বায়তুল মোকাররমে মিছিল হয়নি, লালবাগ, কামরাঙ্গীরচরে বিক্ষোভ
হেফাজতে ইসলামের আহ্বানে গতকাল শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষিপ্ত মিছিল বের করেছে কয়েকটি ধর্মভিত্তিক দল। তবে রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে কোনো মিছিল বের হয়নি। অবশ্য ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ কয়েকটি স্থানে বিক্ষোভ-সমাবেশ করেছে তারা।কওমি মাদ্রাসাকেন্দ্রিক আলেমদের সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ ৯ মার্চ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে আল্লাহ, মহানবী (সা.) ও ইসলামের অনুশাসনের অবমাননাকারী কথিত ব্লগারদের শাস্তির দাবিতে দেশের সব মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়।এই কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদের চারপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ হাইকোর্টের সামনে কদম ফোয়ারা ও দৈনিক বাংলা মোড়ে বেষ্টনী দিয়ে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। সকাল থেকেই জিরো পয়েন্ট ও পুরানা পল্টন বায়তুল মোকাররম এলাকায় চলাচলকারী সন্দেহভাজন পথচারীদের দেহ তল্লাশি করা হয়। এ ছাড়া পুরানা পল্টন, ফকিরাপুল, গুলিস্তান, হাইকোর্ট মাজার, সেগুনবাগিচা এলাকার মসজিদগুলোর সামনে পুলিশ অবস্থান নেয়।সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের নেতারা এক বিবৃতিতে অভিযোগ করেন, মুফতি আহমদ শফীর আহ্বানে সাড়া দিয়ে ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতা গতকাল বায়তুল মোকাররম মসজিদে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ, র্যাব ও সরকারের ‘সন্ত্রাসী’ বাহিনী মসজিদের চারপাশে যুদ্ধংদেহী অবস্থান নেয়। ফলে হাজার হাজার মুসল্লি অন্য মসজিদে নামাজ পড়তে বাধ্য হন। তাঁরা এর নিন্দা জানান।লালবাগ: জুমার নামাজের পর লালবাগের শাহি মসজিদ থেকে মিছিল বের করে পুরান ঢাকার চকবাজার এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা। বিকেলে দলের লালবাগের কার্যালয়ে সভা করেন তাঁরা।সভায় দলটির নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকার ইসলাম ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে। মহানবীর (সা.) অবমাননাকারী ব্লগারদের ব্যাপারে লোক দেখানো তদন্ত কমিটি করে ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতাকে ধোঁকা দেওয়ার হীন পন্থা বেছে নিয়েছে। সভায় আগামী ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ প্রমুখ।জুমার নামাজের পর কামরাঙ্গীরচরে জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করে মাদ্রাসার মাঠে সমাবেশ করে। সেখানে ধর্মভিত্তিক সাতটি দল ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে খেলাফত আন্দোলনের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেন, ‘সরকারের হত্যা, খুন, মামলা, হামলা ও ইসলামবিরোধী কর্মকাণ্ডে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।’ সবাইকে সরকার পতনের এক দফার আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।সমাবেশে ইসলামী ঐক্যজোট, জামিয়াতে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফতে ইসলামী ও উলামা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।২৩ মার্চ মতিঝিলে পাল্টা সমাবেশ: ২৩ মার্চ মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের ডাকা সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুব সংগঠন ‘খেলাফত যুব আন্দোলন’।গতকাল এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ১০ হাজার যুবক কাফনের কাপড় পরে ওইদিন সকালে শাপলা চত্বরে সমবেত হবেন। বিবৃতিতে বলা হয়, ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের আমির মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ আল্লাহ ও মহানবীর (সা.) অবমাননাকারী নাস্তিক ব্লগারদের পক্ষ নিয়েছেন। তাই তাঁর পেছনে নামাজ পড়া ও তাঁর কাছ থেকে হাদিসের সনদ নেওয়া জায়েজ হবে না।মতবিনিময় সভা: বরিশাল চরমোনাই মাদ্রাসা মিলনায়তনে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মসজিদের ইমাম ও খতিবেরা ইসলামবিরোধী নাস্তিক ব্লগারদের বিপক্ষে কথা বলবেন, এতে যারা বাধা দেবে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।