বাড়ির ফটকে ছিনতাইয়ের কবলে মা ও মেয়ে
ছিনতাই শেষে অস্ত্রের মুখে তরুণীকে তুলে নিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়ায় দুর্ঘটনায় পড়ে ছিনতাইকারীদের গাড়িটি। গাড়ি ফেলে তিন ছিনতাইকারী পালিয়ে গেলেও একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজধানীর বনানী এলাকায় এ ঘটনা ঘটে।ছিনতাইকারীদের গাড়িটি থেকে তিনটি গুলি ও ম্যাগজিনসহ একটি নাইন এমএম পিস্তল, পাঁচটি চাপাতি, তিনটি ছুরি, ১০টি মুঠোফোন ও কয়েকটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। আহত ছিনতাইকারীকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১১টার দিকে বনানীর ডি-ব্লকের ১৫ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ওই বাড়ির বাসিন্দা মা ও মেয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির ফটকে এসে নামার সময় পিছু নেওয়া ছিনতাইকারীদের কবলে পড়েন। অটোরিকশা থেকে নামতে না নামতেই চার ছিনতাইকারী তাঁদের ঘিরে ধরে। অস্ত্রের মুখে ব্যাগসহ সবকিছু ছিনিয়ে নেয় তারা। তড়িঘড়ি করে মেয়ের গায়ের সব গয়না নিতে না পেরে তাঁকেও অস্ত্রের মুখে গাড়িতে তুলে নেয় ছিনতাইকারীরা। তাঁকে নিয়ে যাওয়ার পর মা চিৎকার করতে থাকেন। তখন লোকজনও ‘ধর’ ‘ধর’ বলে ধাওয়া করলে ১৫ নম্বর সড়কের মাথায় মোড় ঘোরার সময় দি সিটি স্কুলের সামনের একটি গাছের গুঁড়িতে আঘাত লেগে দুমড়েমুচড়ে যায় গাড়ির সামনের অংশটি। এরপর গাড়ি থেকে নেমে তিন ছিনতাইকারী পালিয়ে যায়। তখন একজনকে ধরে পিটুনি দেয় জনতা। দুর্ঘটনায় মেয়েটি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তাঁর ব্যবসায়ী স্বামী। তিনি জানান, তাঁর স্ত্রী প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন। তাঁরা ধারণা করছেন, তাঁর স্ত্রীর গায়ের ইমিটেশনের গয়নাকে সোনার গয়না ভেবে সেগুলো লুট করতেই তাঁকে গাড়িতে তুলে নিয়েছিল ছিনতাইকারীরা।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন প্রথম আলোকে জানান, আহত ছিনতাইকারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রাতেই এই দলটিই গুলশানে আরেকটি ছিনতাই করেছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।বনানীর ১৫ নম্বর সড়কের নিরাপত্তাকর্মী ইয়াকুব জানান, গত বৃহস্পতিবার ১৫ নম্বর সড়কের একটি বাসায় গাড়ি পার্কিং এলাকা থেকে গাড়ি আরোহী পাঁচজনের সবকিছু ছিনতাই করে দুর্বৃত্তরা। তাঁরা গাড়ি থেকে নামামাত্রই ছিনতাইকারীদের কবলে পড়েন।এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান ১ নম্বরে সন্ত্রাসীদের গুলিতে আহত হন পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান। রুপালি রঙের একটি গাড়ির আরোহী ছিনতাইকারীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। গতকাল দুর্ঘটনায় পড়া ছিনতাইকারীদের গাড়িটি ছিল রুপালি রঙের একটি বিলাসবহুল টয়োটা এক্স এক্সিও।