বাড়ির সামনে একজনকে কুপিয়ে হত্যা
রাজশাহীর পবা উপজেলায় আজ সোমবার সকালে নিজ বাড়ির সামনে আতাউর রহমান (৩০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর বাবার নাম আক্কাস আলী। তাঁর বাড়ি উপজেলার কাটাখালী পৌর এলাকার বাখরাবাজ মোল্লাপাড়া মহল্লায়। আতাউর রহমান তিন সন্তানের জনক। আতাউরের বোন আক্তার বানু প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল আটটার দিকে কয়েকজন লোক এসে তাঁর ভাইয়ের ওপর হামলা চালায়। তিনি তখন তাদের বলেছেন, আতাউর কোনো অন্যায় করে থাকলে তাঁকে পুলিশে ধরিয়ে দিন। কিন্তু দুর্বৃত্তেরা তাঁর কথা শোনেনি, বাড়ির সামনে তাঁকে কুপিয়ে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে মতিহার থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। আতাউরদের প্রতিবেশীরা বলেছেন, নিজেদের আত্মীয়-স্বজনেরাই পারিবারিক কলহের জের ধরে আতাউরকে হত্যা করেছে।তবে আতাউরের বাবা আক্কাস আলী দাবি করেছেন, এটি পারিবারিক ঘটনা নয়। তিনি হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন।এ ব্যাপারে জানতে চাইলে ঘটনাস্থল থেকে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন কয়েকজনের নাম তিনি পেয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে এজাহার পেলে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবেন।