বাড়িতে গরু এলে এক পলক দেখতাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে আমার এমনই নেশা ছিল, ছেলেবেলায় ঈদের দিনটিতেও মাঠে ছুটে যেতাম। তাই ঈদের গরু, হাটে যাওয়া—এসব ব্যাপারে খুব বেশি আগ্রহ ছিল না। ছেলেবেলা কেটেছে ঢাকার ধানমন্ডিতে। পাশেই আবাহনী মাঠ। ১২-১৩ বছর বয়স থেকেই সেই মাঠ আমার অতি আপন হয়ে উঠেছিল। দুই ভাই, এক বোনের মধ্যে আমি সবার বড়। কোরবানির ঈদ এলে ছোট ভাই-বোনেরা গরু বা অন্যান্য বিষয় নিয়ে মেতে উঠত। কোথায় তাদের সঙ্গে যোগ দেব, তা না, আমি ছুটতাম বলের পেছনে। ঈদ এলে বাবা-চাচারাই গরু কিনতে হাটে যেতেন। বাড়িতে গরু এলে এক পলক দেখতাম। ব্যস, ততটুকুই। ঈদের আগে আমাদের জন্য নতুন কাপড় কিনে আনা হতো। ভাঁজ অটুট রেখে তা তুলে রাখা হতো সযত্নে। খুব ভোরে উঠে গোসলটোসল সেরে ফেলতাম। তারপর নতুন কাপড় গায়ে চাপিয়েই ছুটতাম ঈদের মাঠে। আমরা ঈদের নামাজ পড়তাম বায়তুল মোকাররম মসজিদে। বাবা, চাচা, ভাইয়েরা মিলে দলবেঁধে চলে যেতাম সেখানে। নামাজ থেকে এসেই, সবাইকে সালাম করার পালা আর সেলামি তোলার ধুম। তারপর আর বিশেষ কিছুই না। মায়ের রান্না করা খাবার খেয়ে ঘরে বসেই কাটিয়ে দিতাম সারাটা দুপুর। আর ফাঁক পেলেই, সেটা দুপুর কিংবা বিকেল, ছুটে যেতাম মাঠে। সে সময় আমার বয়সী ছেলেরা যখন বন্ধুবান্ধব নিয়ে হইহুল্লোড়ে মত্ত, তখন আমার সঙ্গী ওই ফুটবল!ছেলেবেলার ঈদ আর এখনকার ঈদে আসলে তেমন কোনো পার্থক্য খুঁজে পাই না। এখনো আগের মতোই ঈদ এলে ঘরকুনো হয়ে থাকি। এক ছেলে এক মেয়ে আমার। মেয়ে থাকে জার্মানিতে, ছেলেটা লন্ডন। ওরা এলে ঈদটা ভালো কাটে। আমি এখন গুলশানে থাকি। এখানে চলে আসার পর ঈদের দিন দুপুরে মায়ের কাছে, ধানমন্ডিতে চলে যেতাম। চলে যেতাম বলছি, কারণ, মা আমাদের ছেড়ে চলে গেছেন না-ফেরার দেশে। এই প্রথম মাকে ছাড়া ঈদ করতে হবে। আগে দুপুরে মায়ের হাতের রান্না না খেলে ঈদটাই অপূর্ণ থেকে যেত। বারবার মায়ের কথা মনে পড়ছে। [অনুলিখিত]