বাড়িওয়ালারা সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের পূর্ব মণিপুরের ৬৭৬/২ নম্বর বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম সুমন ওরফে বোমারু মিজান। গত বছরের ১৪ মে তাঁকে ওই বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখে, জেএমবির সঙ্গে ওই বাড়ির মালিক জড়িত কি না। তাদের তদন্তে বেরিয়ে আসে বাড়ির মালিকের অজান্তেই তাঁর বাসায় বোমারু মিজান বিস্ফোরক নিয়ে গবেষণা করতেন। এই ঘটনার পর থেকে সতর্ক হয়ে গেছেন সেই বাড়িওয়ালা। এখন একটি ফরমে বাড়ি ভাড়া নেওয়া পরিবারের প্রধানের নাম-ঠিকানা লিখে ও ছবি সেঁটে নিজের কাছে রেখে দিয়েছেন। ওই রকম ফরম আবার মিরপুর থানায়ও জমা দিয়েছেন। এ প্রসঙ্গে বাড়িওয়ালার ভাগ্নে মোহাম্মদ মিলন বলেন, ‘যখন বোমারু মিজানকে ধরে, তখন আমরা অনেক টেনশনের মধ্যে সময় কাটাইছি। ধরার দুই মাস পর পুলিশ মিজানের বাসা থেকে মালপত্র সরিয়ে নেয়। ফলে দুই মাস বাসায় নতুন ভাড়াটে দেওয়া যায় নাই। এতে আমাদের আর্থিক ক্ষতিও হইছে।’ভাড়াটে সম্পর্কে পর্যাপ্ত তথ্য না জেনেই নগরের বেশির ভাগ বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিচ্ছেন। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে সহজেই ঢাকায় বাসা ভাড়া নিতে পারছে জঙ্গি, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, চোরাচালানি, প্রতারক ও অজ্ঞান পার্টির সদস্য। বাসাবাড়ি থেকে এমন কোনো অপরাধী গ্রেপ্তার হলে বাড়িওয়ালাকেও হয়রানির মধ্যে পড়তে হয়। বাড়িতে যাতে অপরাধী আশ্রয় নিতে না পারে, সে জন্য বাড়ি ভাড়া দেওয়ার সময় যাচাই-বাছাই করে ভাড়াটে নিতে বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নগরের একাধিক বাড়িওয়ালা জানান, এ সংক্রান্ত কোনো আইন না থাকায় তারা ভাড়াটের তথ্যাদি নিতে গিয়ে বাধার সম্মুখীন হন। এ প্রসঙ্গে ডিএমপির সহকারী কমিশনার (অপারেশন) নজরুল ইসলাম জানান, একটি ফরমের মাধ্যমে ভাড়াটের ছবিসংবলিত তথ্যাদি নগরের প্রতিটি থানায় সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।অনুসন্ধানে জানা গেছে, বাড়িওয়ালার কাছে ভাড়াটের পর্যাপ্ত তথ্য না থাকায় এক শ্রেণীর প্রতারক কয়েক মাসের বাড়ি ভাড়া বকেয়া রেখে ভাড়া না দিয়েই বাসা থেকে পালিয়ে যাচ্ছে। আবার অজ্ঞান পার্টির সদস্যরা বাড়িওয়ালা কিংবা পাশের ভাড়াটের পরিবারের সদস্যদের ভালোমন্দ খাওয়ানোর ছলে অজ্ঞান করার ওষুধ খাইয়ে দেয়। তারপর সেই পরিবারের টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায় তারা।