বায়রার নির্বাচনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টের জয়, প্রতিপক্ষের বর্জন
জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট জয় লাভ করেছে। প্রতিপক্ষ গণতান্ত্রিক ফ্রন্ট ভোটারদের ভয়ভীতি ও মারধরের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন। রাজধানীর নিউ ইস্কাটন রোডে ‘বায়রা ভবনে’ আজ শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।২০১০-২০১২ সময়কালের জন্য এ নির্বাচনে বায়রার দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃত্ব দেন বায়রার বর্তমান সভাপতি ও প্রান্তিক ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের মালিক গোলাম মুস্তফা। সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতৃত্ব দেন সরকার রিক্রুটিং এজেন্সির মালিক ও যুবলীগের ঢাকা মহানগরের উত্তরের সভাপতি আবুল বাশার। স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাতজন। মোট প্রার্থী ৬১ জন।বায়রা সূত্র জানায়, নির্বাচনে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্ট পায় ৩২৯ ভোট। ফলে সমন্বয় ফ্রন্ট ২৭টি প্যানেলেই জয় লাভ করে।সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী গোলাম মুস্তফা অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন সকাল বেলায় বায়রার সামনে এসে হইচই করেন। অনেককে ভয়-ভীতি দেখানো হয়। রুহুল আমিন ও জাকরউদ্দিন পটোয়ারি নামে কয়েকজনকে মারধর করা হয়। এসব কারণে তাঁদের পক্ষের ১২১ জন ভোট দিতে পারেননি। তাই তিনি এ নির্বাচন বর্জন করেছেন।তবে আবুল বাশার এ অভিযোগ অস্বীকার বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটাররা তাঁর পক্ষে ভোট দিয়েছেন। তাই তিনি জয়ী হয়েছেন।বায়রা সূত্র জানিয়েছে, সংগঠনের গঠনতন্ত্র অনুয়ায়ী নির্বাচিত প্যানেল তাঁদের মধ্য থেকে একজন সভাপতি, একজন ঊর্ধ্বতন সহসভাপতি, দুজন সহসভাপতি, একজন মহাসচিব, তিনজন যুগ্ম মহাসচিব, একজন সাংস্কৃতিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন জনসংযোগ সম্পাদকসহ মোট ১১ জন কর্মকর্তা নির্বাচন করবেন।