বাড়ির অভিনয়!
দৈনিক তোলপাড় নাটক যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই দেখে ফেলেছেন, পত্রিকা অফিসের ভেতরটা কেমন হয়। প্রশ্নটা হচ্ছে, ওই নাটকের পত্রিকা অফিস কি সত্যিকারের কোনো পত্রিকা অফিস? ‘নাটকটির জন্য পত্রিকা অফিসের যে সজ্জা করতে হয়েছে, তার অনেক উপকরণ দিয়েছি আমরা। আবার নির্মাতাও বেশ কিছু উপকরণ দিয়ে সহায়তা করেছেন। এভাবেই আমাদের শুটিং ফ্লোরটা পরিণত হয়েছিল দৈনিক তোলপাড়-এর অফিসে।’ বলছিলেন ইন্টারঅ্যাকটিভ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাসুদ। পান্থপথের ইউটিসি বিল্ডিংয়ের দশম তলায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকের শুটিং হচ্ছে ইন্টারঅ্যাকটিভের শুটিং বাড়িতে।বেসরকারি টেলিভিশন চ্যানেল বাড়ার সঙ্গে সঙ্গে নাটক, বিজ্ঞাপন, গানচিত্র নির্মাণের হিড়িক লেগেছে বলা যায়। তাই নগরের পথে-ঘাটে, উদ্যানে, হাটে-মাঠে প্রায়ই দেখা যায় অভিনয়, নাচ ও গানের শুটিং। আবার নগরের কিছু কিছু আবাসিক বাড়ি পরিণত হয়েছে অভিনয় বাড়িতে, যেগুলোকে পাড়ার রিকশাওয়ালা পর্যন্ত চেনে ‘শুটিং হাউস’ নামে। নাটক, বিজ্ঞাপন, গানচিত্রের সঙ্গে পাল্লা না দিয়ে হলেও নগরে বাড়ছে শুটিং বাড়ির সংখ্যা। কেননা, বেশির ভাগ নাটকেই থাকছে অভিজাত বসার ঘর আর শোবার ঘর। এসব সহজেই মিলছে শুটিং বাড়ির কল্যাণে। নগরের কুড়ি খানেক হাউসের মধ্যে গোটা ১৫ আবার রয়েছে উত্তরা মডেল টাউনে। উত্তরার ৭ নম্বর সেক্টরের শুটিং বাড়ি আশ্রয়ে একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ের ফাঁকে কথা হয় নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের সঙ্গে। শুটিং বাড়ি সম্পর্কে তিনি বলেন, ‘দেশে যখন চ্যানেল বলতে শুধু বিটিভি ছিল, তখন থেকেই টিভি নাটকে অভিনয় করছি। বিটিভির প্রায় নাটকেই নিজস্ব সেটে দৃশ্য ধারণ করা হতো। সেখানে দেখা যেত, খাটে কড়কড় শব্দ হচ্ছে। বসার ঘরের সবুজ সোফা, লাল পর্দা, হার্ডবোর্ডের দরজা দেখতে দেখতে সচেতন দর্শকেরা কিন্তু বিরক্ত হয়ে যেতেন। সেটের ক্ষেত্রে বিটিভির রুচি এখনো বদলায়নি। কিন্তু প্যাকেজ নাটক কিংবা বেসরকারি টিভি চ্যানেলের কল্যাণে এখন অভিজাত বাড়িতেই নাটকের অভিনয় হচ্ছে। এটা শুটিং বাড়ি থাকাতেই সম্ভব হচ্ছে। তবে আরও অনেক শুটিং বাড়ি দরকার। কারণ, একই বাড়ি একাধিক নাটকে দেখানো হলে বিষয়টা একঘেয়েমি হয়ে যায়।’এই একঘেয়েমি কাটাতেই শুটিং হাউসে খুব একটা কাজ করেন না নির্মাতা নুরুল আলম আতিক। তাঁর ভাষ্য হচ্ছে, ‘ঢাকার সব শুটিং বাড়ি প্রায় একই রকমের। তেমন বৈচিত্র্য নেই। তবে শুটিং বাড়ির কিছু সুবিধাও আছে। