বাড়ির পথে জনস্রোত, যানজটে টার্মিনালে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ছেড়ে বাইরে যাওয়ার মূল পথগুলোতে গতকাল বৃহস্পতিবারও ছিল হাজারো মানুষের ভিড়। যানজটের কারণে টার্মিনালে বাস আসতে দেরি হওয়ায় গতকালও ভোগান্তির শিকার হয়েছে অসংখ্য মানুষ। ঈদের কারণে রাজধানীর পথঘাট ইতিমধ্যেই অনেক ফাঁকা হয়ে এলেও শহর থেকে বের হওয়ার পথগুলোতে গতকাল সকাল থেকেই ছিল জনস্রোত। দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘরমুখী মানুষের ঢল কিছুটা হালকা হয়। সন্ধ্যার পর থেকে আবার বাস, লঞ্চ ও রেলস্টেশনগুলোতে দেখা যায় মানুষ আর মানুষ।গতকাল ঢাকা ছেড়ে যাওয়াদের একটা বড় অংশ ছিলেন নিম্নবিত্ত শ্রেণীর। বিশেষ করে রাজধানীর তৈরি পোশাকশিল্প ও রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে যাওয়ায় সন্ধ্যার পর এসব প্রতিষ্ঠানের কর্মীরা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। গতকাল সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড, সদরঘাট লঞ্চ টার্মিনাল আর কমলাপুর রেলস্টেশনে ছিল উপচে পড়া ভিড়। ভোর থেকে রাত অবধি শ্যামলী থেকে কল্যাণপুর হয়ে গাবতলী পর্যন্ত রাস্তায় ছিল জনতার স্রোত। সবার হাতে-কাঁধে ব্যাগ আর চোখে-মুখে সময়মতো বাড়ি পৌঁছানোর আকুতি। নদীপথে বাড়ি ফেরার জন্য গুলিস্তান থেকে বহু যাত্রীকে হেঁটে সদরঘাটের দিকে যেতে দেখা যায়। সদরঘাট লঞ্চ টার্মিনাল যেন জনসমাবেশস্থলে পরিণত হয়েছিল। বেলা তিনটার পর থেকে হাজার হাজার নারী-পুরুষ-শিশু সদরঘাট আসতে থাকে। অন্যদিকে রাজধানীর বেশির ভাগ সড়কের চেহারা ছিল ভিন্ন। মূল সড়ক ও অলিগলিগুলোতে যানবাহন ও মানুষের চলাচল ছিল বেশ কম। গতকাল মহাসড়কগুলোতেও যানজট কমে আসে। তবে গাবতলী ও আশপাশে অসংখ্য গরুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাপের কারণে জট লেগে যাচ্ছিল। গাবতলী থেকে বাসগুলোর আমিনবাজার পেরোতে এক থেকে দেড় ঘণ্টা লেগে যাচ্ছিল। উল্টো পথেও প্রায় এক অবস্থা। এ কারণে গতকাল গাবতলী থেকে বেশির ভাগ বাস দুই থেকে তিন ঘণ্টা দেরিতে ছেড়েছে। গ্রামের বাড়িতে আনন্দের ঈদ উদ্যাপন করতে যাওয়ার পথে এই বিড়ম্বনা কষ্ট দিয়েছে বহু মানুষকে। বিশেষ করে যারা শিশু ও বৃদ্ধদের নিয়ে বাসের অপেক্ষায় থেকেছেন, তাঁদের কষ্টের মাত্রা ছিল বেশি। তবে গত পরশুর চেয়ে যানজট কিছুটা কম ছিল বলে জানিয়েছেন যাত্রী ও গাড়িচালকেরা। ফরিদপুরে যাওয়ার জন্য বেলা সোয়া একটায় গাবতলী বাসস্ট্যান্ডে অপেক্ষায় থাকতে দেখা যায় ইরফানা আখতার ও তাঁর ছোট ভাই তাজুল ইসলামকে। দুপুর সাড়ে ১২টায় ছাড়বে এমন আশ্বাসের ভিত্তিতে গোল্ডেন লাইন কোম্পানির বাসের টিকিট কেটে বাসস্ট্যান্ডে এসে দেখেন গাড়ির খবর নেই। এক থেকে দুই ঘণ্টা দেরি হতে পারে বলে আশ্বাস দিয়েছেন কাউন্টারের ব্যবস্থাপক। ঈগল কাউন্টারের টিকিট বিক্রেতা জুয়েল হায়দার এ সময় জানান, দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত তাদের মোট ৫০টি বাস ছাড়ার পরিকল্পনা রয়েছে। সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত যে বাসগুলো ছেড়ে গেছে, তার বেশির ভাগই দুই থেকে তিন ঘণ্টা দেরিতে ছেড়েছে উল্লেখ করে জুয়েল বলেন, মহাসড়কে তেমন যানজট না থাকলেও গরুর ট্রাকের কারণে বাইরে থেকে বাসগুলো অনেক দেরিতে পৌঁছাচ্ছে। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে একটি বায়িং হাউসের কর্মকর্তা গোলাম কাদের অপেক্ষা করছিলেন বাসের জন্য। তিনি জানালেন, গ্রামের বাড়ি রাজবাড়ীতে যাওয়ার উদ্দেশে এক ঘণ্টা ধরে বসে আছেন। এখনো টিকিট মেলেনি। চেষ্টা চলছে দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট কেনার। গোলাম কাদের বলেন, ‘যত কষ্ট আর অর্থদণ্ড যাক, ঈদে গ্রামের বাড়িতে যাব। বছরে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার এই একটাই সুযোগ। এটা হাতছাড়া করতে চাই না।’