বাড়িভাড়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের দাবি
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেছেন, রাজধানীতে সাধারণ মানুষকে তাঁদের আয়ের ৬০ থেকে ৬৫ ভাগ বাড়িভাড়ায় ব্যয় করতে হয়। মানুষকে এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য বিভিন্ন এলাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করতে হবে।আজ রোববার সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে বাদল এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকার বলছে কয়লা ভবিষ্যত্ প্রজন্মের জন্য মজুদ রাখা হবে। প্রশ্ন হলো গভীর সমুদ্রের খনিজ সম্পদ কেন ভবিষ্যত্ প্রজন্মের জন্য রাখা যাবে না। কেন তা বাপেক্সের মাধ্যমে ওঠানো হবে না। গভীর সমুদ্রে খনিজ সম্পদ ওঠানোর জন্য কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি হয়েছে। কনোকোফিলিপসকে নিরাপত্তা দেওয়ার জন্য সপ্তম নৌবহর আসবে। তাদের দেখে চীন-রাশিয়াও নৌবহর পাঠাবে। ভারতও ভ্রুকুটি করবে। তাদের এই বিরোধের মধ্যে সরকারের জড়ানো উচিত হবে না।বাদল বলেন, ‘আমাদের আইন-থানা-পুলিশ বিত্তনির্ভর। পুলিশ বিত্তের মোহে জড়িয়ে পড়েছে। সরকারি কর্মচারীরা দেদারসে রাজনীতি করছেন। আমরা কিছুই বলতে পারছি না। ক্ষমতা আমাদের দারুণ অহংকারী করে তুলেছে। এই অহংকার পতনের কারণ হতে পারে।’সরকারি দলের জহিরুল হক ভূঁইয়া বলেন, কিছু বেসরকারি প্রতিষ্ঠান, বাম রাজনীতিবিদ, নামধারী শ্রমিক ও ঝুট ব্যবসায়ী তৈরি পোশাক শিল্পে অস্থিরতা তৈরি করছে। তিনি গণমাধ্যমকে তৈরি পোশাকশিল্প নিয়ে উসকানিমূলক সংবাদ না করারও আহ্বান জানান।