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভালো থাকায় ক্যামেরার কাজটা নিজেদের মতো করে করা যায়। তাই নির্মাতারা শহুরে বাসাবাড়িতে শুটিংয়ের জন্য শুটিং বাড়িতে যান। আর গ্রামের দৃশ্য ধারণ করতে যান গাজীপুরের দিকে। ওই দিকের শুটিং বাড়িগুলোয় করা হয়েছে গ্রামের ঘরবাড়ির মতো করে।’ঢাকার প্রথম দিককার শুটিং বাড়ির মধ্যে গোপীবাগের রোজ গার্ডেন (হুমায়ুন সাহেবের বাড়ি) নির্মাতাদের পছন্দের জায়গা ছিল বলে জানান নুরুল আলম আতিক। তাঁর মতে, ইটিভির বন্ধন নাটকের বন্ধন শুটিং বাড়ি এ ক্ষেত্রে নতুনত্ব নিয়ে হাজির হয়েছিল। এখনকার শুটিং বাড়িগুলো উত্তরার লেক ড্রাইভ রোডের সেই শুটিং বাড়িটির ধারা অনুসরণ করে চলেছে। এ ক্ষেত্রে নতুনত্ব আসছে না কেন, জানতে চাইলে উত্তরার আপন ঘর শুটিং হাউসের ব্যবস্থাপক ও শুটিং হাউস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক খলিলুর রহমান বলেন, ‘এখন খরচ অনেক বেশি। একটা সময় বাসা ভাড়া বেশি থাকায় গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকা থেকে শুটিং বাড়িগুলো চলে আসে উত্তরায়। কিন্তু এখন উত্তরায়ও বাসা ভাড়া বেড়ে গেছে। বিদ্যুৎ, পানির বিল আবাসিকের বদলে দিতে হচ্ছে বাণিজ্যিক হিসেবে। আগে নির্মাতারা বিভিন্ন উপকরণ নিয়ে আসতেন শুটিং বাড়িতে। এখন চায়ের কাপটা পর্যন্ত দিতে হচ্ছে আমাদের। তাই সব দিক সামাল দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তার পরও অনেকে নতুন শুটিং বাড়ি করতে আগ্রহী। কিন্তু বাসা পাওয়াই কঠিন। কারণ, বেশির ভাগ বাড়িওয়ালা বাড়িতে শুটিং করতে বাসা ভাড়া দিতে চান না।’নির্মাতারা শুটিং বাড়ির ভাড়া মেটান পালা (শিফট) হিসেবে। এ ক্ষেত্রে নাটক, বিজ্ঞাপন আর চলচ্চিত্রের জন্য ভাড়ার হার আলাদা। প্রতিদিন দুই পালায় কাজ করার সুযোগ থাকে। সকাল আটটা-নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এক পালা। আরেক পালা বিকেল পাঁচটা থেকে রাত ১১-১২টা পর্যন্ত। নাটকের জন্য এক পালার ভাড়া তিন থেকে সাড়ে তিন হাজার টাকা, চলচ্চিত্র ও বিজ্ঞাপনের জন্য পাঁচ থেকে ছয় হাজার টাকা। নাটকের তুলনায় বিজ্ঞাপন ও চলচ্চিত্রের শুটিংয়ের ভাড়া বেশি কেন, জানতে চাইলে উত্তরার শিশির শুটিং বাড়ির সমন্বয়ক নিয়ামত শেখ বলেন, ঢাকার শুটিং হাউসগুলো তৈরি হয়েছে মূলত নাটকের জন্যই। সারা বছর নাটকের কাজই বেশি হয়। সিনেমা ও বিজ্ঞাপনের কাজ কম থাকে। আবার সিনেমা ও বিজ্ঞাপনের তুলনায় নাটকের বাজেট অনেক কম থাকে। এসব দিক বিবেচনা করেই সব শুটিং বাড়িতেই নাটকের জন্য ভাড়া কিছুটা কম নেওয়া হয়।