বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বাবা-ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো গোলাপ খান (৯০) ও তাঁর ছেলে ঘোলখার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইসমাইল খান (১৪)। ধরখার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এনামুল হক প্রথম আলো ডটকমকে জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধে ঘোলখার গ্রামের আসমত আলী ও রুসমত আলীর বাড়ির লোকজনের সঙ্গে গোলাপ খানের বাড়ির লোকজনের সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের রামদায়ের কোপে গোলাপ খান, ছেলে ইসমাইল খানসহ তাঁদের বাড়ির অন্তত ১৫ জন আহত হয়। গোলাপ খানের পরিবারের লোকজনের দাবি, আহত ব্যক্তিদের সবার মাথায় কোপের আঘাত রয়েছে। সংঘর্ষে গোলাপ খানের আরও তিন ছেলে, এক মেয়ে ও তিন নাতি আহত হয়। গুরুতর অবস্থায় গোলাপ খানের ছেলে মুজিবুর খানকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও মেয়ে মাসুদা খানমকে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত গোলাপ খানের নাতি নূরে আলমের ভাষ্য, গুরুতর আহত অবস্থায় গতকাল রাতে গোলাপ খান ও তাঁর দুই ছেলে মুজিবুর খান ও ইসমাইল খানকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আড়াইটার দিকে ইসমাইল খান ও পৌনে চারটার দিকে গোলাপ খান মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন মুজিবুর খান ও কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন মাসুদা খানমের অবস্থা আশঙ্কাজনক। মুঠোফোনে আসমত আলী ও রুসমত আলীর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।