ রোপণ করেন। ২০০৪ সালে বাবা মারা যান। মারা যাওয়ার কয়েক দিন আগে তিনি বাড়ির সামনে এক পাখিবিক্রেতার কাছ থেকে আট জোড়া সাদা বক কিনে বাড়িতে এনে ছেড়ে দেন। বকগুলো কয়েক দিন বাড়িতেই ছিল। একপর্যায়ে চলে যায়। কিন্তু পরের বছর শত শত বক এসে আবার বাড়িতে আশ্রয় নেয়। এভাবে প্রতিবছর বকের সংখ্যা বাড়তে থাকে। বকের বাসা বাঁধা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা (বক) ইবার সংসার পাতায় আমরার মনে বড় আনন্দ লাগের। আশ্রয়ে সন্তুষ্ট বলে মনে অয়!’বাড়িটি ঘুরে দেখা গেছে, আম, জাম, কাঁঠাল, নারকেল, সুপারিগাছ ও বাঁশঝাড়গুলোতে বকের বাসার সংখ্যা বেশি। একেকটি গাছে ৩৫টি পর্যন্ত বাসা আছে। নীড়ের কোনোটিতে ডিম, কোনোটিতে সদ্য ফোটা বাচ্চা। মা-বকগুলো বাসায় বসে আছে।বকের দেখভাল করার জন্য বাড়ির মালিক তিনজন শ্রমিক নিয়োগ করেছেন। ফরমেন পাত্র (৪৫) নামের একজন আদিবাসী শ্রমিক জানান, তাঁরা তিনজন পালা করে কাজ করেন। রাতে পাহারায় থাকেন দুজন। তাঁদের হিসাবমতে, পুরো বাড়িতে প্রায় সাড়ে পাঁচ হাজার বকের বাসা রয়েছে। বাসাগুলো ঘিরে পুরুষ বকের আনাগোনা থাকে। ২৫ থেকে ৩০ হাজার বকের নিবাস এই বাড়ি।পাথর ব্যবসায়ী এমদাদুল হক জানান, ‘নূর আনোয়ারাবাদ-বড়বাড়ি’ নামের এ বাড়ির মালিক তাঁরা তিন ভাই। দুই ভাই স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকেন। বাড়িতে থাকেন তিনি, তাঁর স্ত্রী ও তাঁদের দুই ছেলেমেয়ে। তিনি বলেন, ‘বাবার প্রতি শ্রদ্ধা জানাতেই বকগুলোর প্রতি আমরা পারিবারিকভাবে মায়া দেখাচ্ছি। এ মায়া সারা জীবন দেখাব।’ তিনি জানান, বকের নিরাপদ আশ্রয় দেখে ইদানীং পানকৌড়িসহ অন্য প্রজাতির পাখিও আশ্রয় নিতে শুরু করেছে।বাপার সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম জানান, আজ বিশ্ব পরিবেশ দিবসে ওই বাড়ির মালিককে সিলেট নগরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পৃষ্ঠপোষকতায় সংবর্ধনা দেওয়া হবে। আবদুল করিম বলেন, ‘ওই এলাকা হাওর-অধ্যুষিত হওয়ায় বকসহ নানা প্রজাতির পাখি শিকার ও বিক্রি প্রায় প্রকাশ্যেই চলে। এ অবস্থার মধ্যেও বকের নিরাপদ বসতি গড়ার সুযোগ দেওয়ার পারিবারিক এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’