বাড়িভাড়া নিয়ে ভোগান্তির শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের শুরুতেই ঢাকাসহ সারা দেশেই বাড়িভাড়া বাড়ানো হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামের কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, এ বাড়িভাড়া বৃদ্ধির পরিমাণ অস্বাভাবিক। কেউ কেউ বলছেন, বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের জিম্মি করে রাখছেন বাড়িভাড়া বৃদ্ধির ক্ষেত্রে। জানা গেছে, অস্বাভাবিক বাড়িভাড়ার পেছনে যে যুক্তি দেখানো হচ্ছে তা হলো, সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি ট্যাক্স বা কর বাড়ানো। কিন্তু অধিকাংশ ভুক্তভোগী বলেছেন, এ কর বাড়ানোর পরিমাণ সামান্যই, যা অস্বাভাবিক বাড়িভাড়া বাড়ানোর সঙ্গে অসমঞ্জস। সবাই বলছেন, বাড়িভাড়া নেওয়ার সময় কোনো লিখিত চুক্তি করা হচ্ছে না। বাড়িতে ওঠার পর কয়েক মাস যেতে না যেতেই বাড়িভাড়া বাড়ানো হচ্ছে দফায় দফায়।কিন্তু বাড়িভাড়া নিয়ন্ত্রণে দেশে যে আইন আছে, তা অনেকেই জানেন না। আবার জানলেও তা মানেন না। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী বাড়িভাড়া নির্ধারণে নির্দিষ্ট বিধান আছে। আইনে বলা আছে, কোনো বাড়ির বার্ষিক ভাড়া নির্ধারিত হবে ওই বাড়ির বাজারমূল্যের ১৫ শতাংশের সমান। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না। যদি বাড়িওয়ালা অতিরিক্ত ভাড়া নেন, তাহলে আদায়কৃত টাকার দ্বিগুণ জরিমানা করা হবে। অগ্রিম ভাড়ার ক্ষেত্রে এক মাসের বেশি আদায় করা যাবে না। বাড়িভাড়া বৃদ্ধির ক্ষেত্রে যুক্তিসংগত ভাড়া বৃদ্ধি করতে হবে। বাড়িভাড়ার ক্ষেত্রে লিখিত চুক্তি থাকা বাধ্যতামূলক। প্রতি দুই বছর পর ভাড়া পুনর্নির্ধারণ করতে হবে। আইনে ভাড়া-সংক্রান্ত কোনো প্রতিকার পেতে হলে ভাড়া নিয়ন্ত্রকের কাছে আবেদন করা যাবে। প্রত্যেক জেলায় নির্ধারিত সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ আদালত ভাড়া নিয়ন্ত্রক হিসেবে নিয়োজিত থাকেন। কিন্তু ভাড়া নির্ধারণ এবং বাড়ানোর ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রেই। অবশ্য এর উল্টো চিত্রও আছে; যেখানে বাড়িওয়ালা আইন মোতাবেক বাড়িভাড়া নির্ধারণ করছেন। কিন্তু এ উদাহরণ খুবই কম। কয়েকজন ভুক্তভোগীর কথা এখানে তুলে ধরা হলো:ঘটনা-১ঢাকার খিলক্ষেত এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকায় বাস করেন আবদুস সোবাহান। উত্তরায় একটি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। এক ছেলে, এক মেয়ে আর স্ত্রী নিয়ে তাঁর সংসার। ২০০৮ সালের এপ্রিলে তিন রুমের একটি বাসা ভাড়া নেন তিনি। ভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালাকে লিখিত চুক্তি করে দিতে বললেও বাড়িওয়ালা তা করে দেননি। তবুও তিনি মাসিক আট হাজার টাকায় বাসাটি ভাড়া নেন। ২০০৯-এর জানুয়ারিতে এক হাজার টাকা ভাড়া বাড়ান বাড়িওয়ালা। তিনি তা দিতে অস্বীকার করেননি। এভাবে চলল ২০০৯ সাল। কিন্তু গত ডিসেম্বরে বাড়িওয়ালা কোনো আলাপ-আলোচনা না করেই জানুয়ারি ২০১০ সাল থেকে বাড়িভাড়া তিন হাজার টাকা বাড়িয়ে দিতে বলেন। লিখিত নোটিশে