‘কি রে লেবু কই? আরে সময় হয়ে এল, শরবতটা বানা। রূপা, তুই কি ভাই রাগ করেছিস? কেন? বেগুনিগুলো ভাঙ না।’এগুলো কোনো নাটকের সংলাপ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে ইফতারের আগের মুহূর্ত।বাড়ি থেকে অনেক দূরে, কিন্তু বাড়ির পুরো আমেজ তাঁরা নিজেরাই তৈরি করে নেন। রমজান মাসজুড়ে হলের প্রতিটি কক্ষে এই আয়োজন চলে। এক কক্ষে গোল হয়ে বসে ইফতার করেন ছাত্রীরা। একেক দিন একেক রুমের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। আর সেদিন চলে আয়োজক কক্ষের সদস্যের কাজের মহাযজ্ঞ। নিজেরাই চাঁদা তুলে বিশেষ ইফতারের আয়োজন করেন। সঙ্গে যুক্ত হয় হলের ডাইনিং থেকে কিনে আনা পছন্দমতো বিভিন্ন ধরনের ইফতার।বৃহস্পতিবার ১০০৬ নম্বর কক্ষে করা হয় ইফতারের আয়োজন। তদারকিতে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমাতুজ জাকিয়া। ইফতারের দাওয়াত থাকলেও থালা-বাসন যাঁর যাঁরটা নিয়ে আসতে হয়।আজানের মিনিট বিশেক আগে—প্রতিটি থালায় সাজানো হয় খেজুর, কলা, বেগুনি, পেঁয়াজু, ছোলা, মুড়ি। বিশেষ আকর্ষণ, চাঁদার অর্থে কেনা দই। গাজীপুরের রেণু দর্শনের ছাত্রী। ইফতার আয়োজনের সময় তাঁর দর্শনের কঠিন কঠিন বুলিতে কাবু হয় অন্য সবাই। সবে হলজীবন শুরু করেছেন ইংরেজি বিভাগের আনিকা জাহান। প্রথম কয়েক দিন বাড়ির কথা মনে পড়লেও এখন বেশ মানিয়ে নিয়েছেন। হাসিমুখে বললেন, ‘এরাই তো আমার পরিবার।’ বলতে বলতে সালাদ কাটায় ব্যস্ত হয়ে পড়েন। এমন সময় থালায় চামচের বাড়ি। চারুকলার ছাত্রী নাহিদা নিশা নেন ঘোষকের ভূমিকা। আগামী ১ আগস্ট হলে বিশেষ ইফতার। হঠাৎ করেই হলের বিশেষ ইফতার নিয়ে মজার গল্প শুরু করেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী নিপা। গল্প শেষ না হতেই ছোটে হাসির ফোয়ারা। কোথায় সালাদ আর কোথায় বঁটি, হাসিতে সব লুটোপুটি।এ সময় কক্ষের বড় আপুরা ছোটদের সাবধান করে দেন। কারণ, বঁটি বা ছুরিতে লেগে দুর্ঘটনা ঘটতে পারে। আবার শুরু হয় শেষ মুহূর্তের প্রস্তুতি। একসময় ভেসে আসে পবিত্র আজানের ধ্বনি।বিশ্ববিদ্যালয়ের হলের আবাসিক শিক্ষার্থীরা এভাবেই ভুলে থাকেন বাড়ির কথা। তবে একেবারেই ভোলেন না। সবাই মিলে দিন গুনতে থাকেন, ‘কবে আসবে ঈদ’, ‘কবে যাব বাড়ি’, ঠিকমতো টিকিট মিলবে তো?’