বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে শ্রমিকদের সমাবেশের ডাক
বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) শ্রমিকেরা সমাবেশের ডাক দেওয়ার পর সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে সিইপিজেডের নির্যাতিত শ্রমিকদের ব্যানারে আজ বৃহস্পতিবার সমাবেশের ডাক দেওয়া হয়।শ্রমিক ও বাড়ির মালিকদের মধ্যে সমঝোতার জন্য আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ এম এ লতিফের নেতৃত্বে ৯১ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আজ বেলা তিনটায় চিটাগাং চেম্বার মিলনায়তনে বৈঠকে বসবে কমিটি।সিইপিজেড এলাকায় বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে আজ সকালে ইপিজেড মোড়ে ‘অসহায় নির্যাতিত শ্রমিকদের’ ব্যানারে সমাবেশ ডাকা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এক বৈঠক হয়। বৈঠক থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও স্থানীয় সাংসদ এম এ লতিফকে বিষয়টির সমাধানে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়। এরপরই ওই কমিটি করা হয়েছে।কমিটিতে শ্রমিকদের ৩০ জন ও বাড়ির মালিকপক্ষের ১৭ জন প্রতিনিধি, পুলিশ, কারখানার মালিক, বিজিএমইএ ও ইপিজেডের প্রতিনিধি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও রাজনৈতিক ব্যক্তিদের রাখা হয়েছে।সাংসদ লতিফ প্রথম আলোকে বলেন, ‘ইপিজেডের শ্রমিকদের কোনো নেতা নেই। একটি নির্দিষ্ট ফোরামে তাঁদের কথা বলার কেউ ছিল না। আমরা সবার সঙ্গে যোগাযোগ করে ৯১ সদস্যের কমিটি করেছি।’সাংসদ বলেন, ‘যেহেতু শ্রমিকদের স্বার্থে বৈঠক ডাকা হয়েছে, তাই তাঁরা বৃহস্পতিবারের কর্মসূচি থেকে বিরত থাকবেন বলে আশা করছি।’প্রশাসন সূত্র জানায়, শ্রমিকদের কর্মসূচির কারণে আজ ইপিজেড এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নগর পুলিশ প্রশাসন আজ ভোর সাড়ে পাঁচটায় ইপিজেড এলাকায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করবে। নগর পুলিশকে সহায়তা করবেন র্যাব ও শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা।নগর পুলিশের উপকমিশনার (সদর) ফারুক আহমেদ বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোর থেকে এক হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে।এর আগে গত শুক্রবার সিইপিজেডের ফটকের সামনের সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে সাড়ে পাঁচ ঘণ্টা বিমানবন্দরের সঙ্গে নগরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।