বায়রা ও মন্ত্রণালয় কেউ কারো প্রতিপক্ষ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা ও মন্ত্রণালয় কেউ কারও প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির প্রক্রিয়ায় বায়রাকে (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ) অন্তর্ভুক্ত করা হবে কি না—এ প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘আমরা সরকারিভাবে লোক পাঠিয়ে মানদণ্ড ঠিক করে নেব। এরপর দুই দেশ মিলে আমরা বেসরকারি পর্যায়ে বায়রাকে অন্তর্ভুক্ত করতে পারি।’ তিনি আরও বলেন, ‘বায়রা জনশক্তি রপ্তানি বন্ধ করে দিক বা অন্য যেকোনো কঠোর কর্মসূচিই দিক না কেন, এখান থেকে আমাদের সরে আসার কোনো সুযোগ নেই।’ বায়রার নেতাদের বিষয়ে মন্ত্রী বলেন, ‘যখন তাঁরা সময় চাইবেন, তখনই সময় দেওয়া সম্ভব নাকি? মন্ত্রীর অনেক কাজ থাকে। এখন তাঁরা আবার সময় চাইলে আর আমার সময় থাকলে আলোচনায় বসতে পারি বায়রার সঙ্গে।’ মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর দাবি ওই দেশের সরকারই প্রথম তুলেছিল। সরকারিভাবে লোক না পাঠালে মালয়েশিয়ায় শ্রমবাজার চালুর কোনো সম্ভাবনা ছিল না। তাই দুই দেশ জিটুজি পদ্ধতিতে লোক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কোন পদ্ধতিতে লোক পাঠানো হবে, তা সরকার ঠিক করবে। মালয়েশিয়ার শ্রমবাজারে লোক পাঠানোর পদ্ধতি সম্পর্কে মন্ত্রী বলেন, সরকারি তথ্যভান্ডারে নাম নিবন্ধন করতে হবে। কোন জেলা থেকে বেশি লোক যায়, কোন জেলা থেকে কম যায়, সেগুলো সমন্বয় করে সমানুপাতিকভাবে লোক পাঠানো হবে বলে জানান তিনি। কত খরচ হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, যদি তাঁরা বিমানভাড়া না দেয়, তাহলে ৪০ থেকে ৫০ হাজার টাকা লাগবে। যদি নিয়োগকর্তা বিমানভাড়া দেয়, তাহলে ১৫ থেকে ২০ হাজার টাকায় লোক পাঠানো সম্ভব।সংবাদ সম্মেলনে সচিব জাফর আহমেদ খান, বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।