বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন সংশোধন করবে সরকার
বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন সংশোধন করবে সরকার। একই সঙ্গে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে আইনটি ভ্রাম্যমাণ আদালতের তফসিলভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।২৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব আবদুল আজিজ এ কথা জানান। তিনি বলেন, বাড়িভাড়া নিয়ে যচ্ছেতাই হচ্ছে বলে এরই মধ্যে সরকার বিষয়টি নিয়ে ভাবছে। আইনটির প্রয়োজনীয় সংশোধনী এনে এর প্রয়োগও নিশ্চিত করা হবে বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি জেলা সদরে সপ্তাহের বুধবার জেলা প্রশাসকদের গণশুনানিতে অংশ নিতে বলা হয়েছে। এদিন তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যদি কোনো কারণে জেলা প্রশাসক থাকতে না পারেন, সে ক্ষেত্রে তাঁর উপযুক্ত প্রতিনিধিকে থাকতে হবে। প্রশাসনকে জনগণের সেবা প্রতিষ্ঠানে পরিণত করাই এ পদক্ষেপের আসল উদ্দেশ্য।মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ বিভাগের অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম, এম এ এন সিদ্দিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালের জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া ২৮৯টির মধ্যে ১৬২টি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। ১২৭টির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়েছে। এবার ৩২১টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।মন্ত্রিপরিষদসচিব জানান, এবার যেসব বিষয় গুরুত্বপূর্ণ বিবেচনায় আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো হচ্ছে ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় ডিজিটালাইজ করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ পুনর্বাসনসহ স্থানীয় পর্যায়ে কর্মসৃজন করা, সমাজকল্যাণ, গ্রামীণ অবকাঠামো নির্মাণ সংস্কার, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর পরিধি বিস্তৃত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শতভাগ শিশুর স্কুলে গমন নিশ্চিত করা, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ৬৪ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে ভিডিও কনফারেন্সের আওতায় আনা, পরিবেশদূষণ রোধ, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করা, বিদ্যুত্ ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহার প্রভৃতি।আবদুল আজিজ জানান, এবার ৩৬টি মন্ত্রণালয় ও বিভাগের ওপর ২০টি কার্যদিবসে পর্যায়ক্রমিক আলোচনা হবে।মাঠ প্রশাসনের নানা সমস্যা-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব বলেন, যেকোনো সমস্যার সমন্বয় করে আইনের মধ্যে থেকে সমাধান করাই বড় চ্যালেঞ্জ। মাঠ প্রশাসনকে গুরুত্বপূর্ণ এ কাজটি করতে হয়। সেখানে কার সঙ্গে কার দ্বন্দ্ব, সেটি বিবেচনায় না আনাই ভালো।