বাড়িতে পতাকা উড়ছে, সোহেল তাজ বলছেন তিনি প্রতিমন্ত্রী নন
প্রধানমন্ত্রী চান, তানজিম আহমদ সোহেল তাজ মন্ত্রিসভায় থাকুন। সোহেল তাজের নিকটাত্মীয়রাও তা-ই মনে করেন। তাঁর বাড়িতে এখনো জাতীয় পতাকা উড়ছে, পুলিশ নিরাপত্তাও দিচ্ছে। কিন্তু আগের সিদ্ধান্তে অনড় সোহেল তাজ। বলছেন, তিনি প্রতিমন্ত্রী নন, সাংসদ হিসেবেই কাজ করতে চান। সরকারের শীর্ষ পর্যায় ও সোহেল তাজের ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।সরকারের প্রতিমন্ত্রী হিসেবে সোহেল তাজের থাকা না-থাকা নিয়ে রহস্যের শেষ নেই। গত বছরের ৩১ মে পদত্যাগ করে তিনি ৯ জুন যুক্তরাষ্ট্রে যান। ১৯ জুলাই সেখান থেকে টেলিফোনে গণমাধ্যমকে তিনি পদত্যাগের কথা জানান। কিন্তু তাঁর পদত্যাগ সম্পর্কে এখনো কোনো সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি। গত ২৭ জানুয়ারি দেশে ফিরলে বিমানবন্দরে সোহেল তাজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা স্বাগত জানান। প্রতিমন্ত্রীর প্রটোকল দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু সে সুযোগ-সুবিধা তিনি নেননি।সোহেল তাজ এখন বনানীর বাড়িতে থাকছেন। তিনি প্রতিমন্ত্রী নন দাবি করলেও ওই বাড়িতে এখনো জাতীয় পতাকা উড়ছে। পুলিশের সদস্যরা বাড়ির নিরাপত্তার দায়িত্বও পালন করছেন।কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী গত বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, সোহেল তাজ এখনো প্রতিমন্ত্রী। তিনি বলেন, সোহেল তাজের পদত্যাগপত্র গৃহীত হয়নি। এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, আপাতত তাঁর কোনো দপ্তর নেই। তাঁকে কোনো দপ্তর দেওয়া হচ্ছে কি না, সেটা প্রধানমন্ত্রীর বিষয়।সোহেল তাজ মনে করেন, সংবিধান অনুসারে পদত্যাগ করামাত্রই তা কার্যকর হয়। প্রথম আলোকে তিনি এ কথা আগেও বলেছেন। সংবিধানের ৫৮(১)-এর (ক) উপধারায় বলা আছে, ‘প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হইবে, যদি তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন।’এ সম্পর্কে জানতে চাইলে সোহেল তাজ প্রথম আলোকে বলেন, ‘আমি যা বলার ১৯ জুলাই বলেছি। আমি সরাসরি প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র পেশ করেছি। আরেকটি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। পদত্যাগপত্র জমা নেওয়ার কপি ও স্মারক নম্বরও আমার কাছে আছে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।সোহেল তাজ দেশে ফিরে এক দিন সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। সূত্র জানায়, অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দেখাও হয়েছে। তাঁদের মধ্যে কুশলবিনিময় ছাড়া আর কোনো কথা হয়নি। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তাঁর দুই দফা বৈঠক হয় বলে জানা গেছে। সৈয়দ আশরাফ সোহেল তাজকে সরকারের শীর্ষ পর্যায়ের মনোভাব জানিয়েছেন। কিন্তু তিনি প্রতিমন্ত্রী হিসেবে আর কাজ করতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন। সৈয়দ আশরাফ সোহেল তাজকে আরও ভাবার সময় দিয়েছেন। ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সৈয়দ আশরাফের সঙ্গে সোহেল তাজের আবার বৈঠক হতে পারে বলে জানা গেছে।সোহেল তাজ দেশে ফিরে এখনো তাঁর নির্বাচনী এলাকা কাপাসিয়ায় যাননি। যাবেন কি না, কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে দেশের বাইরে থাকাকালে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ ছিল। দেশে ফেরার পর প্রতিদিন কাপাসিয়ার নেতা-কর্মীরা তাঁর বনানীর বাসায় এসে দেখা করছেন। গতকালও এলাকার নেতাদের নিয়ে তিনি দীর্ঘ বৈঠক করেন। তাঁদের সঙ্গে তিনি এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন। স্থানীয় নেতা-কর্মীরা সোহেল তাজকে মন্ত্রিসভায় যোগ দিতে ক্রমাগত অনুরোধ করছেন।সোহেল তাজ প্রথম আলোকে বলেন, ‘এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার পর মাস দুয়েকের মধ্যে আবার আসব। আসা-যাওয়ার মধ্যেই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাব।’