এদিকে বাড়িওয়ালার অজান্তেই নগরের কিছু বাড়ি পরিণত হয়েছে যৌনকর্মীদের কর্মক্ষেত্রে। এর ফলে বাড়িওয়ালার পাশাপাশি অন্যান্য ভাড়াটে বিব্রতকর অবস্থায় পড়ছেন। এ প্রসঙ্গে মালিবাগ চৌধুরীপাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাড়িওয়ালা জানান, স্বামী-স্ত্রী ও এক সন্তানের একটি পরিবার তাঁর বাড়ি ভাড়া নেয়। পরে তাতে দামি গাড়িতে চড়ে আসা মেহমানের আনাগোনা বেড়ে যায়। মহল্লার এক লোক তাঁকে জানায়, তাঁর ওই ভাড়াটের বাসা যৌনকর্মীদের কর্মক্ষেত্র হিসেবে ব্যবহূত হচ্ছে। এটা জানার পর তিনি ভাড়াটেদের বাসা ছেড়ে দিতে বাধ্য করেন।নগরের অভিজাত পাড়ার ইমারত শুধু নয়, সাধারণ এলাকার আধা পাকা টিনশেড বাড়িও যৌনকর্মীদের কর্মস্থল হিসেবে ব্যবহূত হচ্ছে। এমন এক ঘটনা জানালেন মিরপুর এক নম্বর সেকশনের বর্ধনবাড়ির বাসিন্দা রকিবুর রহমান। তিনি জানান, তাঁর আধা পাকা টিনশেড বাড়িতে আটটি পরিবার বাস করে। একবার একটি কক্ষে ছোট্ট একটি পরিবার ওঠে। দিন কয়েক না যেতেই দেখা যায়, সেই বাসায় নিত্যনতুন মেয়েদের আনাগোনা। আর রাতে আসতে থাকে পুরুষ মানুষ। এ অবস্থায় অন্যান্য ভাড়াটের আপত্তির মুখে যৌনকর্মীরা বাসা ছেড়ে দিতে বাধ্য হয়।অনেক মাদক ব্যবসায়ী ভাড়া বাসা নিয়ে সেই বাসায় মাদক রেখে ব্যবসা করে থাকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, ৫ জানুয়ারি ৩৮০/১৫ পূর্ব রামপুরার কুঞ্জবনের ফুরকান আহম্মেদের চতুর্থতলার ভাড়া বাসায় র্যাব-৩ অভিযান চালিয়ে ২৬৫টি ইয়াবা ট্যাবলেট ও দুই লাখ ৭৫ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করে। ২০০৭ সালে সেগুনবাগিচার একটি ফ্ল্যাট বাড়ি থেকে ৫৬০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ায় পুলিশের তোপের মুখে পড়েন ফ্ল্যাটের মালিক মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘ভাড়াটে আমার সঙ্গে অনেক ভদ্র আচরণ করত। নিয়মিত ভাড়া দিত। সে যে এত বড় মাদক ব্যবসায়ী, তা ভাবতেও পারিনি। তবে সেবার কয়েক মাস টেনশনে থেকে আমার শিক্ষা হয়েছে। এর পর থেকে ভাড়ার চুক্তিপত্র তৈরির সময় তাতে ভাড়াটের ছবিও যুক্ত করি। এর কপি আবার থানায় জমা দিয়ে রাখি।’এ বিষয়ে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি জহিরুল হক জানান, চুক্তিপত্র তৈরি কিংবা তার সঙ্গে ভাড়াটের ছবি চাইলে অনেকে আপত্তি করে। কেউ কেউ আবার বিব্রত হয়। ফলে নগরের যেসব এলাকায় ভাড়াটে খুব একটা পাওয়া যায় না, সেখানকার বাড়িওয়ালা এসব দিকে খেয়াল রাখতে পারেন না। কারণ কড়াকড়ি করতে গেলে ভাড়াটে পেতে ঝক্কি পোহাতে হবে। সরকার যদি বাড়িওয়ালা ও ভাড়াটে নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে এবং যদি তাতে ভাড়াটের ছবিসহ সব তথ্য বাড়িওয়ালা ও স্থানীয় থানায় রাখার বাধ্যবাধকতা থাকে তবেই বাড়িওয়ালা ও ভাড়াটেরা সচেতন হবেন।