উল্লেখ করেন, নতুন বছরে সিটি করপোরেশনের নতুন ট্যাক্স আরোপের কারণে জানুয়ারি ২০১০ থেকে তিন হাজার টাকা বাড়িভাড়া বাড়ানো হলো। উল্লেখ্য, ওই ভাড়া দিতে সম্মত না হলে জানুয়ারির ৩০ তারিখের মধ্যে বাসা ছাড়তে অনুরোধ করা হয়। এ ক্ষেত্রে জানুয়ারি মাসের ভাড়া বাবদ যে অগ্রিম টাকা দেওয়া হয়েছিল, তা থেকে কেটে নেওয়া হবে। সোবাহান বলেন, কোন অজুহাতে এ অস্বাভাবিক বাড়িভাড়া বাড়ানো হয়েছে। হঠাত্ করে বাসা খুঁজে পাওয়াটাও কঠিন। এ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি যে বাড়িভাড়া বাড়িয়েছেন, তা তিনি ঠিকই করেছেন। এ প্রসঙ্গে দেশে প্রচলিত আইনানুযায়ী ভাড়া বাড়িয়েছেন কি না—এ প্রশ্নের উত্তরে বলেন, ‘আইন আছে, আমার জানা নেই। আমার বাসা আমি ভাড়া বাড়াব না কমাব, তাতে আইন কী করবে।’ঘটনা-২ঢাকার শাহবাগ আজিজ মার্কেটের তৃতীয় তলায় খোন্দকার সোহেল একটি দোকান ভাড়া নেন চার বছর আগে। দোকান ভাড়া নেওয়ার সময় লিখিত চুক্তি ছিল দুই বছরের জন্য। এতে অগ্রিম বাবদ ৫০ হাজার টাকা এবং ভাড়া নির্ধারিত ছিল তিন হাজার টাকা। দুই বছরের লিখিত চুক্তি শেষে আবারও যুক্তিসংগত ভাড়া নির্ধারণ করা হয়। এতে মাসিক ভাড়া ৬০০ টাকা বাড়ানো হয় এবং অগ্রিম দিতে হয় ৭৫ হাজার টাকা। এ চুক্তি শেষ হয়ে গেছে ডিসেম্বরে। নতুন বছরে ভাড়া পুনর্নির্ধারণ করা হয় এবং মাসিক ভাড়া করা হয় সাত হাজার টাকা এবং অগ্রিম নির্ধারণ করা হয় আড়াই লাখ টাকা। সোহেল বলেন, দুই দফায় যুক্তিসংগত ভাড়া বাড়ালেও এ বছরে এ অস্বাভাবিক ভাড়া বাড়ানো হয়েছে। দোকানটির মালিক তাঁকে লিখিত নোটিশ দিয়েছেন, যদি নির্ধারিত ভাড়া দিতে অসমর্থ হন, তাহলে দোকানটি ছেড়ে দিতে হবে।ঘটনা-৩ঢাকার গুলিস্তানের জয়কালী মন্দিরের কাছে সাততলায় দুই রুমের বেশ খোলামেলা একটা ফ্ল্যাট। বাসিন্দা হোমিওপ্যাথিক কলেজের ছাত্র হিবলু, রিজওয়ান, মাইদুল ও চাকরিজীবী রাজু। ডিসেম্বর ২০০৬-এ চার হাজার ৫০০ টাকায় ফ্ল্যাটটি তাঁরা ভাড়া নেন। জুলাই ২০০৭-এ তাঁদের বলা হলো, গ্যাস-বিদ্যুতের দাম বেড়ে গেছে। আগস্ট থেকে পাঁচ হাজার টাকা করে দিতে হবে। সে বছর মধ্য ডিসেম্বরে আবার বাড়িওয়ালা এসে বললেন, ‘ফ্ল্যাটটি ভাড়া হয়ে গেছে।’জানুয়ারিতে তাঁদের টার্ম ফাইনাল পরীক্ষা। এর ১৫ দিন আগে বলা হচ্ছে, ফ্ল্যাটটি ভাড়া হয়ে গেছে। হিবলুদের তো মাথায় হাত। অনুনয়-বিনয়ে অবশেষে পাঁচতলার একটা গুদামঘর তাঁদের ধরিয়ে দেওয়া হলো, তাতে আগের চেয়ে ৫০০ টাকা বেশি ভাড়ায়। আর তাঁদের ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হলো ছয় হাজার টাকায়। বর্ধিত ভাড়ার লোভে বছর শেষে সে গুদামঘরটিও তাঁদের ছাড়তে বাধ্য করা হলো। গছিয়ে দেওয়া হলো একই ফ্লোরের আরেক মালগুদাম। পাঁচ হাজার টাকার সে মালগুদামের ভাড়া এখন সাত হাজার শোনা যাচ্ছে। বছরে নাকি আরেক দফা ভাড়া বাড়ানো হবে। এ ফ্ল্যাটের বাসিন্দা হিবলু জানান, ‘ভোগান্তির শেষ নেই, পকেট থেকে দুই হাজার টাকা দিয়ে টয়লেট ঠিক করে এ ফ্ল্যাটটি ব্যবহার করছি। বাড়িওয়ালা রাজনীতিবিদ বলে, কত মিছিল-মিটিংয়ে যে ইচ্ছার বিরুদ্ধে গিয়েছি, তার কোনো ইয়ত্তা নেই। বাড়িওয়ালা এমন লোভী যে, কারও কাছ থেকে ৫০০ বা হাজার টাকা বেশি পেলেই হলো, পুরোনো ভাড়াটিয়া বের করে দিয়ে নতুন ভাড়াটিয়া ঢোকান। আমাদের কলেজের এতটা কাছে আর কোনো ব্যাচেলর ভাড়া বাসা নেই। তাই দাঁত কামড়ে সব সয়ে যাচ্ছি।’