মহাসংকটের মধ্যে পড়েছে রাজশাহী বিভাগীয় শ্রম আদালত। দীর্ঘ ১৯ বছর আদালতটি একটি ভাড়া বাড়িতে চলেছে। আগামী ৩০ জুন বাড়িওয়ালার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এবার তাদের জন্য ‘শ্রম ভবন’ (রাজশাহী বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয়) ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এটি সংস্কার না করে সেখানে ওঠা যাচ্ছে না। আবার আমলাতান্ত্রিক জটিলতায় আটকে রয়েছে এর সংস্কারের কাজ। এ অবস্থায় আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী শহরের মহিষবাথান এলাকার একটি ভাড়া বাড়িতে ১৯ বছর ধরে চলছে ১৬টি জেলার এই শ্রম আদালত। নিজস্ব ভবন না থাকায় শুরু থেকেই আদালতটি ভাড়া বাড়ি নিয়ে যাত্রা শুরু করে। ১৯৬৮-৬৯ সালে যাত্রা শুরু করে এ পর্যন্ত তিনবার বাড়ি বদল করে বর্তমান বাড়িতে তাদের জায়গা হয়। শুরুতে এটি বর্তমান বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ভবনে ছিল। তারপর নগরের সিঅ্যান্ডবি মোড়ের পশ্চিম পাশে একটি বাড়ি ভাড়া নিয়ে আদালতের কার্যক্রম চালানো হয়। সর্বশেষ নগরের মহিষবাথান এলাকায় দিগন্ত প্রসারী ক্লাবের উত্তর পাশের তিনতলা একটি বাড়ি ভাড়া নিয়ে আদালতের কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু এখানে মালিকের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হয়ে যাচ্ছে।সম্প্রতি শ্রম আদালতে গিয়ে দেখা গেছে, এর আঙিনায় ইতিমধ্যে বাড়ির কাজ করানোর জন্য ইট-বালি ফেলা হয়েছে। এ জন্য আদালতের কার্যক্রম ব্যাহত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যেই বাড়িওয়ালা তিনতলায় এসে উঠেছেন। অথচ আদালতের মতো একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানের জন্য একটি সংরক্ষিত পরিবেশের প্রয়োজন। বাড়িওয়ালা আবদুল মোমিন বলেন, দুই বছর আগে আদালতের সঙ্গে তাঁদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তখন তিনি বাড়ির তিনতলায় ওঠেন। দ্বিতীয় ও নিচতলায় আদালতের কার্যক্রম চলছিল। তখনই তাঁরা বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আদালত কর্তৃপক্ষকে বলেছিলেন। কিন্তু তারা জায়গা না পাওয়ায় গত দুই বছর তাদের থাকতে দিয়েছেন। ইতিমধ্যে বাড়ির একাংশের মালিক তাঁর বড় ভাই আনোয়ারুল হক বাড়িতে উঠতে চাইছেন। তাঁর বয়স হয়েছে। এখন আর তিনি বাইরে থাকতে পারছেন না। এই মুহূর্তে তাঁদের পক্ষে আর বাড়িটি দেওয়া সম্ভব হচ্ছে না।জানা গেছে, আদালত কর্তৃপক্ষ এ বিষয়গুলো শ্রম মন্ত্রণালয়কে জানানোর পর তারা নগরের বর্ণালীর মোড় এলাকায় অবস্থিত শ্রম ভবনটি আদালতের জন্য বরাদ্দ দেয়। খোঁজখবর নিয়ে তারা জানতে পারে, সংস্কার না করে সেখানে আদালতের কার্যক্রম শুরু করা সম্ভব নয়। বিধি অনুযায়ী, এই সংস্কারের কাজ গণপূর্ত বিভাগ-১-এর মাধ্যমে করতে হয়। তারা এটি সংস্কারের জন্য এ বিভাগে আবেদন করে। ইতিমধ্যে গণপূর্ত বিভাগ থেকে সংস্কারকাজের জন্য ২৭ লাখ ৬৪ হাজার ৩৫৫ টাকার একটি প্রাক্কলন করা হয়েছে। জানা গেছে, এই প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায় আপাতত তারা বরাদ্দ পাচ্ছে না। আদালতের পক্ষ থেকে আগে কাজ করে পরে ব্যয়ের সমন্বয় করার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু বিধিসম্মত না হওয়ায় কর্তৃপক্ষ তা করতে পারছে না। এই জটিলতায় পড়ে রাজশাহী বিভাগীয় শ্রম আদালতের কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হায়াত মো. ফিরোজ জানান, তাঁদের কাজ প্রাক্কলন করে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে প্রেরণ করা। তাঁরা ইতিমধ্যে তা সম্পন্ন করেছেন। তিনি জানান, তাঁর জানামতে প্রাক্কলনটি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলে তাঁরা কাজের দরপত্র আহ্বান করবেন। তিনি বলেন, এটি দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়া।জানতে চাইলে রাজশাহী বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালক এম রশিদ জানান, তাঁদের ভবনটি আদালতকে দেওয়া হয়েছে। কিন্তু এর সংস্কারের দায়িত্ব গণপূর্ত বিভাগের। তারা সংস্কার করতে দেরি করলে তাঁদের কিছু করার নেই।