সব ধরনের ভাড়াটের ছবিসহ তথ্যাদি সংগ্রহের জন্য ডিএমপি উদ্যোগী হয়েছে বলে জানান ডিএমপির সহকারী কমিশনার (অপারেশন) নজরুল ইসলাম। তিনি বলেন, অপরাধী হিসেবে যদি কারও ভাড়াটে গ্রেপ্তার হয় তবে তাতে বাড়িওয়ালাকেও প্রাথমিকভাবে অপরাধী হিসেবে গণ্য করা হয়। আইনে বলা আছে, অপরাধীকে আশ্রয় দেওয়াও অপরাধ। সেক্ষেত্রে অভিযুক্ত বাড়িওয়ালাকে আদালতের মাধ্যমেই প্রমাণ করতে হবে যে তিনি না জেনেই অপরাধীকে বাড়ি ভাড়া দিয়েছিলেন।তথ্য সংগ্রহে থানার গড়িমসিনগরের ভাড়াটে পরিবার, বাসাবাড়ির গাড়িচালক এবং ব্যক্তিমালিকানাধীন ছাত্রাবাস ও মেসের তথ্য সংগ্রহে উদ্যোগী হয়েছে ডিএমপি। তবে নগরের থানাগুলোর গড়িমসির কারণে সেই উদ্যোগ গতি পাচ্ছে না। ২০০৯ সালের এপ্রিল মাসে থানাগুলোকে এসব তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত বেশির ভাগ থানা তথ্য সংগ্রহ করে ডিএমপির প্রধান কার্যালয়ে জমা দেয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এখন পর্যন্ত সূত্রাপুর, শ্যামপুর ও ডেমরা থানা তথ্য সংগ্রহের কাজে সফলতা দেখিয়েছে।গত বছরের ২৩ এপ্রিল ডিএমপির তত্কালীন যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নওশের আলী স্বাক্ষরিত একটি স্মারক থেকে জানা যায়, ব্যক্তিমালিকানাধীন ছাত্রাবাস ও মেস, ভাড়ায় বসবাসকারী পরিবার ও বেতনভুক্ত চালকদের তথ্য সংগ্রহের জন্য নগরের থানাগুলোয় তিনটি ফরম পাঠানো হয়েছে। বাসাবাড়ির মালিক-ভাড়াটে, বাড়ির গাড়িচালক এবং ব্যক্তিমালিকানাধীন ছাত্রাবাস বা মেসের মালিক ও সেগুলোর বোর্ডারের (সদস্য) নাম, বর্তমান-স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, টেলিফোন-মুঠোফোন নম্বর সংগ্রহ করার কথা ফরমগুলোর মাধ্যমে। বাসাবাড়ির ভাড়াটে, বাড়ির গাড়িচালক ও ছাত্রাবাস-মেসের বোর্ডারের ছবি, স্বাক্ষর ও বাম হাতের বুড়ো আঙুলের ছাপ সংগ্রহ করার ঘর রয়েছে ফরমগুলোয়। ভাড়াটেকে চেনে এমন দুজন শনাক্তকারীর নাম-ঠিকানা ও ফোন নম্বর, আগের বাড়ির মালিকের ফোন নম্বরসহ নাম-ঠিকানা যুক্ত করতে হয় এ ফরমে। ভাড়াটের পরিবারপ্রধানের পেশা, কর্মস্থলের ঠিকানা ও ফোন নম্বরও যুক্ত করতে হয় ফরমে।ভাড়াটের পরিবার, বাড়ির গাড়িচালক এবং ছাত্রাবাস-মেস ও এগুলোর বোর্ডারের তথ্য সংগ্রহের কাজটি গতি পাচ্ছে না কেন? এমন প্রশ্নে ডিএমপির সহকারী কমিশনার (অপারেশন) নজরুল ইসলাম জানান, নগরের থানায় থানায় যখন ফরমগুলো পাঠানো হয়, তখনই তারা বলেছে, জনবলের অভাবে তাদের নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে। ফরমের তথ্য সংগ্রহের জন্য তাদের আরও জনবল দরকার। এটি আসলে বিশাল এক কর্মযজ্ঞ। এর জন্য জনবলের পাশাপাশি অবকাঠামোও দরকার বলে তিনি জানান।