বাড়িতে ঢুকে আফজল খানের ছেলের বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরতলির দৌলতপুরে একটি বাড়িতে ঢুকে গুলিবর্ষণসহ এক গৃহবধূকে লাঞ্ছিত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের ছেলে আরমান খানের নেতৃত্বে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।হামলার সময় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে তারা দৌলতপুরে রেলপথ ও সড়কপথ অবরোধ করে। লাঞ্ছিত ওই গৃহবধূ আরমান খানকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আরমান সাত-আটজন সন্ত্রাসী নিয়ে শহরতলির দৌলতপুর এলাকার বাসিন্দা ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের এক নেতার বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালায়। বাড়িতে ঢুকেই প্রথমে সাইফুল ইসলাম নামের একজন ফাঁকা একটি গুলি ছোড়ে। এর পরপরই আরমান একটি ফাঁকা গুলি ছুড়ে ওই বাড়ির এক নারীর চুলের মুঠি ধরে আঘাত করেন। আরমানের সঙ্গীরা তখন বাড়ির জানালার কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এসে আরমানের সহযোগী ও শহরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ডেঙ্গা কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। আরমান ও তাঁর সহযোগীরা পালিয়ে যায়।এদিকে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দৌলতপুরে চট্টগ্রাম-ঢাকা, সিলেট ও ময়মনসিংহ রেলপথ ও কুমিল্লা-কোটবাড়ী সড়কপথ অবরোধ করে। পরে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা শাখার সভাপতি তারিকুর রহমানের অনুরোধে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।বাড়ির মালিক প্রথম আলোকে বলেন, ‘আরমান খানের নেতৃত্বে কিছু ছেলে এলাকায় চাঁদাবাজি করেন। তবে তাঁরা আমাদের বাড়িতে কী কারণে গুলি করেছেন তা জানি না।’জানতে চাইলে আওয়ামী লীগের নেতা আফজল খান গতকাল রাত পৌনে আটটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দৌলতপুরে কোনো মেয়েকে নিয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছি। এ কারণে আরমানের বন্ধুরা তাকে ডেকে নেয়। আরমান ঘটনাস্থলে ছিল। তবে সে কিছু করেনি। তার সঙ্গের ছেলেগুলো খুব খারাপ। কতবার ওদের সঙ্গে চলতে মানা করেছি।’আফজল খান বলেন, ‘ওরা (বাড়ির মালিক) আমার কাছে ফোন করে বলেছে, আমার ছেলে তাদের বাসায় গিয়ে গুলি করেছে, ভাঙচুর করেছে। তারা এর বিচার চায়। আমি বলেছি, আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার তিতাসে আসবেন। আমি ব্যস্ত আছি। সোমবার বা মঙ্গলবার বিষয়টি আমি মীমাংসা করে দেব। তোমরা কোনো মামলায় যেয়ো না।’কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ আরমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ডেঙ্গা কবিরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।