জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণে প্রায় দুই বছর আগে চট্টগ্রামের বাসিন্দাদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছিল নগর পুলিশ। কিন্তু এই কাজে কোনো সাফল্য আসেনি। মহানগরের ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) গাফিলতির কারণে ওই উদ্যোগ ব্যর্থ হয় বলে পুলিশ কর্মকর্তারা স্বীকার করেন। তাই এবার বাড়ির মালিক ও মহল্লার নেতাদের সম্পৃক্ত করে ভাড়াটেদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়িভাড়ার সময় ভাড়াটেদের জাতীয় পরিচয়পত্র নিতে বাড়ির মালিকদের উদ্বুদ্ধ করা হবে।নগর পুলিশের উপকমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে নগরের বিভিন্ন মহল্লা ও আবাসিক এলাকার বাড়ির মালিকদের সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের নামের তালিকা সংগ্রহ শুরু করেছি। ইতিমধ্যে একাধিক থানা এলাকায় সংশ্লিষ্ট মহল্লা ও আবাসিক কমিটির তালিকা হাতে এসেছে। তাদের নিয়ে আমরা ঈদের পরই থানাভিত্তিক মুক্ত আলোচনা শুরু করব। ভাড়াটের জাতীয় পরিচয়পত্র রেখে বাড়িভাড়া দেওয়ার বিষয়ে আমরা বাড়ির মালিকদের বোঝাব।’বনজ কুমার আরও বলেন, ‘আশা করছি, মহল্লা বা আবাসিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ভাড়াটেদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজের সমম্বয় করবেন। এ কাজে পুলিশও তাঁদের সর্বোচ্চ সহযোগিতা করবে। এখানে মহল্লা ও আবাসিক কমিটির নেতারা কমিউনিটি পুলিশের মতো কাজ করবেন। এ ব্যাপারে আমাদের স্লোগান হচ্ছে, ‘নিজের নিরাপত্তা নিশ্চিত করুন, কমিউনিটি পুলিশকে সাহায্য করুন।’পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামে জঙ্গিসহ বিভিন্ন সন্ত্রাসীর তৎপরতা ছিল, এখনো আছে। বিশেষ করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতাসহ অনেক জঙ্গি নাম-ঠিকানা পরিবর্তন করে নগরে বাসাভাড়া করে থাকত। বিভিন্ন সময় অনেক জঙ্গি ও সন্ত্রাসী অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তারও হয়। সন্ত্রাসীরা নাম ও পরিচয় পরিবর্তন করেই বাসাভাড়া করত। ফলে তাদের ধরতে র্যাব-পুলিশকে বেগ পেতে হয়।খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম কারাগারে আটক জেএমবির শীর্ষ নেতা জাবেদ ইকবাল ওরফে মুহাম্মদ ২০০৫ সালের ১২ ডিসেম্বর শহরতলির কাট্টলী এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার হন। ওই সময় তাঁর ভাড়া বাসা থেকে র্যাব বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। ওই বিস্ফোরক দিয়ে বোমা বানানো হলে বড় কয়েকটি ভবন একসঙ্গে উড়িয়ে দেওয়া সম্ভব ছিল। জানা গেছে, জাবেদ ইকবাল নিজেকে আবু হুররব পরিচয় দিয়ে কাট্টলীর ওই বাসা ভাড়া নিয়েছিলেন। তাঁর নাম জাবেদ ইকবাল ওরফে মুহাম্মদ, যা ওই সময় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। তাঁকে ধরার জন্য সরকার পুরস্কারও ঘোষণা দিয়েছিল। তাঁর বাড়ির মালিকও জানতেন না, তিনি জাবেদ ইকবাল। অথচ আবু হুররব—এই ছদ্মনাম ব্যবহার করে বাসাভাড়া নিয়েছিলেন।চট্টগ্রামের আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী ও শিবিরের ক্যাডার দেলোয়ার হোসেন ওরফে আজরাইল দেলোয়ার প্রায় ছয় বছর আগে নগরের শুলকবহর এলাকার মুন্সিপুকুর পাড়ের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে বহদ্দারহাটে চাঞ্চল্যকর আট খুনসহ অস্ত্র ও আরও কয়েকটি হত্যা মামলা ছিল। ফয়সল নামে তিনি মুন্সিপুকুর পাড়ের বাসা ভাড়া নিয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর তাঁর নাম ও ঠিকানা পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে। পরে অবশ্য তিনি র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হন।