বাড়িভাড়ায় করুন লিখিত চুক্তি
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. আবদুর রশীদ (৫৫)। ১৩ বছর ধরে হাজারীবাগের একটি ভাড়াবাসায় থাকতেন তিনি। প্রথম দিকে বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক ভালোই ছিল। প্রতিবছর বিদ্যুৎ, গ্যাসবিল ও ভাড়াবৃদ্ধির কারণে দুই পক্ষে দা-কুমড়া সম্পর্ক চলতে থাকে। মো. আবদুর রশীদ জানান, যেহেতু ঢাকায় বাসযোগ্য বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর, তাই বাড়ি ছাড়তে চাইছিলেন না। কিন্তু একসময় বাড়িওয়ালার আচরণ, ভাড়াবৃদ্ধি অসহনীয় পর্যায়ে হলে বাড়ি ছাড়তে বাধ্য হন তিনি। তিনি মনে করেন, যদি বাড়িওয়ালা-ভাড়াটের মধ্যে লিখিত চুক্তি থাকত, তবে বাড়িওয়ালা ছয় মাস অন্তর বাড়িভাড়া বাড়াতে পারতেন না। বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটে যে বিচার চাইবেন, এমন কোনো নির্দিষ্ট স্থান থাকলে ভালো হতো; যেখানে অভিযোগ করে তার ফল পাওয়া যাবে।বাড়িওয়ালারা লিখিত চুক্তিপত্র তো দূরের কথা, বাড়িভাড়ার রসিদ পর্যন্ত দিতে চান না বলে জানালেন খিলগাঁওয়ের ভাড়াটে আনোয়ার হোসেন। ভাড়ার রসিদ তো দেনই না, বরং প্রতি মাসে বিদ্যুৎ বিল কত এসেছে তা-ও জানান না বাড়িওয়ালারা। নিজেদের প্রয়োজনের কারণেই তাই ভাড়াবাড়িতে থাকতে হচ্ছে বলে জানান তিনি। আনোয়ার হোসেন আরও জানান, জানুয়ারি মাসে তো বাড়িভাড়া বাড়ায়ই, আবার জুন মাসে বাজেট দিলে অথবা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে আবার বাড়ায়। অথচ আয় তো আর বাড়ে না। বাড়িওয়ালা-ভাড়াটের সম্পর্কে তিক্তকর পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যায় অহরহই। এমনও দেখা গেছে, এই তিক্ত সম্পর্ক আদালত পর্যন্ত গড়ায়।বাড়িওয়ালা-ভাড়াটের দায়িত্ব, কর্তব্য ও অধিকার নিয়ে রয়েছে ১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন। বাড়িওয়ালা-ভাড়াটের পারস্পরিক অধিকার সংরক্ষণ করার জন্য সব ক্ষেত্রেই হতে পারে একটি পূর্ণাঙ্গ লিখিত চুক্তি।ভাড়াসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সরকার বাড়িভাড়া নিয়ন্ত্রক নিয়োগ করেছে। সিনিয়র সহকারী জজ আদালতগুলো নিজ নিজ এলাকায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাড়িভাড়া নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন। সাধারণত (ক) বাড়িওয়ালা অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করলে, (খ) ভাড়া করা ঘরের প্রয়োজনীয় মেরামত না করলে, (গ) ভাড়াটে কর্তৃক রীতিমতো ভাড়া পরিশোধ না করলে, (ঘ) ভাড়াটে কর্তৃক আইন অনুমোদিত বা পক্ষদ্বয়ের চুক্তিমাফিক ঘরের মেরামত ও উন্নয়নের খরচ বাড়িওয়ালা কর্তৃক ভাড়া থেকে কর্তন না করলে, (ঙ) ভাড়া পরিশোধের পর বাড়িওয়ালা ভাড়াপ্রাপ্তির রসিদ না দিলে, (চ) ভাড়াটে সংগত কারণে বর্ধিত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে, (ছ) বাড়িওয়ালা কর্তৃক ভাড়াটেকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আইনসংগত