বাড়ির মালিকদের আইনের আওতায় আনার দাবি
বাড়িভাড়া আইন অমান্যকারী মালিকদের ফৌজদারি দণ্ডবিধির আওতায় আনার দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ নামের একটি সংগঠন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। একই সঙ্গে পদ্মা সেতুর জন্য বাড়ির মালিকদের কাছ থেকে রাজস্ব আদায়ের দাবি জানানো হয়েছে। ভাড়াটিয়া পরিষদের আলোচনার ধারণাপত্রে এসব দাবি জানানো হয়। আয়োজক সংগঠনের সভাপতি বাহরানে সুলতান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এতে বলা হয়, বাড়িভাড়ার ওপর প্রত্যক্ষ কর আরোপ করে পদ্মা সেতু নির্মাণের অর্থায়ন সম্ভব। বাড়িভাড়া আইন ১৯৯১ বাস্তবায়ন, প্রকাশ্য ঘোষণার মাধ্যমে প্রতি বর্গফুট অনুযায়ী বাড়িভাড়া নির্ধারণ ও তা বাস্তবায়ন বাধ্যতামূলক করার দাবি জানিয়ে আরও বলা হয়, ঢাকা শহরে দুই থেকে আড়াই লাখ বাড়ির মালিক প্রায় দেড় কোটি মানুষকে জিম্মি করে রেখেছে। অথচ এ বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই। বাড়িভাড়া আইন অনুযায়ী, বাড়ির মালিক দুই বছরের মধ্যে কোনো ভাড়া বাড়াতে পারেন না। এক মাসের অতিরিক্ত কোনো অগ্রিম নিতে পারেন না। কিন্তু এসব মানা হয় না। ঢাকা সিটি করপোরেশনকে ১০টি কর অঞ্চলের ৭৭৩টি এলাকার ভাড়ার হার নির্ধারণ করা থাকলেও তা মালিকেরা মানেন না। এসব তদারকিরও কোনো ব্যবস্থা নেই। পরিষদের সদস্য সৈয়দ নুরুদ্দীন আহমেদ ‘ধারণাপত্র’ পড়ে শোনান। এ বিষয়ে সরকারের টনক নড়াতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ভাড়াটিয়াদের একাধিক সংগঠন না করে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। গুলিস্তান থেকে গাবতলী পর্যন্ত যদি মানববন্ধন করা যায়, তাহলে সরকার শুনবে। শুধু আলোচনা করে কোনো লাভ হবে না। সিটি করপোরেশনকে বাড়িভাড়া নির্ধারণের দায়িত্ব দেওয়া হলেও এখন পর্যন্ত করপোরেশন সে দায়িত্ব স্বীকার করেনি বলে তিনি অভিযোগ করেন।