বায়ুদূষণের জন্য কারখানাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বায়ুদূষণের অপরাধে একটি কারখানাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল। আজ মঙ্গলবার নগরের বায়েজীদ বোস্তামী এলাকায় ইসলাম স্টিল মিলস লিমিটেডকে এই জরিমানা করা হয়।অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইসলাম স্টিল মিলস লিমিটেড নামের প্রতিষ্ঠানটি আগে একটি রি রোলিং কারখানা ছিল। কিন্তু পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটিকে স্টিল মিলে রূপান্তর করা হয়। দূষণ-নিরোধক যন্ত্রপাতি স্থাপন না করায় প্রতিষ্ঠানটি মারাত্মক বায়ুদূষণ করছে, যে কারণে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।এ প্রসঙ্গে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী জানান, এই স্টিল মিল মারাত্মক বায়ুদূষণকারী লাল শ্রেণীভুক্ত কারখানা। এর চুল্লি থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই জরিমানার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে তাদের এই পরিবেশ-দূষণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কারখানাটি দূষণ রোধে ব্যবস্থা না নেয়, তাহলে বিদ্যুত্, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে সতর্কও করা হয়।এদিকে, গত সোমবার মুনীর চৌধুরী নগরের খুলশী এলাকায় পাহাড় কাটার অপরাধে নুরুন্নবী ভূঁইয়া নামের এক ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।