নোটিশ দেওয়া সত্ত্বেও ভাড়াটে বাড়ি ত্যাগ না করলে প্রভৃতি কারণে বাড়িভাড়া নিয়ন্ত্রকের আদালতে উপযুক্ত প্রতিকারের দাবিতে মোকদ্দমা দায়ের করা হয়ে থাকে। যথাযথ শুনানি ও পর্যালোচনার পর বাড়িভাড়া নিয়ন্ত্রক ন্যায়সংগত ভাড়া ধার্য করে আদালতে তা জমা দেওয়ারর জন্য নির্দেশ দিতে পারেন। বাড়িওয়ালাকে অবৈধ ভাড়া বৃদ্ধি করা থেকে বিরত রাখতে পারেন। ভাড়াটের আবেদনের পরিপ্রেক্ষিতে চুক্তির শর্তাধীন বা স্থানীয় রীতি অনুযায়ী বাড়িঘরের মেরামত ও অন্যান্য অত্যাবশ্যক সেবা দিতে বাড়িওয়ালা বাধ্য। ওই ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বাড়িওয়ালাকে নির্দেশ প্রদানে নোটিশ জারি করতে পারেন, নোটিশ জারির ৩০ দিনের মধ্যে বাড়িওয়ালা তা সম্পাদনে ব্যর্থ হলে ভাড়াটে ওই কার্য সম্পাদনে আরজি পেশ করতে পারেন, যা পক্ষদ্বয়ের শুনানি, তদন্ত ইত্যাদিতে ভাড়াটে সংস্কারকাজ সম্পাদনের অনুমতি পেতে পারেন। বাড়িওয়ালা কিংবা নিয়ন্ত্রকের অনুমতি ছাড়া ভাড়াটে এসব করতে পারবেন না। বাড়িওয়ালা ন্যায়সংগত হারে বর্ধিত ভাড়া পরিশোধ করতে ভাড়াটেকে নির্দেশ দিতে পারেন। এ ছাড়া বাড়িওয়ালা মানানসই ভাড়া অপেক্ষা অধিক ভাড়া আদায় করলে, ভাড়াবৃদ্ধি ব্যতীত সালামি, জরিমানা বা কোনো বিশেষ অর্থ ভাড়াটের কাছ থেকে দাবি বা গ্রহণ করলে এবং অগ্রিম বাবদ এক মাসের ভাড়া আদায় করলে ভাড়া নিয়ন্ত্রক বাড়িওয়ালাকে জরিমানা করতে পারেন। আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে এ আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিক্ষুব্ধ পক্ষ জেলা জজের কাছে আপিল করতে পারে। বাড়িভাড়া দেওয়া-নেওয়ার সময় বাড়িওয়ালা-ভাড়াটে সুসম্পর্ক বজায় রাখতে হলে লিখিত চুক্তিপত্র থাকা উচিত। আর এই লিখিত পত্রে ভাড়া দেওয়ার সুনির্দিষ্ট তারিখ, সাবলেট দেওয়া যাবে কি না, সুবিধা সেবাগুলোর বিল কে পরিশোধ করবে, ভাড়ার পরিমাণ, চুক্তির মেয়াদ, কী হারে ভাড়া বৃদ্ধি পাবে, ব্যাংকের কাছে দায়বদ্ধ করা যাবে কি না ইত্যাদি অন্তর্ভুক্ত রাখা যেতে পারে। চুক্তির মধ্যে বেআইনি কিছু থাকলে তা বাতিল হবে এবং আদালত তা কার্যকর করতে কোনো সাহায্য করবেন না। প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্কে পক্ষদ্বয়কে চুক্তি স্বেচ্ছায় সম্পন্ন করতে হবে।আর চুক্তির মেয়াদ এক বছরের চেয়ে বেশি হলে রেজিস্ট্রেশন করতে হবে এবং ১৫০ টাকার স্ট্যাম্পে লিখতে হবে। চুক্তিপত্র রেজিস্ট্রি করা হলে এর সত্যায়িত কপি উভয় পক্ষের কাছে রাখা যেতে পারে। আর চুক্তিপত্র রেজিস্ট্রি করা না হলে যত বছরের জন্য করা হোক না কেন, আদালত তা এক বছরের জন্যই করা হয়েছিল বলে ধরে নেবেন।অনেক বাড়ির মালিকেরা সুবিধাজনক অবস্থায় থাকার জন্য লিখিত চুক্তি করেন না। সে ক্ষেত্রে ভাড়াটেরা এই সুযোগ কাজে লাগিয়ে ভাড়া নিয়ন্ত্রকের কাছে সত্য-মিথ্যার বর্ণনা দিয়ে ধার্য করা ভাড়ার বেশি বা কম ভাড়া জমা দিয়ে থাকেন। বাড়িওয়ালা-ভাড়াটের মধুর সম্পর্ক বজায় রাখতে তাই প্রয়োজন লিখিত চুক্তিপত্র।