ঘটনা-৪ভেন্যু চট্টগ্রামের মুহাম্মদপুর। তৌহিদ সাহেবের দুই নম্বর সেমিপাকা ভাড়া বাসা। গ্যাস-পানি-বিদ্যুত্, জলাবদ্ধতা, বৃষ্টি, তীব্র উত্তাপ, চারপাশের চিত্কার-চেঁচামেচি থেকে আরম্ভ করে ভাড়া বাসায় যত প্রকার সমস্যা থাকতে পারে, তার সব কিছুর সম্ভার এ বাসাটি। টাকা দিয়ে থাকছে, তার পরও রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে জীবনের সঙ্গে। যোদ্ধার নাম কবির ও হাশেম। দুই ভাই ভার্সিটি-পড়ুয়া। বাসাটির একমাত্র সুবিধা—বাসা থেকে হাঁটা-দূরত্বেই ভার্সিটি শাটল ট্রেনের স্টেশন ও সর্বত্র সুবিধাজনক যোগাযোগ-ব্যবস্থা। ২০০৫ সালে মাত্র দুই হাজার ৫০০ টাকা দিয়ে ভাড়া নেওয়া হয়। দফায় দফায় বাড়তে বাড়তে ২০১০-এ এসে ঠেকেছে পাঁচ হাজার টাকায়। কিছুই বলা যায় না। কথায় কথায় বাড়িওয়ালা বলেন, ‘পারলে থাকেন, নইলে ফুটেন!’‘শহরে ভাড়া বাসার অভাব। ভাড়াটিয়ার অভাব নেই। তার ওপর ব্যাচেলর। বাসা যে সোনার হরিণ, অগত্যা এই নরকে মাটি কামড়ে পড়ে থাকা আর কি?’ জানালেন হাশেম।ঘটনা-৫ঢাকার মোহাম্মদপুরে থাকেন শিমুল। এক বছর আগে তিন রুমের বাসা ভাড়া নেন সাত হাজার টাকায়। ভাড়া নেওয়ার সময় ঘরের নিম্নমানের টাইলস ও দেয়ালের রঙের বিষয়ে বাড়িওয়ালাকে বলেন তিনি। বাড়িওয়ালা ঠিক করিয়ে দেবেন বলেন। কিন্তু বাসায় ওঠার পরপরই নিম্নমানের টাইলস ও রং নষ্ট হতে থাকে। বাড়িওয়ালাকে জানানো হলে তিনি শিমুলকে উল্টো দোষী করে ঠিক করিয়ে নিতে বলেন কিংবা জরিমানা দিতে বলেন। বাসায় ওঠার ছয় মাসের মাথায় ৫০০ টাকা ভাড়া বাড়ানো হয়। গত ডিসেম্বরে তাঁকে জানানো হয় লিখিতভাবে। বাড়িভাড়া এক হাজার টাকা দিতে হবে জানুয়ারি থেকে এবং অন্যান্য জরিমানাসহ আরও এক হাজার টাকা প্রদান করতে হবে।ঢাকার ভাড়াটিয়া ঐক্য পরিষদের সুপারিশঢাকার ভাড়াটিয়া ঐক্য পরিষদ এ বিষয়ে কতগুলো দাবি পেশ করেছে। দাবিগুলো নিম্নরূপ:* বাড়িভাড়া-সংক্রান্ত সরকারি নীতিমালা উপেক্ষা করে মর্জিমাফিক ভাড়া বৃদ্ধি ও আদায় করা যাবে না।* বাড়িওয়ালারা বাড়িভাড়া প্রাপ্তির রসিদ ও চুক্তিনামা প্রদান করবেন।* কোনো ভাড়াটিয়া রসিদ ছাড়া বাড়িভাড়া প্রদান করবেন না।* যুক্তিসংগত কারণ ছাড়া যখন-তখন ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া যাবে না।* গ্যাস-বিদ্যুত্ বিল বাড়ার অজুহাতে ভাড়া বাড়ানো যাবে না। কারণ, এসব বিল অধিকাংশ ক্ষেত্রে ভাড়াটিয়ারাই পরিশোধ করে থাকেন।* ‘আপনার না পোষালে বাসা ছেড়ে দিন’ এমন অসম্মানজনক ও মানবতা-বিরোধী উক্তি করা যাবে না।* সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি ট্যাক্স বাড়ার কারণে বাড়িভাড়া বাড়াতে হলে ভাড়াটিয়ার সঙ্গে আলোচনা-সাপেক্ষে তা আনুপাতিক হারে বাড়ানো যাবে, অন্যথায় নয়।* চুক্তিবিহীন ভাড়াটিয়ার বাড়িভাড়া একবার বাড়ানো হলে কমপক্ষে দুই বছর অতিক্রম না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই তা বাড়ানো যাবে না।