পটুয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ক্রমশ রোগীদের ভিড় বাড়ছে। কিন্তু বাড়েনি চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকবল। এ হাসপাতালে ৬৯ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন ১৪ জন।১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সরেজমিনে জেনারেল হাসপাতালে দেখা গেছে, দূরদূরান্ত থেকে আগত নারী-পুরুষেরা চিকিৎসাসেবা নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন, তাঁদের টিকিট দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মচারীরা। শুধু টিকিটের জন্য নয়, চিকিৎসকের রুমের সামনে গিয়েও অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। এ সময় হেতালিয়া বাঁধঘাট এলাকার মরিয়ম বেগম (২৮) বলেন, ‘দেড় মাসের ছেলে মুশফিককে নিয়ে এসেছি। কয়েক দিন ধরে জ্বর ও কাশি ছিল। ডাক্তার দেখছে, ওষুধ লেইখ্যা দিছে। ওষুধও কিছু পাইছি। কইছে সাত দিনের মধ্যে জ্বর না কমলে আবার আনতে হইবে।’বশাক বাজার এলাকার অ্যাজমা রোগী সালাহউদ্দিন (৬৫) বলেন ‘মোরা গরিব মানুষ। সরকারি হাসপাতাল ছাড়া যাওনের কোনো জায়গা নাই। সাত দিন আগে আইছিলাম। ডাক্তার দেহাইছি। একটু ভালো বুঝছি, আবার আইতে কইছে, তাই আইজ আইছি। ডাক্তার দেহাইতে পারছি, তয় সব ওষুধ এহান থ্যাইক্যা পাই নাই।’সদর উপজেলার শাখারিয়া গ্রামের হামেদ আলী (৫৫) বলেন, ‘আগে একবার এ হাসপাতালে আইছিলাম। ডাক্তার ভালোভাবে দ্যাহে নাই। এক পদের ট্যাবলেট দিছিল। কিছু বুঝি নাই। তয় আইজকা দেইখ্যা দুই পদের ওষুধ দিছে। আর যা ওষুধ লাগবে হেই ওষুধ এই হাসপাতালে নাই।’হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যার সদর হাসপাতালটি ১৯৯৬ সালে ১৫০ শয্যায় উন্নীত করা হয়। পরে ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি এটি ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রূপান্তর করা হয়। কিন্তু অবকাঠামোগত উন্নতি হলেও লোকবলের কোনো উন্নতি হয়নি। বরং ১০০ শয্যা থাকাকালে যে লোকবলের ঘাটটি ছিল তা দিয়েই ২৫০ শয্যার এ হাসপাতাল চলছে।হাসপাতালে প্রস্তাবিত ও অনুমোদিত ৬৯ জন চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র ১৪ জন। এর মধ্যে তত্ত্বাবধায়ক, সহকারী পরিচালক ও সিনিয়র কনসালট্যান্টের ১০টি পদ থাকলেও শুধু শিশুবিষয়ক বিশেষজ্ঞ ছাড়া অন্য নয়টি পদ শূন্য। শূন্য পদগুলো হচ্ছে সার্জারি, ইএনটি, মেডিসিন, গাইনি, অ্যানেসথেসিয়া, আই, ডেন্টাল, কার্ডিওলজি ও অর্থোপেডিক।জুনিয়র কনসালট্যান্টের ১১টি পদে কর্মরত আছেন দুজন। এ ছাড়া আবাসিক চিকিত্সা কর্মকর্তা দুটি, আবাসিক চিকিৎসক একটি, আবাসিক সার্জন একটি, অ্যানেসথেসিস্ট তিনটি, রেডিওলজিস্ট একটি, ইএমও/সহকারী সার্জন চারটি, সেবা তত্ত্বাবধায়ক একটি, চিকিৎসা কর্মকর্তার (আয়ু/ইউনানী/হোমিও) একটি পদ শূন্য রয়েছে, তবে সহকারী রেজিস্ট্রার/সহকারী সার্জনের ১৪টি পদে কর্মরত আছেন পাঁচজন। নয়টি পদই শূন্য রয়েছে। চিকিৎসা কর্মকর্তার (বিষয়ভিত্তিক ) ১৬টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র তিনজন, ১৩টি পদই শূন্য।এদিকে এ হাসপাতালে দ্বিতীয় শ্রেণীর তিনটি পদের মধ্যে কর্মরত আছেন একজন, তৃতীয় শ্রেণীর ১৩৪টি পদের মধ্যে কর্মরত আছেন ৮৪ জন, শূন্য রয়েছে ৫০টি পদ এবং চতুর্থ শ্রেণীর ১০৬টি পদের মধ্যে কর্মরত আছেন ৪৫ জন, শূন্য আছে ৬১টি পদ।হাসপাতালে একটি পুরোনো অ্যাম্বুলেন্স রয়েছে, তবে মাঝেমধ্যে এটি বিকল হয়ে পড়ে। একটি নতুন অ্যাম্বুলেন্সের জন্য লিখিত আবেদন করা হলেও তা পাওয়া যায়নি।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জিয়াউল করিম বলেন, ‘আগের চেয়ে হাসপাতালের পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। ২৫০ শয্যার জন্য ওষুধ ও রোগীর খাবার বরাদ্দ পেলেও চিকিৎসকের শূন্য পদগুলো পূরণ না হওয়ায় চিকিৎসাসেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের সীমানাপ্রাচীর নিচু হওয়ায় ছোটখাটো চুরির অভিযোগও পাওয়া যাচ্ছে। হাসপাতালের নিরাপত্তার জন্য সীমানাপ্রাচীর আরও উঁচু করে কাঁটাতারের বেড়া দেওয়া প্রয়োজন। চাহিদা আনুযায়ী চিকিৎসক ও অন্যান্য লোকবল পাওয়া গেলে সেবার মান আরও উন্নত হবে।’