পুলিশ সূত্র জানায়, বাসাভাড়া দেওয়ার আগে সংশ্লিষ্ট ভাড়াটের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করা থাকলে নগরে নাম পাল্টিয়ে বাসাভাড়া নেওয়ার প্রবণতা শূন্যের কোটায় নেমে আসবে। জাতীয় পরিচয়পত্র নেই—এমন ব্যক্তিদের কাছে বাড়ির মালিকেরা আর বাসা ভাড়া দিতে উৎসাহিত হবেন না। এতে নগরে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা কমে আসবে।শুলকবহর এলাকার বাড়ির মালিক রমিজউদ্দিন বলেন, ভাড়াটে সম্পর্কে তথ্যাবলি সংগ্রহ করতে হলে বাড়ির মালিকদের সম্পৃক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছাড়া ভাড়া দেওয়া নিষিদ্ধ হওয়া উচিত। এতে বাড়ির মালিকেরাও শান্তিতে থাকতে পারবেন। আর নগরে অপরাধ কমবে।ক্ষুদ্র প্রচারপত্র: ২০০৮ সালের ১৭ ডিসেম্বর প্রথম চট্টগ্রাম নগরে ভাড়াটেদের সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। তখন বাড়ির মালিকদের সচেতন করতে প্রায় এক লাখ ক্ষুদ্র প্রচারপত্র (স্টিকার) বিলি করা হয়েছিল। প্রচারপত্রে নগরের ১২ থানার ফোন নম্বর ছিল। এতে বড় বড় অক্ষরে লেখা হয়, ‘আপনার ভাড়াটিয়ার পরিচয় জানেন কি? সে হতে পারে কোনো ভদ্রবেশী অপরাধী, সন্ত্রাসী কিংবা জঙ্গি।’ এর নিচের অংশে আরও বলা হয়, ‘সুতরাং ভাড়াটিয়াকে জানুন এবং তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহে রাখুন। প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগ করুন।’পুলিশ সূত্র জানায়, নগরের ১২ থানার ওসিদের প্রচারপত্র বিলিসহ ওই কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই সময় ওসিরা মনোযোগ দিয়ে কাজ করেননি। তখন এক লাখ ক্ষুদ্র প্রচারপত্র বিতরণ হলেও ১৫ শতাংশ ফেরত আসে। সূত্র জানায়, প্রচারপত্রে বাড়িভাড়া দেওয়ার আগে ভাড়াটেদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে রাখতে পরামর্শ দেওয়া হয়। কোনো ভাড়াটের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা থাকলে তাঁর ব্যক্তিগত তথ্য সংগ্রহ কঠিন কোনো কাজ নয় বলে পুলিশ কর্মকর্তারা জানান। পুলিশ সূত্র জানায়, নগরের বাকলিয়া থানার তৎকালীন ওসি এ কাজে কিছুটা এগিয়ে ছিলেন। অন্য ১১ থানার ওসিরা এক শতাংশ কাজও করতে পারেননি। ওই সময়ের ১২ থানার কোনো ওসি এখন চট্টগ্রাম মহানগরে নেই। পুলিশ কর্মকর্তারা জানান, পৌনে দুই বছর আগে ভাড়াটেদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এই কার্যক্রম সম্পর্কে নগরের এক শতাংশ বাড়ির মালিকও জানতেন না। হালিশহর এলাকার বাড়ির মালিক আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘ভাড়াটে সম্পর্কে পুলিশের তথ্য সংগ্রহ কার্যক্রমের বিষয়টি আমাদের জানা ছিল না। কোনো পুলিশ কর্মকর্তা আমাদের কাছেও আসেননি। আমাদের ডাকলে আমরা পুলিশ কর্মকর্তাদের পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত।’উপকমিশনার বনজ কুমার বলেন, ‘মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ওপর পুরোপুরি নির্ভর থাকায় আমরা তখন সফল হতে পারিনি। তাই এবার ঈদের আগেই বিভিন্ন মহল্লা কমিটির নেতা ও বাড়ির মালিকদের সম্পৃক্ত করে ভাড়াটেদের সম্পর্কে তথ্য সংগ্রহের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।’